জনস্বাস্থ্য: সাফল্য ও ব্যর্থতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রসঙ্গ: ব্যক্তির স্বাস্থ্য নয়, জনতার স্বাস্থ্য। ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করে একজন ব্যক্তির স্বাস্থ্যের খবর বলে দেওয়া যায়; কিন্তু জনতার স্বাস্থ্যের খবর নিতে গেলে খুলতে হবে অন্য হিসাবের খাতা। দূরের জাপান কিংবা কাছের শ্রীলঙ্কার জনতার স্বাস্থ্য আমাদের চেয়ে ভালো বলি এ জন্য যে ওই সব দেশে বছরে আমাদের চেয়ে কম শিশু মারা যায়, কম মায়ের মৃত্যু হয়, ওখানে মানুষের গড় আয়ু আমাদের চেয়ে বেশি, ওদের পুষ্টিমান আমাদের চেয়ে ভালো। জনতাকে নিয়ে যতই স্বপ্ন দেখি না কেন, জনতার স্বাস্থ্য ভালো না হলে সেই স্বপ্ন বেশি দূর বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। জনতার উন্নয়নের সঙ্গে জনতার স্বাস্থ্যের সম্পর্কটি তাই সরাসরি জড়িত। ফলে এটি স্বাভাবিক যে সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের প্রধান শর্তগুলোর অনেকটাই জনস্বাস্থ্যকেন্দ্রিক। কিন্তু ব্যক্তিস্বাস্থ্য রক্ষা আর জনস্বাস্থ্য রক্ষা দাবি করে ভিন্ন দক্ষতা, জ্ঞান আর দৃষ্টিভঙ্গি। যে চিকিৎসক হাসপাতালে বা চেম্বারে বসে রোগী দেখছেন, তাঁর আগ্রহের বিষয় একজন অসুস্থ ব্যক্তি এবং তাঁর মূল লক্ষ্য সেই ব্যক্তিকে রোগমুক্ত করা। কিন্তু যিনি জনস্বাস্থ্য নিয়ে ভাববেন, তাঁর আগ্রহের বিষয় পুরো জনগোষ্ঠীর সুস্থ, অসুস্থ উভয় ধরনের মানুষই এবং তাঁর লক্ষ্য কেবল রোগ নিরাময় নয়, বরং রোগ প্রতিরোধও। একটি রোগাক্রান্ত শিশুকে সুস্থ করে তোলার জন্য একজন চিকিৎসকের প্রয়োজন শিশুরোগ-সংক্রান্ত যাবতীয় বিদ্যা। কিন্তু একটি দেশের শিশুমৃত্যুর হার কমানোর জন্য একজন জনস্বাস্থ্যবিদের প্রয়োজন শিশুমৃত্যু-সংক্রান্ত রোগতাত্ত্বিক গবেষণার তথ্য, প্রয়োজন স্বাস্থ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য অর্থনীতি, স্বাস্থ্য সমাজবিজ্ঞানবিষয়ক ধারণা। ফলে শহরে বড় বড় হাসপাতাল তৈরি করে, জেলায় জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে, গ্রামেগঞ্জে দাতব্য চিকিৎসালয় খুলে একটি দেশের জনস্বাস্থ্যের আগ্রগতি হয় না। এর জন্য প্রয়োজন এমন একটি সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা, যাতে সামাজিক অবস্থাননির্বিশেষে একটি জনগোষ্ঠীর সবার স্বাস্থ্য সুরক্ষিত হয়। এটি মেনে নেওয়া ভালো যে স্বাধীনতার চার দশক পরও ক্ষুদ্র একটি গোষ্ঠী ছাড়া রাজধানী, গ্রামাঞ্চলনির্বিশেষে বাংলাদেশের অধিকাংশ মানুষের স্বাস্থ্য এখনো হয়ে আছে অরক্ষিত, নাজুক। সেই সঙ্গে এটিও স্বীকার করে নেওয়া উচিত যে জনতার স্বাস্থ্য সুরক্ষার পথ ব্যক্তিস্বাস্থ্য সুরক্ষার মতো সোজাসাপ্টা নয়, এটি একটি জটিল ও ধীর প্রক্রিয়া।২. বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নকে যদি একটি প্রক্রিয়া হিসেবে দেখি, তাহলে বলতে হবে যে সেখানে সীমিত হলেও সুখবর আছে। চার দশক ধরে কিছু জনস্বাস্থ্য সূচকে ধারাবাহিক অগ্রগতি ঘটেছে বাংলাদেশে। স্বাধীনতার পর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে, গড় আয়ু বেড়েছে, মাতৃমৃত্যুর হার কমেছে, কমেছে শিশুমৃত্যুর হার। এ ক্ষেত্রে সবচেয়ে বড় অর্জন শিশুমৃত্যুর হার কমানো। সত্তরের দশকে যেখানে হাজারে শিশুমৃত্যুর সংখ্যা ছিল ১৫০, তা ২০০৭ সালে এসে দাঁড়িয়েছে ৫২-তে। এ হার দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিতে খুবই উল্লেখযোগ্য। এমনকি শক্তিশালী অর্থনীতির পার্শ্ববর্তী দেশ ভারতে শিশুমৃত্যুর হার বাংলাদশের চেয়ে বেশি। বাংলাদেশ প্রমাণ করেছে, অর্থনৈতিক সূচকে পিছিয়ে থাকলেও কোনো কোনো জনস্বাস্থ্য সূচকে উল্লেখযোগ্য অর্জন সম্ভব। এটি পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশের জন্য দৃষ্টান্তস্বরূপ। শিশুমৃত্যু রোধে এই অর্জনের জন্য তাই সংগত কারণেই জাতিসংঘ পুরস্কৃত করেছে বাংলাদেশকে। একটা দীর্ঘ প্রক্রিয়ায় নানাবিধ কর্মকাণ্ডে বাংলাদেশে শিশুমৃত্যুর হার কমেছে। এর একটি বড় কারণ, এ দেশে শিশুদের কয়েক দশক ধরে রোগ প্রতিরোধক টিকা কর্মসূচির সাফল্য। সত্তরের দশকে যেখানে টিকার আওতায় ছিল মাত্র দুই শতাংশ শিশু, ২০০৭ সালে সেখানে টিকার আওতায় এসেছে ৮২ শতাংশ শিশু। এটি সম্ভব হয়েছে ব্যাপক মাঠপর্যায়ের কর্মকাণ্ডের মাধ্যমে। টিকা কর্মসূচিকে গ্রামের মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া সম্ভব হয়েছে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমেই। একইভাবে বাংলাদেশে জন্মহার কমেছে মাঠকর্মীদের বাড়ি বাড়ি জন্মনিয়ন্ত্রণ-সামগ্রী পৌঁছে দেওয়ার মাধ্যমে। এ ক্ষেত্রে বিশেষভাবে অবদান রেখেছেন নারী স্বাস্থ্যকর্মীরা। আমাদের স্মরণ রাখা প্রয়োজন, সাম্প্রতিককালের পোশাকশ্রমিকদের আগে মহিলা স্বাস্থ্যকর্মীরাই এ দেশের প্রথম একটি নারী জনগোষ্ঠী, যাঁরা ব্যাপক হারে পেশাজীবী জগতে অন্তর্ভুক্ত হয়েছিলেন। অত্যন্ত প্রতিকূল সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে জন্মনিয়ন্ত্রণের মতো স্পর্শকাতর একটি ব্যাপারকে গ্রহণযোগ্য করে তুলেছিলেন। কোনো কোনো গবেষক উল্লেখ করেছেন, বাংলাদেশের তুলনামূলক উদারধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং জাতিগত সমসত্ততাও এ ধরনের মাঠপর্যায়ের কর্মকাণ্ডে সফলতা আনতে সহায়তা করেছে। উল্লেখ্য, পাকিস্তানে ধর্মীয় রক্ষণশীলতা এবং নানা জাতিগত বিভেদের কারণে ব্যর্থ হয়েছে জনসংখ্যা কর্মসূচি। সেই সঙ্গে এটিও উল্লেখ্য যে তৃতীয় বিশ্বের খুব কম দেশেই প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য অবকাঠামো আছে, যেমন আছে বাংলাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র।