জনসেবা দপ্তরের সামনে নিউইয়র্কবাসীর বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারিকেন ও ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নাকাল নিউইয়র্কবাসী শহরের জনসেবা দপ্তরের কাজের ধীরগতির প্রতিবাদে গতকাল শনিবার বিক্ষোভ ও সমাবেশ করেছে। ‘দ্য গার্ডিয়ান’-এর খবরে বলা হয়, ঘূর্ণিঝড়ের পর নিউইয়র্ক ও নিউ জার্সির বিকল বিদ্যুতের সংযোগগুলোর অধিকাংশই সচল করা হয়েছে। কিন্তু, জনসেবা দপ্তর সঠিকভাবে কাজ করছে না বলে অভিযোগ করছেন শহরবাসী। নিউইয়র্কের বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে নিয়োজিত লং আইল্যান্ড পাওয়ার অথরিটির (লিপা) বিরুদ্ধে বিক্ষোভকারীদের অভিযোগ, ঘূর্ণিদুর্গত এলাকাগুলোর মধ্যে নিউইয়র্কেই বিদ্যুৎ সংযোগ পুনঃ স্থাপন কাজের অবস্থা সবচেয়ে খারাপ। লিপা বলছে, আসছে মঙ্গলবারের আগে প্রায় এক লাখ ৩০ হাজার বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিদ্যুতের সংযোগ চালু করা সম্ভব হবে না।কর্তৃপক্ষ আশা করছে, এ সপ্তাহের মধ্যে শহরের বেশির ভাগ এলাকায় অন্যান্য সেবা সরবরাহ নিয়মিত করা সম্ভব হবে। কিন্তু, এর পরও কয়েক লাখ বাসা এর আওতার বাইরে থেকে যাবে।নিউইয়র্কের লেভিটাউন থেকে জন ম্যাঙ্গিন জানিয়েছেন, ‘আমরা একটি শীতল বাসায় বসে আছি। কেউ আসছে না। ব্যর্থতার অভিযোগে লিপার প্রধান নির্বাহী কর্মকর্তাসহ পরিচালনা পরিষদের সবার বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা হওয়া উচিত।’ নিউইয়র্কের হ্যাকসভিলে লিপার দপ্তরের সামনে প্রায় ৩০০ মানুষ বিক্ষোভ ও সমাবেশ করে। লিপার প্রধান সম্পাদনা কর্মকর্তা মাইকেল হার্ভি বলেন, জনগণ যে প্রয়োজনীয় তথ্যটুকু পাচ্ছেন না, জনসেবা দপ্তর সেটি জানে। কিন্তু, তিনি এ জন্য পুরোনো তথ্যপ্রযুক্তির ব্যবস্থাকে দায়ী করেন।হার্ভি বলেন, ‘যাঁদের বাসার বিদ্যুতের সংযোগ এখনো চালু হয়নি, তাঁদের মানসিক অবস্থাটি বুঝতে পারছি।’ কিন্তু তিনি বলেন, দুর্গত এলাকায় শ্রমিকেরা আপ্রাণ মেরামতকাজ চালিয়ে যাচ্ছেন। স্বাভাবিক সময়ে প্রতিদিন ২০০ সংযোগ মেরামতকারী কাজ করে থাকেন। কিন্তু, এখন প্রতিদিন ছয় হাজার ৪০০ সংযোগ মেরামতকারী এবং তিন হাজার ৭০০ গাছ কর্তনকারী কাজে নিয়োজিত আছেন। সাফোক কাউন্টির ২৮ হাজার ভোক্তা এখনো বিদ্যুৎহীন অবস্থায় দিন যাপন করছে। কাউন্টির নির্বাহী স্টিভেন বেলওয়ান বলেন, তিনি লিপার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন এবং সরাসরি বিদ্যুত্ উপকেন্দ্রের সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করছেন। নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যানড্রিউ ক্যুমো জনসেবা দপ্তরের কাজের তদন্তের দাবি জানিয়েছেন। জনসেবা দপ্তরকে প্রস্তুতিহীন এবং ব্যবস্থাপনাবিহীন উল্লেখ করে তিনি এর তীব্র সমালোচনা করেন। গত শুক্রবার লং আইল্যান্ডের দুজন কংগ্রেস প্রতিনিধি বিদ্যুৎ সরবরাহ নিয়মিত করতে কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তা চান। নিউইয়র্ক ও এর পাশের শহর ওয়েস্টচেস্টার কাউন্টির ১১ হাজার ৪০০ ভোক্তা এখনো বিদ্যুৎহীন। তবে, শুরুতে এই সংখ্যা ছিল প্রায় ১০ লাখ। তবে ব্রুকলিন, কুইন্স ও স্টেটেন আইল্যান্ডের আরও ৩০ হাজার ভোক্তা বিদ্যুতের সেবার বাইরে রয়েছে। নিউইয়র্কের জনসেবার দায়িত্বে নিয়োজিত কনএডিসন নামের প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখনো অনেক এলাকায় বিদ্যুত্ সরবরাহ চালু করা যায়নি, কারণ ওই অঞ্চলগুলোর অবস্থা খুবই খারাপ।নিউ জার্সির ৮৫ হাজার ভোক্তা গতকাল শনিবারও বিদ্যুত্হীন ছিল। তবে এক লাখ ৮৫ হাজার ভোক্তার সংযোগ মেরামত করা হয়েছে।