জনসমাগম স্থানে ধূমপানের দণ্ড ৩০০ টাকা করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসমাগমের স্থানে (পাবলিক প্লেস) ধূমপানের অর্থদণ্ড ৩০০ টাকা করার সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৪ মার্চ স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ধূমপান ও তামাক দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিল-২০১৩ সংসদে উত্থাপন করেন। আজ বিলটি নিয়ে কমিটির বৈঠকে আলোচনা হয়। বিলে জনসম্মুখে ধূমপানের অর্থদণ্ড ৩০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। উত্থাপিত বিলে ধূমপানের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করার প্রস্তাব আন্তর্জাতিক ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফটিসি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, কমিটি তা আইন মন্ত্রণালয়কে খতিয়ে দেখতে বলেছে। বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের বলেন, ‘ঢাকার বাইরে কয়েকটি সিটি করপোরেশনে ধূমপানের শাস্তি হিসেবে ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। সিটি করপোরেশন পুলিশ আইনে এ ব্যবস্থা রয়েছে। এ জন্য কমিটি বিলে প্রস্তাবিত অর্থদণ্ড বাড়ানোর সুপারিশ করেছে।’ তিনি আরও জানান, বিলে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করতে বলা হয়েছে। কমিটি তামাকজাত পণ্য উত্পাদনকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও নিষিদ্ধের সুপারিশ করেছে। বৈঠকে কমিটির সদস্য মোহাম্মদ আমানউল্লাহ ও মুরাদ হাসান এবং বিশেষ আমন্ত্রণে অংশ নেন সাংসদ সাবের হোসেন চৌধুরী।