বাংলাদেশে শিশুমৃত্যুর হার কমার আরও একটি কারণ ডায়রিয়া ও কলেরা নিয়ন্ত্রণ। একটা সময় ছিল, যখন গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে যেত কলেরায়। এখনো কলেরা ও ডায়রিয়ার প্রকোপ রয়েছে, কিন্তু সেই সব ভয়াবহ মহামারির তুলনায় তা সামান্য। এটি সম্ভব হয়েছে মূলত খাওয়ার স্যালাইন আবিষ্কারের কারণে। আর এই সত্য প্রতিষ্ঠিত যে এই খাওয়ার স্যালাইন আবিষ্কৃত হয়েছে বাংলাদেশেরই আইসিডিডিআরবির গবেষণাগারে। টাইম ম্যাগাজিন খাওয়ার স্যালাইনকে চিকিৎসাক্ষেত্রে গত শতাব্দীর অন্যতম প্রধান একটি আবিষ্কার হিসেবে বর্ণনা করে প্রচ্ছদ কাহিনি করেছিল।গত চার দশকে বাংলাদেশের সেবা খাতে বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা একটি বাস্তবতা। স্বাস্থ্য খাতের নানা সেবাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এসব সংস্থার ভূমিকাও অনস্বীকার্য। বিশেষ করে ব্র্যাকের স্বাস্থ্যসেবিকাদের মাধ্যমে যক্ষ্মা নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিবিধ জনস্বাস্থ্য কর্মকাণ্ডে যুক্ত আছে। কেয়ার, সেভ দ্য চিলড্র্রেন প্রভৃতি আন্তর্জাতিক সংস্থাও এ দেশের স্বাস্থ্য খাতে ভূমিকা রাখছে। স্বাধীনতার ঊষালগ্নে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে চিকিৎসাকে হাসপাতালের চার দেয়ালের বাইরে আনার নানা যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ তাঁদের গণস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে। পরবর্তী সময়ে নানা কারণে বিতর্কিত হয়েছেন তিনি, কিন্তু তাঁর উদ্যোগে আশির দশকে বাংলাদেশে বহুজাতিক কোম্পানির প্রভাবমুক্ত একটি ওষুধনীতি প্রণয়ন ছিল তৃতীয় বিশ্বের কোনো দেশের জন্য একটি বিপ্লবাত্মক কর্মকাণ্ড।তবে এসব অর্জন বিবেচনায় রেখেও বলতে হয়, বিশ্ব প্রেক্ষাপটের সামগ্রিক জনস্বাস্থ্যচিত্রে আমাদের অবস্থান এখনো একেবারে তলার দিকে। জনস্বাস্থ্যে আমাদের ব্যর্থতাও ব্যাপক।৩. কথা সত্য, শিশুমৃত্যুর হার কমিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। কিন্তু এও সত্য, যেসব শিশু বেঁচে আছে, তাদের পুষ্টির মান পৃথিবীর নিম্নতম স্তরে। মায়েদের মৃত্যুর হার প্রথম তিন দশকে কমলেও তা স্থিতিশীল রয়েছে প্রায় এক দশক ধরে এবং সেই হার এখনো বিপজ্জনক। জনসংখ্যা নিয়ন্ত্রণে অতীতে যে সাফল্য এসেছিল বাংলাদেশে, সেটি হুমকির মুখে পড়েছে আবার। বেড়ে যাচ্ছে জন্মের হার। আর সামগ্রিকভাবে বৈষম্য আমাদের স্বাস্থ্যচিত্রের একটা প্রধান বৈশিষ্ট্য হিসেবে রয়ে গেছে এখনো। স্বাস্থ্যের মান ও স্বাস্থ্যসেবা নেওয়ার ক্ষেত্রে এ দেশে ব্যাপক বৈষম্য রয়েছে ধনী ও দরিদ্রের মধ্যে, শহর ও গ্রামের মধ্যে, এমনকি শহরের উচ্চবিত্ত ও নিম্নবিত্তের মধ্যে, নারী ও পুরুষের মধ্যে, বাঙালি ও অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্বাস্থ্য অবকাঠামো থাকলেও এর ব্যবহার অত্যন্ত সীমিত। এসব কেন্দ্রে প্রায়ই থাকে