জন্ম নিল বিরল কাছিমের বাচ্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ এক সাফল্যের জন্ম দিলেন বাংলাদেশের প্রাণীবিদেরা। প্রজননকেন্দ্রে অতি বিরল কেটো বা কাইট্টা কাছিমের বাচ্চা উৎপাদনে সক্ষম হয়েছেন তাঁরা। দেশের বিশেষজ্ঞদের জানামতে, বিলুপ্তপ্রায় এই জলজ প্রাণীর আবদ্ধ অবস্থায় প্রজননের ঘটনা বিশ্বে এটাই প্রথম।৭ ও ৮ জুন গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের কচ্ছপ প্রজননকেন্দ্রে ঘটেছে এই বিরল ঘটনা। ডিম ফুটে বের হয়েছে কাইট্টা কচ্ছপের ২৫টি বাচ্চা। ডিমগুলো সুন্দরবন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল।কাইট্টা কচ্ছপের ইংরেজি নাম নর্দার্ন রিভার টেরাপিন। বৈজ্ঞানিক নাম বাটাগুর বাস্কা। বইয়ের ভাষায় কেটো কচ্ছপ হলেও স্থানীয় নাম কাইট্টা কচ্ছপ হিসেবেই এটি বেশি পরিচিত। গড় আয়ু ৪০ বছর। এটি মিঠা ও নোনা দুই ধরনের পানিতেই বাস করতে পারে। এই ক্ষমতা অন্য কোনো কচ্ছপের নেই। এস এম এ রশিদের নেতৃত্বে দেশের একদল জীববিজ্ঞানী এই সাফল্য পেয়েছেন। ভাওয়াল জাতীয় উদ্যানের কচ্ছপ প্রজননকেন্দ্রের পুকুরে দুই বছরে ১৪টি পুরুষ ও পাঁচটি নারী কচ্ছপকে একসঙ্গে রাখা হয়েছিল। উপকূলীয় এলাকার বিভিন্ন ব্যক্তিমালিকানার পুকুর থেকে কচ্ছপগুলো সংগ্রহ করা হয়। এত দিন ধারণা করা হতো, এই প্রজাতির কচ্ছপ প্রকৃতির মুক্ত পরিবেশ ছাড়া বাচ্চা দেবে না। প্রকৃতি সংরক্ষণ বিষয়ে কাজ করা সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) অতিবিপদাপন্ন প্রাণীর তালিকায় রয়েছে কাইট্টা কাছিমের নাম। একসময় সুন্দরবন থেকে শুরু করে মিয়ানমার-থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া উপকূল পর্যন্ত এই কচ্ছপের বসতি ছিল। জেলেসহ স্থানীয় অনেকের খাদ্যতালিকায় থাকায় এরা চিরতরে হারিয়ে যেতে বসেছে। সুন্দরবনের ভারতীয় অংশ, মিয়ানমারের আরাকান উপকূল, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় এই প্রজাতির কচ্ছপকে আর খুঁজে পাওয়া যায় না; বাংলাদেশের সুন্দরবন এলাকায় কালেভদ্রে দেখা মেলে। জীববিজ্ঞানী দলের প্রধান ও বন্য প্রাণীবিষয়ক গবেষণা-প্রতিষ্ঠান কারিনামের প্রধান নির্বাহী এস এম এ রশিদ গতকাল রোববার প্রথম আলোকে জানান, কচ্ছপের বাচ্চাগুলো সুস্থ আছে। কারিনামের প্রধান আরও জানান, কাইট্টা কচ্ছপ সুন্দরবন এলাকায় কেওড়াগাছের ফল খায় এবং এর বীজ ছড়িয়ে দেয়। এভাবে এরা সুন্দরবনের প্রতিবেশব্যবস্থা টিকিয়ে রাখতে ও কেওড়া বনের বিস্তারে সহায়তা করে। যুক্তরাষ্ট্রের টার্টল অ্যালায়েন্স ও অস্ট্রিয়ার ভিয়েনা চিড়িয়াখানার সহায়তায় বাংলাদেশ বন বিভাগ ও কারিনাম যৌথভাবে এই গবেষণাটি করে। অস্ট্রিয়ার ভিয়েনা চিড়িয়াখানার জীববিজ্ঞানীরা কাইট্টা কচ্ছপ প্রজননের খুব কাছাকাছি পৌঁছেও ব্যর্থ হন। ধারণা করা হয়, অনুকূল প্রাকৃতিক পরিবেশের অনুপস্থিতিই এর কারণ। বন্য প্রাণী বিশেষজ্ঞ ও দুবাই চিড়িয়াখানার প্রধান রেজা খান দুবাই থেকে ফোনে প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, ‘এটি এক অনন্য ঘটনা। বাংলাদেশে এই প্রাণীটির প্রজননের মাধ্যমে পৃথিবী থেকে এটি হারিয়ে যাওয়া থেকে রক্ষা পেল।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মনিরুল খান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বিশ্বে কেবল বাংলাদেশ ও ভারতীয় সুন্দরবন এলাকায় এই কচ্ছপের জাতটি কোনোমতে টিকে আছে। মানুষের উৎপাতে সেখান থেকেও বিলুপ্তির পথে। তাঁর জানামতে, ভাওয়ালের পুকুরেই বিশ্বে প্রথম আবদ্ধ অবস্থায় এই প্রাণীটির প্রজনন হলো।