জন্ম ও মৃত্যুনিবন্ধন (সংশোধন) আইনের খসড়া অনুমোদন
আইন লঙ্ঘনের পাশাপাশি ভুয়া তথ্য সরবরাহের জন্য শাস্তির বিধান রেখে জন্ম ও মৃত্যুনিবন্ধন (সংশোধন) আইন ২০১৩-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খবর বাসসের।আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব মো. মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।মন্ত্রিপরিষদের সচিব বলেন, ভুয়া তথ্য সরবরাহ ও আইন লঙ্ঘনের জন্য সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় শাস্তির বিধান রাখা হয়েছে খসড়া প্রস্তাবে।১৮৭৩ সালের জন্ম-মৃত্যুর নিবন্ধনসংক্রান্ত প্রাচীন আইনটি আরও যুগোপযোগী করার প্রস্তাব করা হয়েছে এই খসড়ায়। ২০০৪ সালে এই আইনের একবার সংশোধন করা হয়। এই খসড়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্ম ও মৃত্যুনিবন্ধন এবং সংশ্লি¬ষ্ট ব্যক্তির ব্যক্তিগত পরিচিতির বিধান রাখা হয়েছে।এ ছাড়া মন্ত্রিসভা নীতিগতভাবে রাজউকের মতো একটি কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৩’ এবং কক্সবাজার পর্যটন শহরের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’ গঠনের খসড়া অনুমোদন করেছে।প্রস্তাবিত আইন অনুযায়ী, একজন পূর্ণকালীন চেয়ারম্যান ও তিনজন সদস্যের সমন্বয়ে এই কর্তৃপক্ষ গঠিত হবে।মন্ত্রিপরিষদের সচিব আরও বলেন, এর বাইরে ওই কর্তৃপক্ষে সংশি¬ষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত হবেন।মন্ত্রিসভার এ বৈঠকে মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী ও সচিবেরা উপস্থিত ছিলেন।