জনস্বার্থ ছাড়া গাড়ি রিকুইজিশন না করতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনস্বার্থ ছাড়া কোনো গাড়ি রিকুইজিশন না করতে সরকার ও পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি গাড়ি রিকুইজিশনের সময় মালিক বা চালককে হয়রানি না করতেও বলা হয়েছে। রিকুইজিশন করা গাড়ির মালিক বা চালককে বর্তমান হারে গাড়ির ভাড়া পরিশোধ ও গাড়ির কোনো ক্ষতি হলে সাত দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশনা দিয়েছেন আদালত। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা একটি রিটের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার এ তিনটি নির্দেশনাসহ মোট পাঁচটি নির্দেশনা দেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিটটি করা হয়।একই সঙ্গে আদালত গাড়ি রিকুইজিশন-সংক্রান্ত ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ১০৩(ক) ধারাটি কেন বেআইনি ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং ট্রাফিক বিভাগের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের উপকমিশনারদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই পাঁচ দফা নির্দেশনা দিয়ে আদালত রিটের ওপর শুনানির জন্য আগামী ৭ জুন তারিখ ধার্য করেছেন।আদালতের অপর দুটি নির্দেশনার একটি হলো, রিকুইজিশন করা গাড়ি কোনো সরকারি কর্মকর্তা ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া ‘রাজধানীতে গাড়ি রিকুইজিশন নিয়ে পুলিশ-ক্যাবচালক সংঘর্ষ: গ্রেপ্তার ৮’ শিরোনামে গত ১৪ মে পত্রিকায় প্রকাশিত সচিত্র প্রতিবেদনে যে পুলিশের তিন কর্মকর্তার ছবি ছাপা হয়েছে তাঁদের নাম, বর্তমান অবস্থান ও ট্যাক্সিচালকের নাম-ঠিকানা আগামী তিন দিনের মধ্যে আদালতে দাখিল করতে ঢাকার পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়।গাড়ির মালিক ও চালকদের হয়রানি বন্ধে এবং গাড়ি রিকুইজিশন-সংক্রান্ত আইনের বৈধতা চ্যালেঞ্জ করে এইচআরপিবির দুই সদস্যের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিটটি দায়ের ও গতকাল শুনানি করেন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার।শুনানিতে মনজিল মোরসেদ বলেন, বর্তমানে পর্যাপ্ত গাড়ি ভাড়ায় পাওয়া যায়। কিন্তু রিকুইজশিন-সংক্রান্ত আইনটি মানুষের অধিকার ক্ষুণ্ন, বিভিন্নভাবে গাড়ির মালিক ও চালকদের হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহূত হওয়ায় তা বাতিলযোগ্য। এ আইনের মাধ্যমে গাড়ি রিকুইজিশন করে কতিপয় কর্মকর্তার ব্যক্তিগত কাজে তা ব্যবহূত হচ্ছে।রিট শুনানিতে আইনি সহায়তার জন্য গতকাল জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, এম আমীর-উল ইসলাম, আজমালুল হোসেন কিউসি, এ এফ এম মেজবাহ উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহাবুব হোসেন বা সম্পাদক এম বদরুদ্দোজাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।