না প্রয়োজনীয় জনবল, থাকে না ওষুধ, যন্ত্রপাতি। সরকারি বরাদ্দ যা থাকে, একদিকে তা চাহিদার তুলনায় অপ্রতুল; অন্যদিকে যতটুকু সরবরাহ থাকে, সেটিও অব্যবস্থাপনা আর দুর্নীতির কারণে পৌঁছায় না গ্রাহকের কাছে। স্বাধীনতার পর প্রথম তিন দশকের স্বাস্থ্য বাজেটে প্রাথমিক স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য বরাদ্দ থাকলেও ২০০৩ সালে এইচএনএসপিপি নামে যে নতুন স্বাস্থ্য পরিকল্পনা করা হয়েছে, তাতে প্রাইমারি স্বাস্থ্যে বরাদ্দ কমিয়ে বাড়ানো হয়েছে টারসিয়ারি স্তরে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবায়। বাংলাদেশ হেলথ ওয়াচের সাম্প্রতিক বিপোর্টে দেখা যায়, গ্রামাঞ্চলে প্রায় ৭০ শতাংশ মানুষ চিকিৎসার জন্য নির্ভর করে নানা অপ্রাতিষ্ঠানিক ও অপেশাদার চিকিৎসাসেবা দানকারীদের ওপর। এদিকে স্বাস্থ্যবিমা বিষয়টিও বিকাশ লাভ করেনি আমাদের দেশে।শহরে যারা অর্থ দিয়ে স্বাস্থ্যসেবা কেনার সামর্থ্য রাখে, তারাও যে মানসম্পন্ন সেবা পাবে, তার নিশ্চয়তা নেই। চিকিৎসার মান নিয়ন্ত্রণের কার্যকর কোনো ব্যবস্থা আমাদের নেই, রোগীর অধিকার বলে কোনো প্রসঙ্গ আমাদের চিন্তাজগতে নেই। যাদের সামর্থ্য আছে, তেমন একটি বিরাটসংখ্যক রোগী বিদেশে চলে যায়। গবেষণায় দেখা গেছে, এর অন্যতম কারণ এ দেশের চিকিৎসকদের আচরণ এবং রোগীর মর্যাদার প্রতি ভ্রুক্ষেপ না করা। এ ছাড়া স্বাস্থ্যক্ষেত্রে দক্ষ পেশাজীবীরও রয়েছে ব্যাপক ঘাটতি। জনসংখ্যা অনুপাতে চিকিৎসাসেবা দানকারীর যে আন্তর্জাতিক স্বীকৃত সংখ্যা রয়েছে, তাতে আমাদের আরও ৬০ হাজার চিকিৎসক প্রয়োজন, প্রয়োজন প্রায় তিন লাখ সেবিকার। সর্বোপরি স্বাস্থ্য খাতে নানা সংকীর্ণ রাজনৈতিক বিবেচনায় নেওয়া বিপরীতমুখী সিদ্ধান্তে বারবার মুখ থুবড়ে পড়েছে এর অগ্রগতি। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে দীর্ঘকাল পৃথক রাখা হয়েছিল, তারপর তাদের একীভূত করা হয়েছে একবার, কিছুকাল পরে পৃথক করা হয়েছে আবার। এক সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের আরও দোরগোড়ায় নেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক চালু করেছে, অন্য সরকার এসে বন্ধ করে দিয়েছে সেই প্রকল্প। এই নাগরদোলায় বিপর্যস্ত হয়ে পড়ে পুরো ব্যবস্থা। এই নাজুক স্বাস্থ্যব্যবস্থায় আবার হানা দিচ্ছে এইডস, আর্সেনিকের মতো নতুন নতুন স্বাস্থ্যসমস্যা। জনস্বাস্থ্যের নতুন ও পুরোনো এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজন জনস্বাস্থ্য জ্ঞানের প্রয়োগ। পৃথিবীতে যেমন চিকিৎসাবিজ্ঞানের প্রভূত উন্নতি হচ্ছে; তৈরি হচ্ছে নতুন চিকিৎসাপদ্ধতি, যন্ত্রপাতি, ওষুধ। সেই সঙ্গে চিকিৎসাবিজ্ঞানের এই আগ্রগতিকে কী করে বৃহত্তর জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত করা যায়, সে লক্ষ্যে জনস্বাস্থ্য-বিজ্ঞানও বিকশিত হচ্ছে অবিরাম। কিন্তু সাধারণভাবে আমাদের দেশে জনস্বাস্থ্য পেশার মর্যাদা ও জনস্বাস্থ্য শিক্ষার মান অত্যন্ত দুর্বল।