জনের বিয়ে নিয়ে চিন্তিত বিপাশা!
সম্প্রতি বলিউডের অভিনেতা জন আব্রাহামের বিয়ে নিয়ে সাবেক প্রেমিকা বিপাশা বাসু মন্তব্য করেছেন। বিপাশা মনে করছেন, দ্রুত বিয়ে করে ফেলা উচিত জনের। কারণ, তাঁর বয়স বাড়ছে। সম্প্রতি এক খবরে এমনটাই জানিয়েছে টিওআই। এ যেন অনেকটা যার বিয়ে তার খবর নেই পাড়া-পড়শির ঘুম নেই! অবশ্য একসময় জন আব্রাহামের বিয়ে বিপাশা বাসুর সঙ্গেই হওয়ার কথা ছিল। কিন্তু তা এখন নিছক অতীত। জন-বিপাশার মধ্যে এখন যোজন ব্যবধান। তবুও সাবেক প্রেমিক জন আব্রাহাম শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন, এমনটাই প্রত্যাশা বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী বিপাশা বাসুর। জনের বিয়ে নিয়ে হঠাত্ কেন এত উঠে পড়ে লাগলেন বিপাশা বাসু! বলিউডের টিনসেলেও এ নিয়ে জোর আলোচনা চলছে।সত্যিই তো, হঠাত্ কেন জনের বিয়ে নিয়ে চিন্তিত হলেন ‘বং বিউটি’! শেষ পর্যন্ত যে খবর মিলেছে তা হলো—পছন্দমতো মনের মানুষ পেয়ে গেলে নিজেও বিয়ের কাজটি সেরে ফেলবেন, এমনটিই নাকি জানিয়েছেন ৩৩ বছর বয়সী বলিউড সেনসেশন।এ প্রসঙ্গে বিপাশা বলেছেন, ‘এ মুহূর্তে অনেক পুরুষই আমার সঙ্গে সম্পর্কে জড়াতে চাইছেন। কিন্তু হুট করে সম্পর্কে না জড়িয়ে একটু সতর্ক অবস্থানই নিয়েছি। পছন্দমতো মনের মানুষ পেয়ে গেলে এবং ব্যাটে-বলে মিলে গেলে আমিও বিয়ের কাজটি সেরে ফেলব।’ এ নিয়ে বলিউডের অনেকেই বলছেন, জনের বিয়েটা হয়ে গেলে বিপাশার বিয়ের পথ তো খানিকটা পরিষ্কার হয় বটেই!