জনস্বাস্থ্য পরিস্থিতি জটিল হচ্ছে, স্বাস্থ্য খাতে ঝুঁকি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যাং বলেছেন, গত ৬০ বছরে পৃথিবীতে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার সবচেয়ে কমে এসেছে। গত ৪০ বছরের মধ্যে মাতৃমৃত্যুর হার এখন সবচেয়ে কম। এগুলো স্বাস্থ্য খাতের অর্জন।কিন্তু একই সময়ে ওষুধ প্রতিরোধী জীবাণুর ঝুঁকিতে পড়েছে সমগ্র পৃথিবী। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে মানুষের নতুন স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে। পৃথিবীব্যাপী জনস্বাস্থ্য পরিস্থিতি জটিল হচ্ছে।গতকাল সোমবার বিশ্বস্বাস্থ্য সংস্থার ৬৪তম সম্মেলনে মার্গারেট চ্যাং এসব কথা বলেন। তিনি বলেন, খাদ্য ও জ্বালানির দাম বাড়ার কারণে দরিদ্র মানুষের স্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এই দরিদ্র জনগোষ্ঠীকে ভুললে চলবে না।সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় গতকাল এই সম্মেলন শুরু হয়েছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের নেতৃত্বে বিভিন্ন দেশের এক হাজারের বেশি প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলন শেষ হবে ২৪ মে।মার্গারেট চ্যাং বলেন, জনস্বাস্থ্য জটিল অবস্থার মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সংস্কার দরকার। দরকার সবাই মিলে একসঙ্গে কাজ করা। তিনি বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার সংস্কার দরকার। সংস্থার অর্থায়নের সমস্যার কথা উল্লেখ করে সংস্থাকে আরও দক্ষ, কার্যকর, জবাবদিহি হওয়ার কথাও বলেন তিনি।৪০ মিনিটের দীর্ঘ বক্তৃতায় মার্গারেট চ্যাং বলেন, ‘ভবিষ্যতে এমন এক বিশ্বস্বাস্থ্য সংস্থাকে দেখতে চাই যে সংস্থা মানুষের কথা মনে রেখে কাজ করবে।’ আফ্রিকার ম্যালেরিয়া-আক্রান্ত একটি পরিবার এবং বাংলাদেশের ক্ষুদ্রঋণ পেয়ে ক্ষমতায়িত নারীদের কথা স্মরণ করে তিনি বক্তব্য শুরু করেন। ২০০৯ সালে আফ্রিকা ও ২০১০ সালে বাংলাদেশ সফর করেছিলেন তিনি।এর আগে সকালে সম্মেলনের প্রেসিডেন্ট নির্বাচিত হন সাইপ্রাসের স্বাস্থ্যমন্ত্রী ড. ক্রিসটাস। পাঁচজন ভাইস প্রেসিডেন্ট, ক্রেডেন্সিয়াল কমিটির ১২ এবং জেনারেল কমিটির ১৭ জন সদস্য নির্বাচিত হন। এরপর সম্মেলনের আলোচ্যসূচি চূড়ান্ত করা হয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার বিল গেটস আমন্ত্রিত বক্তা হিসেবে সম্মেলনে বক্তব্য রাখবেন।সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে। এর মধ্যে আছে আন্তর্জাতিক স্বাস্থ্য আইনকানুন (ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন) বাস্তবায়নে পৃথিবীর দেশগুলোর অবস্থান, স্বাস্থ্যসংশ্লিষ্ট এমডিজির অগ্রগতি, স্বাস্থ্য প্রণালি জোরদার করা, ভবিষ্যতে বিশ্বস্বাস্থ্য সংস্থার অর্থায়ন, বিশ্বব্যাপী টিকার লক্ষ্য ও কৌশল নির্ধারণ, অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কৌশল নির্ধারণ প্রভৃতি।গত বছর সম্মেলনে বাংলাদেশ কলেরার টিকার ব্যবহার বিষয়ে একটি প্রস্তাব করেছিল। এবার সে বিষয়েও সিদ্ধান্ত হবে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সম্মেলনের একাধিক অধিবেশনে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।ছোট বাংলাদেশ: জেনেভা শহর এখন ছোট একটি বাংলাদেশে পরিণত হয়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী ছাড়াও একাধিক মন্ত্রী এখন জেনেভায়। এর মধ্যে আছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিরও আসার কথা শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রী, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে সচিব-উপসচিবরা এসেছেন। এ ছাড়া এসেছেন আওয়ামী লীগের সাংসদ, নেতা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা। প্রধানমন্ত্রী ও অন্যান্য নেতার সঙ্গে দেখা করার জন্য ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইডেন থেকে দলীয় কর্মী-সমর্থকেরাও সমবেত হয়েছেন জেনেভায়।