জনগণের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলেও অনেক ক্ষেত্রেই এনজিওগুলো তাদের লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে পড়ছে। বিশ্বজুড়ে বেশির ভাগ এনজিও সরকারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত। এতে করে দেশের আনুষ্ঠানিক সেবাকাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে স্থানীয় জনগণ। বিঘ্নিত হচ্ছে বিনা মূল্যের স্বাস্থ্যসেবা। ৭ ও ৮ জুলাই সাউথ আফ্রিকার কেপটাউনে আয়োজিত ‘পিপলস হেলথ অ্যাসেম্বলি’তে বিভিন্ন দেশের স্বাস্থ্যকর্মী ও এনজিও প্রতিনিধিরা সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এনজিওগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করেন। এতে একটি পক্ষের যুক্তি ছিল, সরকার সব জায়গায় পৌঁছতে পারছে না, অনেক জায়গায় এনজিওগুলোই একমাত্র ভরসা। অনেক সময় ইচ্ছে থাকলেও নীতিনির্ধারণী কোনো কাজে সরকার এনজিওগুলোকে সম্পৃক্ত করতে চায় না। আরেকটি পক্ষের যুক্তি ছিল, এনজিওগুলো নিজেদের কখনো কখনো সরকারের চেয়ে বেশি শক্তিশালী মনে করে। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। জনগণের কল্যাণের কথা ভাবে কমই। ৮ জুলাই বাংলাদেশ সময় রাত প্রায় ১২টা পর্যন্ত চলা ‘এনজিওস: দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দি ইভেল’ শীর্ষক অধিবেশনে জার্মানির মেডিকো ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক থমাস গ্যাবোয়ার বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ৫০ হাজার থেকে এক লাখ এনজিও আছে, যারা নিঃস্বার্থভাবে জনগণের জন্য কাজ করছে বলে দাবি করে থাকে। কিন্তু একটু লক্ষ করলেই দেখা যাবে, মানবাধিকার রক্ষার নামে যেসব এনজিও কাজ করছে, তাদের অনেকেই যুদ্ধবাজদের পক্ষে, তাদের অর্থায়নেই তারা চলছে। অনেকে কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থ রক্ষায় বিশ্বজুড়ে টিকা কর্মসূচি বা ওষুধ উৎপাদনে কোটি কোটি টাকা ব্যয় করছে।’ জিম্বাবুয়ের কমিউনিটি ওয়ার্কিং গ্রুপ অন হেলথের প্রতিনিধি ইতাই রুসিকে বলেন, তাঁদের দেশে আন্তর্জাতিক এনজিওগুলো স্থানীয় জনগণকে সম্পৃক্ত করছে না। ২০০৮ সালে তাঁর দেশে কলেরা মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল। আন্তর্জাতিক এনজিওগুলো অর্থকড়ি নিয়ে হাজির হলেও, এলাকার স্বাস্থ্যকর্মীদের কোনো সহযোগিতা নেয়নি। এতে কলেরায় আক্রান্ত মানুষের কাছে সেবা সঠিকভাবে পৌঁছায়নি। সোয়াজিল্যান্ডের ইবফান নামের একটি এনজিওর নির্বাহী পরিচালক জয়েস চানেন্তা বলেন, নানা ধরনের এনজিও রয়েছে। কোনোটি সরকারকে সহযোগিতা করছে, কোনোটি বেসরকারি প্রতিষ্ঠানের মতো কাজ করছে, কোনোটিকে ঠিক কী নামে ডাকা যায়, তা নিয়ে সংশয় আছে। বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত পণ্য যা-ই হোক না কেন, (আরইউটিএফ, শিশুখাদ্য) লভ্যাংশ ব্যয় করছে ছাত্রী বৃত্তি দেওয়াসহ নানা জনকল্যাণমূলক কাজে। এভাবে তারা তাদের উৎপাদিত ক্ষতিকর পণ্যের প্রসার ঘটাচ্ছে। অন্যান্য দেশের আলোচকেরা বলেন, স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ কম। আন্তর্জাতিক সাহায্যের ওপরই রাষ্ট্রগুলো নির্ভরশীল হওয়ায় এনজিওগুলোর কর্মকাণ্ড কোনো কোনো ক্ষেত্রে ক্ষতিকর হলেও তা তারা নিয়ন্ত্রণ করতে পারে না।এদিকে বিভিন্ন এনজিওর সঙ্গে সংশ্লিষ্ট অনেকে বলেন, যেসব জায়গায় সরকার পৌঁছতে পারছে না, সেখানে তারাই স্বাস্থ্যসেবা দিচ্ছে।আফ্রিকার বিভিন্ন দেশে বহু এনজিওকে অর্থায়ন করা হয় শুধু এইচআইভি/এইডস মোকাবিলায়—এমন সমালোচনার পরিপ্রেক্ষিতে উগান্ডার জর্জ তামউয়েসিগাই ওয়াকুকিরোরু বলেন, এত অর্থায়ন সত্ত্বেও বহু মানুষের কাছেই সেবা এখনো পৌঁছানো যায়নি। মেডিকাস মুন্ডির অ্যাঙ্গোলা অঞ্চলের কর্মকর্তা জেমা সালভেত্তি বলেন, ‘আমরা অ্যাঙ্গোলার প্রত্যন্ত অঞ্চলে কৃমিনাশক বড়ি সরবরাহ করেছি। এই সাধারণ ওষুধটির সঙ্গে এই অঞ্চলের লোকজন পরিচিত ছিল না।’