জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য প্রকাশ আইন অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি সংক্রান্ত তথ্য কেউ সরবরাহ করলে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার জন্য জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য প্রকাশ আইন, ২০১০ অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই আইনের খসড়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল বা অসত্য তথ্য দেওয়ার ক্ষেত্রে শাস্তির প্রস্তাব রয়েছে।গতকাল সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইন অনুমোদন করা হয়।আইনমন্ত্রী শফিক আহমেদ এ বিষয়ে গতকাল প্রথম আলোকে বলেন, এ আইনে সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানেরই দুর্নীতির বিষয়ে তথ্য সরবরাহকারীর নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, ‘কোনো অফিসে বা প্রতিষ্ঠানে, কোনো মন্ত্রণালয়ে যদি কেউ ঊর্ধ্বতন কর্মকর্তা বা কর্মচারী অথবা অন্য কোনো কর্মচারীর দুর্নীতির তথ্য আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরবরাহ করেন, তাহলে যিনি তথ্য বা খবরটি সরবরাহ করলেন, তাঁর প্রটেকশনের জন্য আইনটি করা হয়েছে। তাঁর যাতে কোনো সমস্যা না হয়, কেউ যেন তাঁর বিরুদ্ধে কোনো অন্যায়-অত্যাচার না করতে পারেন, সে জন্য তাঁর নাম-পরিচয় গোপন রাখার ব্যবস্থা রাখা হয়েছে। এ আইন অনুযায়ী যদি কেউ দুর্নীতির তথ্য বা অন্য যেকোনো ধরনের তথ্য দেন, তবে তাঁর পরিচয় গোপন রাখা হবে, তাঁকে সুরক্ষা দেওয়া হবে। দুর্নীতির তথ্য দেওয়ার জন্য তথ্য প্রদানকারীকে কেউ আক্রমণ করতে পারবে না।মন্ত্রী আরও বলেন, দুর্নীতি যেখানেই হবে, সেখানেই এই আইন প্রযোজ্য হবে। তবে কেউ কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির তথ্য দিলে তা যাচাই-বাছাই বা অনুসন্ধান করা হবে। সাক্ষ্য-প্রমাণ পাওয়া ছাড়া কোনো পক্ষ ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না। এ ছাড়া যদি কেউ অসত্য বা উদ্দেশ্যমূলক তথ্য সরবরাহ করেন, তাঁর বিরুদ্ধেও জেল-জরিমানা, ক্ষতিপূরণ দেওয়াসহ বিভিন্ন শাস্তির প্রস্তাব করা হয়েছে এ আইনের খসড়ায়। আইনের যাতে অপপ্রয়োগ না হয় সেজন্যই এ ব্যবস্থা।বিবিসি জানায়, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাবেক সভাপতি মোজাফ্ফর আহমদ এ আইন বিষয়ে বলেন, ‘আমাদের এখানে দুর্নীতি সম্পর্কে নানারকমের তথ্য পাওয়া যায়। সেখানে অনেকে নাম-পরিচয় দিতে চান না। সুতরাং এদিক থেকে আমরা মনে করি এ আইনের দরকার আছে। তবে বর্তমান প্রেক্ষাপটে যেভাবে দুদকের ক্ষমতা খর্ব করা হচ্ছে, তাতে এই আইনের পরিধি সীমিত হয়ে পড়বে।’ মোজাফ্ফর আহমদের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে আইনমন্ত্রী বলেন, এই আইন বরং দুদককে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।এদিকে গতকাল মন্ত্রিসভার বৈঠকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশোধনী প্রস্তাব অনুমোদন এবং বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন করা হয়।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, পৌরসভায় নির্বাচন অনুষ্ঠান জরুরি। কিন্তু সীমানা জটিলতার কারণে এ ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। তাই আগের আইনটিতে সংশোধন আনা হয়েছে।প্রেস সচিব বলেন, বর্তমানে দেশে ৩০৮টি পৌরসভা আছে। এর মধ্যে ২৭২টি পৌরসভার মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ হয়ে গেছে। অবশিষ্টগুলোর মধ্যে সাতটির মেয়াদ ২০১০, ২০টির মেয়াদ ২০১১, একটির মেয়াদ ২০১২ ও বাকি আটটির মেয়াদ ২০১৩ সালে উত্তীর্ণ হবে। ১৭টি পৌরসভা নিয়ে হাইকোর্টে রিট আছে। এসব পৌরসভার অধিকাংশের মেয়াদ তিন বছর আগে শেষ হয়েছে।বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ বিধান প্রসঙ্গে আবুল কালাম আজাদ বলেন, দেশে বিদ্যুতের সংকট রয়েছে। এ পরিস্থিতির দ্রুত উন্নয়নের লক্ষ্যে বিশেষ এই বিধান জরুরি হয়ে পড়েছে। কেননা, স্বল্প সময়ে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা মেটানো বর্তমান প্রচলিত আইনে দুষ্কর ও সময়সাপেক্ষ।বৈঠকে বাংলাদেশ সরকার ও ডেনমার্ক সরকারের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় পুঁজি বিনিয়োগ উন্নয়ন ও সংরক্ষণ চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়। একই সঙ্গে ওমান ও বাংলাদেশের মধ্যে জনশক্তি রপ্তানি বিষয়ে সমঝোতা স্মারকে নতুন অনুচ্ছেদ সংযোজনের অনুমোদন দেওয়া হয়।