জনস্বার্থে কাটা হলো ২০০ বছরের বকুল ফুলের গাছ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর হাটের মধ্য থেকে ঝুঁকিপূর্ণ পুরোনো গাছ কেটে ফেলার দাবি জানানো হয়েছিল; কিন্তু সরকারি প্রশাসনের দ্রুত পদক্ষেপ না নেওয়ার কারণে গত ২৬ ফেব্রুয়ারি হাটের ব্যবসায়ীরা সম্মিলিত উদ্যোগ নিয়ে ২০০ বছরের পুরোনো বকুল ফুলের গাছ কেটে ফেলেন। হাটের একাধিক ব্যবসায়ীর দাবি, ঝুঁকিপূর্ণ এই গাছটি কেটে ফেলায় হাটের মানুষের জানমাল রক্ষা পেয়েছে। গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিক রফিকুল ইসলাম ও হেলাল জানান, গত ২৬ ফেব্রুয়ারি হাটের ব্যবসায়ীদের ডাকে তারা এই বকুল ফুলের গাছ কাটেন। তবে গাছটির ভেতরে ঢোর (ফাঁকা) থাকায় তাদের এই পুরোনো গাছ কাটতে তেমন বেগ পেতে হয়নি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন জানিয়েও প্রশাসন নিজ উদ্যোগে না কাটায় তারা গাছটি কেটে মানুষের জানমাল রক্ষা করেছেন। হাটের ব্যবসায়ীদের মধ্যে মোতালেব ও আলতাফ হোসেন জানান, গাছ কাটার জন্য তারা সংশ্লিষ্ট বিভাগের কাছে লিখিত আবেদন জানান। কিন্তু সরকারিভাবে গাছ কাটার কোনো উদ্যোগ না নেওয়ায় হাটের ব্যবসায়ীরা সম্মিলিত উদ্যোগে এই গাছ কাটেন এবং কাটা গাছটি হাটের এক কোণে সরকারি লোকজনকে বুঝে দেওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে। তবে এই গাছ কাটার সরকারি কোনো নির্দেশনা নেই বলে স্বীকার করেন তাঁরা। জনস্বার্থেই তাঁরা এমন পদক্ষেপ নেন বলে জানান।হাট এলাকায় বসবাসকারীদের মধ্যে উত্তম কুমার ও আব্দুল হান্নান জানান, গাছটির ডাল বিগত বছরে ঝড়ে ভেঙে গেলে হাটের ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতি হয়। ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, হাটে আগতদের জানমাল রক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট বিভাগের। কিন্তু হাট-ব্যবসায়ীদের আবেদনের পরেও গাছটি কাটা না হলে ব্যবসায়ীরা সম্মিলিত উদ্যোগে এটি কেটে ফেলে। তিনি হাটের মধ্যে অনুরূপ ঝুঁকিপূর্ণ গাছ কেটে ফেলার জন্য স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে দাবি জানান। নইলে আগামী ঝড় মৌসুমে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হতে হবে। একই প্রসঙ্গ নিয়ে ওই ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আলা উদ্দিন জানান, সংশ্লিষ্ট বিভাগ যদি আন্তরিক হয়, তবে এই হাটের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ করে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির শিকার থেকে রেহাই পেতে পারেন।ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান জি এম মোস্তফা কামাল জানান, যে গাছটি হাটের ভেতর থেকে কাটা হয়েছে তার কোনো সরকারি অনুমতি ছিল না।এ প্রসঙ্গ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম প্রধান জানান, তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে গাছ কাটার সংবাদ জেনেছেন। তিনি সরেজমিন পরিদর্শন করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।