৪. জনস্বাস্থ্য বিষয়ে দীর্ঘদিনের গবেষণায় দেখেছি, এ দেশের মেডিকেল শিক্ষাক্রমে জনস্বাস্থ্য সম্পর্কে জানার একমাত্র বিষয় ‘কমিউনিটি মেডিসিন’ ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে অবহেলিত, অনাকর্ষণীয়। ক্লিনিক্যাল মেডিসিন শেখার জন্য যেমন ছাত্রছাত্রীকে রোগীর বিছানার পাশে গিয়ে দাঁড়াতে হয়, রোগীর শরীরে হাত রাখতে হয়, নাড়ি টিপে দেখতে হয়; তেমনি কমিউনিটি মেডিসিন শিখতে হলে প্রয়োজন কমিউনিটির পাশে গিয়ে দাঁড়ানো, কমিউনিটির ভেতরে গিয়ে তার নাড়ি টিপে দেখা। কিন্তু মেডিকেল কলেজে কমিউনিটি মেডিসিনকে গণ্ডিবদ্ধ করে রাখা হয়েছে কিছু সংজ্ঞা মুখস্থের মধ্যে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া স্বাস্থ্যের সংজ্ঞাটি ইংরেজিতে হুবহু বলতে না পারলে, এমনকি একটি শব্দ বাদ পড়লেই কমিউনিটি মেডিসিনের শিক্ষক ফেল করিয়ে দেন ছাত্রছাত্রীদের। কমিউনিটির সঙ্গে সেই সংজ্ঞার কী সম্পর্ক, চিকিৎসক হিসেবে কেন তা তাঁর জানা দরকার—এসব বিষয় তাঁর কাছে অস্পষ্টই থাকে। কমিউনিটি মেডিসিনের পাঠ্যক্রমে রেসিডেন্সিয়াল ফিল্ড সাইট ট্রেনিং প্রোগ্রাম (আরএফএসটি) নামে ছাত্রছাত্রীদের মাঠ গবেষণার ব্যবস্থা থাকলেও পর্যবেক্ষণে দেখেছি, এই মাঠ গবেষণাগুলো হয় অত্যন্ত অপরিকল্পিতভাবে এবং দায়সারা গোছের। অধিকাংশ ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাছে এটি নেহাত একটি পিকনিকের মতো ব্যাপার। পুরো প্রক্রিয়ার সঙ্গে ছাত্রছাত্রীদের জ্ঞানভিত্তিক সক্রিয় কোনো সংযোগ থাকে না। মেডিকেল শিক্ষাকে আধুনিকায়ন ও জনমুখী করার জন্য ‘ফারদার ইমপ্রুভমেন্ট অব মেডিকেল কলেজেস’ (এফআইএমসি) নামে একটি ভালো উদ্যোগ নেওয়া হয়েছিল নব্বইয়ের দশকে। মেডিকেল শিক্ষা পরিচালনায় প্রশিক্ষণ নিয়েছেন বহুজন, পরীক্ষার ধরনেও বেশ কিছু ইতিবাচক পরিবর্তন ঘটেছে কিন্তু সামগ্রিকভাবে মেডিকেল কারিকুলামকে জনমুখী করার বিশেষ লক্ষণ তৈরি হয়নি। বাড়েনি জনস্বাস্থ্য-শিক্ষার মর্যাদাও।এখনো পুরো মেডিকেল কারিকুলামে ক্লিনিক্যাল সায়েন্সেরই জয়জয়কার। ডাক্তারি-জগতে যাঁরা পাবলিক হেলথে জড়িত আছেন, তাঁরা ওই জগতের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচিত। এমনকি দেখা যায়, দেশের মহামারি পরিস্থিতিতে বা জনস্বাস্থ্যবিষয়ক গুরুত্বপূর্ণ প্রসঙ্গে নানা বক্তৃতা-বিবৃতি রাখছেন নামজাদা হাসপাতালের বড় বড় সব ক্লিনিক্যাল অধ্যাপক। মেডিসিনের একজন শ্রেষ্ঠতম অধ্যাপক জনস্বাস্থ্য বিষয়ে সঠিক পরামর্শ দেবেন, এটি ভাবার কোনো কারণ নেই। জনস্বাস্থ্য বা পাবলিক হেলথ একটি পৃথক জ্ঞানকাণ্ড। কিন্তু মেডিসিন ও সার্জারির অধ্যাপকদের অর্থ, বিত্ত, সামাজিক অবস্থানের দাপটে কমিউনিটি মেডিসিনের অধ্যাপকেরা থাকেন ম্রিয়মাণ। অথচ ইউরোপের