এনএসটিসির বৈঠকে প্রধানমন্ত্রী
জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কয়লা উত্তোলনে সিদ্ধান্ত নেওয়া হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিবেশ এবং জনসাধারণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকার কয়লা উত্তোলনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এ-সংক্রান্ত যেকোনো প্রস্তাবনা বাস্তবায়নের আগে তার ভালোমন্দ দিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। গতকাল রোববার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদের (এনএসটিসি) ষষ্ঠ সভায় সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে যথেষ্ট কয়লা রয়েছে। খনি থেকে কয়লা উত্তোলনের প্রক্রিয়া পর্যবেক্ষণ করে আসার জন্য তাঁর সরকার জার্মানিতে একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছিল। তারা দেখে এসেছে জার্মানিতে বিস্তীর্ণ অনাবাসিক এলাকা থাকার কারণে উন্মুক্ত পরিবেশে খনি থেকে কয়লা তোলা সম্ভব হচ্ছে। কিন্তু বাংলাদেশে খনি এলাকার পাশেই ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে। শেখ হাসিনা বলেন, ‘খনি থেকে কয়লা তোলার কাজ শুরুর আগে আমাদের খনিসংলগ্ন এলাকার ঘরবাড়ি ও জমিজমার সম্ভাব্য ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করতে হবে।’ তিনি বলেন, জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে তাঁর সরকার কোনো সিদ্ধান্ত নেবে না।প্রধানমন্ত্রী বলেন, কয়লা উত্তোলনের পর খনিতে যে শূন্যতা তৈরি হবে, সে জায়গা কীভাবে ভরাট করা হবে, তা অবশ্যই ভেবে দেখতে হবে। ফলে তাঁদের পক্ষে কয়লানীতির বিষয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না।বিদ্যুৎ পরিস্থিতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা সর্বশেষ ক্ষমতা ছাড়ার সময় বিদ্যুৎ পরিস্থিতি যেমন ছিল, এখনো তেমন আছে। বিগত বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার বিদ্যুৎ বিভাগের কোনো উন্নয়ন করেনি। তিনি বলেন, বিদ্যুৎসংকট মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা একযোগে কাজ করছেন এবং তাঁর বিশ্বাস অচিরেই এ সমস্যার সমাধান সম্ভব হবে।তিনি দেশের সব গবেষণা প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সেখানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা প্রতিস্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, সুুষ্ঠু গবেষণাকাজের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা দরকার।প্রধানমন্ত্রী ওই সভায় এনএসটিসির নিজস্ব ভবনের জন্য আলাদা জায়গা বরাদ্দ দেওয়ারও আশ্বাস দেন। সভায় এনএসটিসির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহুল হক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।