জনসেবার জন্য ক্ষমতায় এসেছি, ব্যবসার জন্য নয়: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে জনগণকে সেবাদান ও তাদের জীবনমানের উন্নয়ন করাই হচ্ছে বর্তমান সরকারের প্রধানতম লক্ষ্য। তিনি বলেন, ‘আমরা জনসেবার জন্য ক্ষমতায় এসেছি, ব্যবসা বা অর্থ উপার্জনের জন্য নয়।’ আজ বুধবার প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে পুলিশ সপ্তাহ-২০১১ উপলক্ষে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণকালে এ কথা বলেন।প্রধানমন্ত্রী সন্ত্রাস, জঙ্গিবাদ ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে অভিযানকালে মানবাধিকার সমুন্নত রাখতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় আপনাদের সতর্ক থাকতে হবে যেন মানবাধিকার লঙ্ঘিত না হয়।’শেখ হাসিনা বলেন, ‘জনগণের আস্থা অর্জনে আপনাদের পূর্ণ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখবেন যে জনগণের করের টাকায় আপনারা বেতন পাচ্ছেন।’পুলিশকে জনগণের বন্ধু হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের জাতির স্বার্থে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন।এ প্রসঙ্গে শেখ হাসিনা সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তরিক প্রয়াসের জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান। পুলিশের বিভিন্ন দাবির কথা উল্লে¬খ করে প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর বিদ্যমান সমস্যা সমাধানে তাঁর সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি পুলিশ বাহিনীর সবার জন্য ঝুঁকিভাতাসহ প্রয়োজনীয় সব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। এই বাহিনীর আবাসন ও যানবাহন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, এ ক্ষেত্রে তাঁর সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি শহিদুল হক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার অনুষ্ঠানে বক্তৃতা করেন। বাসস।