নানা দেশে দেখেছি, স্বাস্থ্যের বৃহত্তর চিত্রটি বোঝার জন্য ক্লিনিক্যাল সায়েন্সের খ্যাতিমান অধ্যাপকেরাও তাঁদের ক্যারিয়ারের ফাঁকে পাবলিক হেলথে একটি ডিগ্রি নিয়ে রাখেন। এবং জাতীয় স্বাস্থ্য বিষয়ে সব রকম সিদ্ধান্ত গ্রহণে প্রধান ভূমিকা পালন করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাই। ন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল ও প্রিভেনটিভ মেডিসিন (নিপসম) দেশের সর্বাধিকসংখ্যক জনস্বাস্থ্য বিশেষজ্ঞকে প্রশিক্ষণ দিয়ে থাকে। কিন্তু ক্লিনিক্যাল সায়েন্সের উচ্চতর প্রশিক্ষণকেন্দ্র পিজি হাসপাতালের তুলনায় নিপসম নেহাতই ম্লান, নিষ্প্রভ একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র হিসেবে দেখেছি, অনেকেই সেখানে মেডিসিন, সার্জারি, গাইনির উচ্চতর প্রশিক্ষণ নিতে ব্যর্থ হয়ে বিকল্প হিসেবে বেছে নিয়েছেন জনস্বাস্থ্যকে। নিপসমে ভর্তি হয়ে বরং এক ধরনের হীনম্মন্যতায়ই ভুগতে দেখেছি তাঁদের। এ ধরনের হতাশ বিশেষজ্ঞদের দিয়ে তো জনস্বাস্থ্যের নেতৃত্ব আশা করা যায় না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের হতাশার আরও একটি কারণ হলো জনস্বাস্থ্যে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে চিকিৎসকদের ক্যারিয়ারে বিশেষ কোনো সুবিধা না হওয়া। একসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য জনস্বাস্থ্যে উচ্চতর ডিগ্রি ছিল বাধ্যতামূলক। কিন্তু সেই নিয়ম বাতিল হয়েছে। এখন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান হওয়ার জন্য জনস্বাস্থ্যের কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই। অথচ যে চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনার দায়িত্বে রয়েছেন, চিকিৎসা বিষয়ে তাঁর দায়িত্ব সামান্যই। তাঁর মূল দায়িত্ব কেন্দ্র ব্যবস্থাপনা, অর্থ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ইত্যাদি। এসব বিষয়ে কোনো প্রশিক্ষণ ছাড়া একজন ক্লিনিসিয়ানকে নেহাত কাণ্ডজ্ঞান দিয়েই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব পালন করতে হয়। ৫. মোট কথা, জনস্বাস্থ্যে সাফল্য আমাদের আছে কিন্তু ব্যর্থতার তালিকাও দীর্ঘ। জনস্বাস্থ্যের এই ব্যর্থতা না ঘুচলে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নও মুখ থুবড়ে থাকবে। রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে কাকে, কোথায়, কাদের মাধ্যমে কোন ধরনের স্বাস্থ্যসেবা দেওয়া হবে; এই সেবার অর্থায়নে কে কতটুকু অংশ নেবে। পৃথিবীর কোথাও বিশেষজ্ঞ চিকিৎসামুখিন, হাসপাতালমুখিন, নগরমুখিন স্বাস্থ্যব্যবস্থা দিয়ে দেশের জনস্বাস্থ্যের উন্নতি হয়নি। বৃহত্তর জনগণমুখিন একটি সমন্বিত জনস্বাস্থ্যনীতির জন্য আমরা অপেক্ষা করে আছি চার দশক। এই অপেক্ষার কাল আর কত দীর্ঘ হবে? শাহাদুজ্জামান: কথাসাহিত্যিক, চিকিৎসক