জনসমুদ্রের আকাশে একুশে নক্ষত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রে বসে একদিন লিখেছিলাম। যাচ্ছিলাম সেন্ট মার্টিন দ্বীপে, জাহাজে। ল্যাপটপ খুলে লিখে ফেলে ই-মেইলে পাঠিয়ে দিয়েছিলাম প্রথম আলোয়। বইমেলায় একুশে ফেব্রুয়ারির সন্ধ্যায় মিডিয়া সেন্টারে বসে লিখতে গিয়ে সেই কথাটাই মনে পড়ল। জনসমুদ্রে বসে লিখছি। চারদিকে সমুদ্রসফেন—জীবনের, প্রাণের, পাঠকের, মানুষের। ৬০ বছর আগে যে তরুণেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সমবেত হয়েছিলেন, তাঁদের কথা ভাবছি বাংলা একাডেমীর আমতলায় বসে। ওই দিন ওই তরুণেরা গুরুজনের নিষেধ অমান্য করে ১৪৪ ধারা ভঙ্গ করেছিলেন, নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন বলেই পেলাম রাষ্ট্রভাষা, ভাষারাষ্ট্র আর পেলাম ভাষার মাস এই ফেব্রুয়ারি। পেলাম অমর একুশে গ্রন্থমেলা। আজ এই মেলায় কত বই বেরোচ্ছে, কত পাঠক আসছেন, কত তার প্রচার-প্রচারণা। এই রকম একটা সৃজনশীলতার মাস আমরা কোথায় পেতাম, যদি না থাকত আমার ভাইয়ের রক্তে রাঙানো এই একুশে ফেব্রুয়ারি। জানি, সব বই ভালো বই নয়, কিন্তু মাথার ওপরে আমগাছটায় যত মুকুল এসেছে, সবগুলো থেকে তো ফল হবে না। হয় না। আমাদের প্রকাশকদের উচিত আরেকটু যত্ন করে বই বের করা, পাণ্ডুলিপি সম্পাদনা করা, বইগুলো মানসম্মত ও নির্ভুল করে তোলা— এ আমাদের হূদয়ের আকুতি ।কী কোলাহল চারদিকে! পেছনে বর্ধমান হাউস, গভর্নর হাউস; ১৯৪৮ সালে, ১৯৫২ সালে এই গভর্নর হাউসের সামনে রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার দাবিতে কত মিছিল হয়েছিল! যারা ভোর এনেছিল বইটির জন্য সেসব কথা বারবার পড়তে হয়েছে। ১৯৭১ সালে এই বর্ধমান হাউসের ওপরে বোমা ফেলে পাকিস্তানিদের আত্মসমর্পণ ত্বরান্বিত করা হয়েছিল, সে কথাও মনে পড়ছে। এরই ফাঁকে মনে পড়ছে রবীন্দ্রনাথের সেই উক্তি, যা তিনি বলেছিলেন লাইব্রেরি সম্পর্কে, মহাসমুদ্রের সহস্র বৎসরের কোলাহলকে বইয়ের মধ্যে, পাঠাগারের মধ্যে নীরবে বন্দী করে রাখা হয়েছে। এই যে চারদিকে মানুষের কোলাহল, তার সঙ্গে যদি বইমেলার বইগুলোর কথাগুলো সরব হয়ে ওঠে, কী হবে?মাইক্রোফোনে নতুন প্রকাশিত বইয়ের নাম বলা হচ্ছে, জানানো হচ্ছে নজরুল মঞ্চে আজ কী কী গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। আনিসুজ্জামান মোড়ক উন্মোচন করবেন, জানা গেল। হেঁটে হেঁটে একবার যাই শুদ্ধস্বরের দিকে; এই প্রকাশকের একাধিক বই ভিন্ন ভিন্ন সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছে—অদিতি ফাল্গুনী, মামুন হোসাইন আর প্রশান্ত মৃধার বই—তারই সামনে আড্ডা দিচ্ছেন আরেকজন পুরস্কৃত লেখক পারভেজ হোসেন, সঙ্গে আহমদ মাজহার।ভাষাশহীদদের ভাস্কর্য চত্বরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সরাসরি বইমেলা প্রচারের আয়োজন। বাচ্চাকাচ্চাসহ পুরো পরিবার এসেছে বই কিনতে। ডোরেমন নামের নানা ধরনের বই পাওয়া যায়, সেসব বই হাতে আমার কাছে কেউ কেউ আসে, স্বাক্ষর চায়, আমি বলি, ‘বলো, ম্যায় বহুত খুশ হ্যায়’, ওরা গরগর করে আরও কয়েক লাইন হিন্দি শুনিয়ে দেয়! ‘ডোরেমন’-এর বাংলা কি আমাদের টেলিভিশন চ্যানেলগুলোর কেউ দেখাতে পারে না? একটা প্রজন্ম তাদের ভাষা শেখার বয়সটায় ২৪ ঘণ্টা হিন্দি কার্টুন দেখে হিন্দিতে সুদক্ষ হয়ে উঠছে, অথচ এরা বাংলা জানে না। গতকাল ড. আনিসুজ্জামানকে এক শিশু বলল, ‘আমি তোমাকে টেলিভিশনে দেখেছি।’ স্যার আমাকে বললেন, ‘আমি তো তাহলে ‘‘মশহুর’’, তোমার ভাগনির ভাষায়।’ আমার এক ভাগনি আমাকে বলেছিল, ‘মশহুর’ কথাটার ইংরেজি সে জানে—‘ফেমাস’, বাংলা জানে না। জনসমুদ্রে গর্জন আরও বাড়ছে। আশার কথা হলো, অনেকের হাতেই বই। তবে সবার হাতে নয়। আবার আমগাছের দিকে তাকাই, যত মুকুল তত ফল কোনো দিনও হয় না।৯০ ভাগের বেশি ছেলেমেয়ে এখন স্কুলে যায়; একদিন এই দেশে কোনো একটা বই এক কোটি বিক্রি হবে না? হুমায়ূন আহমেদ স্যারের কথাও মনে পড়ে, নিউইয়র্কে স্যার কেমন আছেন? তাঁর বই খুব বিক্রি হয়, কিন্তু লাখ কপি হয় না, হাজার পঞ্চাশেক হয়তো হয়। ড. মুহম্মদ জাফর ইকবাল কি আজ বইমেলায় এসেছেন? এলে অবশ্য ভক্তদের সামলাতে পুলিশ ডাকতে হতো!রফিক, জব্বার, সালাম, বরকত, শফিউরের পিতলের ভাস্কর্যের ওপর দিয়ে আকাশে তাকাই। জ্বলজ্বল করছে সন্ধ্যাতারা। একুশে হলো আমাদের সেই নক্ষত্র, যা চিরকাল আমাদের পথ দেখিয়েছে অকূল দরিয়ায়। একুশের বইমেলায় লাখো মানুষের ঢল আমাকে মনে করিয়ে দেয় গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের সেই উক্তি—মানুষের পরাজয় নেই, তা এ জন্য নয় যে তার ভাষা আছে, এ জন্য যে তার প্রাণ আছে। বাঙালির ভাষা আছে, তার চেয়েও বড় কথা, বাঙালির আছে প্রাণ।এই জনসমুদ্রে শুনি সেই প্রাণের কল্লোল।বাঙালির পরাজয় নেই।