জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্প ঘিরে চলছে আমলাতান্ত্রিক জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) মেয়াদ শেষ হয়েছে প্রায় তিন মাস আগে। মেয়াদ না বাড়লেও বিনা বেতনে কাজ করছেন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। অন্যদিকে এ বছরের শুরু থেকেই দুই বছর মেয়াদি প্রকল্পের তৃতীয় পর্যায় গ্রহণের প্রস্তাব পরিকল্পনা কমিশনের বিবেচনার জন্য পড়ে আছে।প্রকল্পের এ অবস্থা সম্পর্কে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান প্রথম আলোকে বলেন, ‘গুরুত্বপূর্ণ এ প্রকল্পটি যাতে দ্রুত অনুমোদন পায়, সে জন্য পরিকল্পনা কমিশনে সংশ্লিষ্ট সব তথ্য ও নথি পাঠানো হয়েছে বেশ আগে। আমরাও চাই প্রকল্পটি দ্রুত অনুমোদন পাক।’সর্বশেষ তথ্য অনুযায়ী, আমলাতান্ত্রিক বিভিন্ন প্রক্রিয়া শেষে প্রকল্প অনুমোদন-সংক্রান্ত নথিটি পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সদস্যের কাছে রয়েছে। জুনের পর থেকে প্রকল্পে কর্মরত ১১ জনের মধ্যে আটজনের বেতন বন্ধ হয়ে আছে। প্রকল্পের পরিচালকসহ তিনজন প্রেষণে কাজ করছেন।স্থানীয় সরকার বিভাগের অধীনে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পে ২০০১ সাল থেকে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ সহায়তা করছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পরীক্ষামূলকভাবে প্রকল্পটি পরিচালিত হয়। পরে ২০০৭ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত প্রকল্পের দ্বিতীয় পর্যায় পরিচালিত হয়। গত বছরের ডিসেম্বরে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও জুন পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, জন্মনিবন্ধন চলমান প্রক্রিয়া হওয়ায় এ কার্যক্রমকে প্রকল্পের অধীনে না রেখে মন্ত্রণালয়ে একটি সেল গঠনের মাধ্যমে পরিচালনা করতে হবে। এ ছাড়া হাতে লেখা জন্মনিবন্ধন বইয়ের বা ম্যানুয়াল পদ্ধতির তথ্য অনলাইনে সংরক্ষণ করা সময়ের দাবি। একই সঙ্গে অনলাইনে নিবন্ধন করতে আগ্রহী ব্যক্তিদের জন্য সুযোগ সৃষ্টি করা উচিত বলে তাঁরা মনে করেন।প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) পরিচালক আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সরকার সর্বত্র এ প্রকল্পকে গুরুত্ব দিচ্ছে। ২০১৩ সালের জুন মাসের মধ্যে সব জন্মনিবন্ধন তথ্য অনলাইনভুক্ত করতে চাইছে সরকার। অথচ প্রকল্পটির অনুমোদন দিতেই এত সময় লেগে যাচ্ছে।’পাক-ভারত উপমহাদেশে ব্রিটিশ সরকার ১৮৭৩ সালে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন প্রবর্তন করে। সেই আইন বাতিল করে ২০০৪ সালে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন করে সরকার। এ আইন কার্যকর হয় ২০০৬ সালের জুলাই থেকে। বর্তমানে আইনটির সংশোধনী প্রক্রিয়া চলছে।প্রকল্পের হিসাব অনুযায়ী, গত জুন পর্যন্ত দেশে ১৫ কোটি ১৬ লাখ ৭৩ হাজার ৬৭৬ জন জন্মনিবন্ধনের আওতায় এসেছে। ৭ অক্টোবর দুপুর পর্যন্ত প্রকল্পের আওতায় নতুন ও পুরোনো মিলে পাঁচ কোটি ১২ লাখ ৬৮ হাজার জনের জন্মনিবন্ধনের তথ্য অনলাইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনলাইনে তথ্য অন্তর্ভুক্তির জন্য দাতাগোষ্ঠী আর কোনো অর্থ দিচ্ছে না। নিবন্ধক কার্যালয় জন্মনিবন্ধনের জন্য পাওয়া অর্থ থেকে এ কাজ করছে।অন্যদিকে প্রকল্পের এপ্রিল-জুন মাসের ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী, ৩০ জুন পর্যন্ত ৬১ লাখ ৩৪ হাজার ৩৩৮ জনের মৃত্যু নিবন্ধন করা হয়েছে। প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানালেন, মৃত্যু নিবন্ধন করার বিষয়ে জনগণ তেমন সচেতন নয়। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী, মৃত্যুর ৩০ দিনের মধ্যে মৃত্যু-সংক্রান্ত তথ্য নিবন্ধককে জানাতে বাধ্য মৃতের ছেলেমেয়ে বা অভিভাবকেরা। মৃত্যু নিবন্ধনের জন্য কোনো ফি দিতে হয় না। তবে আইন অনুযায়ী, মৃত্যু নিবন্ধনের জন্য সেই ব্যক্তির জন্মসনদ থাকতে হয়। মৃত ব্যক্তির সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা, পারিবারিক পেনশন পাওয়াসহ বিভিন্ন কাজে এ নিবন্ধন থাকা জরুরি। এ ছাড়া মৃত্যু নিবন্ধন না হলে দেশের প্রকৃত জনসংখ্যা নির্ণয়ও সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।প্রকল্প সূত্রে জানা গেছে, দুই বছর মেয়াদি প্রকল্পের তৃতীয় পর্যায়ে ১৮ কোটি ৭৬ লাখ টাকার মধ্যে ইউনিসেফের দেওয়ার কথা সাত কোটি টাকা। সরকার দেবে এক কোটি ২৬ লাখ টাকা। বাকি ১০ কোটি ৫০ লাখ টাকা নিবন্ধন ফি থেকে মেটানোর কথা।পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, শিগগিরই প্রকল্পটি অনুমোদন দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।