‘হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান, গত আকালের মৃত্যুকে মুছে দিয়ে আবার এসেছে বাংলাদেশের প্রাণ’ ক্ষুধা ও দুর্ভিক্ষের আকাল আমরা পেরিয়ে এসেছি বহুদিন, কিন্তু উদাসীনতা, নিরাসক্ত অবহেলা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তাই বিশ্বের মানুষের সামনে তুলে ধরতে পারছি না আমাদের জীব ঐতিহ্য ও বৈচিত্র্যের প্রকৃত রূপ। এই উদাসীনতার চক্রে পড়ে আমরা হারাতে যাচ্ছিলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধানের একটি। যে ধানের জন্ম ও ব্যাপ্তি বৃহত্তর সিলেটের মনু, কুশিয়ারা ও সুরমা নদীর উপকূলে। যে ধানের বংশগতি এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। শুধু ধান কিংবা কৃষিবিজ্ঞানে নয়, তার ছায়া পড়েছে বিবর্তনের তাত্ত্বিক আলোচনায় ও জীববিজ্ঞানের শ্রেষ্ঠতম আবিষ্কারকে ধারণ করে সে ধান এখন চলে এসেছে নেচার নামের বিজ্ঞান সাময়িকীর পৃষ্ঠায়। অতি শৈশবে সে ধান ‘খাসালত’, যার নাম (সিলেটি ‘ক’ উচ্চারণের প্রতি সম্মান জানিয়ে এভাবে লেখা হচ্ছে) আমার চেতনায় প্রবেশ করে। আমি এক কৃষিনির্ভর পরিবারের সন্তান। পঞ্চাশের দশকে যখন গ্রামের সম্পন্ন কৃষিজীবী মানুষেরা চাকরি ও জীবিকার অন্বেষণে শহরমুখী হয়েছিলেন, তখন আমার বাবা রয়ে গিয়েছিলেন গ্রামে। ধানখেত, ধানের মাড়াই, আদিগন্ত হলুদ-খয়েরি ধানের খড়ের উপত্যকা, এ ছিল আমার শৈশব। আর মায়ের মুখে শুনতাম, কোন জমিতে লাগানো হচ্ছে চেংড়ি, দুমাই, বাউরশ কিংবা খাসালত। সেই শৈশবে নিবিড় কুয়াশার আবরণে, বিস্তৃত কাটা ধানের ওপর দিয়ে যখন চক্রাকারে ঘুরত মুখে ঠুলি আঁটা গরুর পাল, তখন এই নামের ধানগুলো স্তূপ করা থাকত আমাদের উঠানে।তারপর ষাটের দশকের মাঝামাঝি থেকে শুরু করে সেই কাব্যময় নামগুলো আমরা আস্তে আস্তে ছেড়ে দিলাম, কবি ছন্দ দিয়ে লিখলেন—‘ইরি ধান চায় সোনার বাংলা’ধীরে ধীরে আমরা বাউরশ-খাসালতের জগৎ ছেড়ে প্রবেশ করলাম ইরি-বিরির জগতে। হাওর-বাঁওড় ফেলে আমাদের চেতনার কেন্দ্রবিন্দু হলো ম্যানিলা কিংবা লস বানোস, আর কৃষক বিজ্ঞানীদের ছেড়ে আমাদের ধান-মুর্শিদ হলেন পাঞ্জাবের গুরুদেব খুশ।আমাদের মাঠে মাঠে তখন শুধু ফলতে শুরু করল ইরি-বিরি ধান, লালচে রঙের ভাত ছেড়ে আমরা যাওয়া শুরু করলাম ধবধবে সাদা ভাত আর বিজ্ঞান সাময়িকীগুলোর পাতায় ধানের উৎপত্তিস্থল থেকে বাদ দেওয়া শুরু হলো বাংলাদেশকে। উৎপাদন বাড়ল কিন্তু হারালাম বিজ্ঞান ও ঐতিহ্যকে। এই ধারার সর্বাধুনিক প্রকাশ হলো অতি সম্প্রতি নেচার ম্যাগাজিনের খাসালত-সংক্রান্ত নিবন্ধে। এর প্রধান বিজ্ঞানী সিগ্রিড হাওয়ার আমার পূর্বপরিচিত। শৈশব-কৈশোরে ধান ছিল তাঁর কাছে অজানা বস্তু। ইরির সিড-ব্যাংকের সাবেক প্রধান ও বর্তমান প্রধান দুজনের সঙ্গে আলাপ হয়েছে এ বিষয় নিয়ে। আলাপ হয়েছে কর্নেল বিশ্ববিদ্যালয়ের সুজান মেকুচের সঙ্গেও, যিনি বাংলাদেশের আউশ ধান নিয়ে গবেষণা করে জীবনে প্রতিষ্ঠা পেয়েছেন। অথচ যার ডাকসাইটে লেখাগুলো থেকে বাংলাদেশ অনুপস্থিত। আর অজানা রয়ে গেছে আরও কয়েকটা উল্লেখযোগ্য কথা। ১৯২৫ সালে যুক্তরাষ্ট্র যখন ধান উৎপাদনের পদযাত্রা শুরু করে তখন সিলেট এলাকার পাঁচটি জাতের ধানের বীজ পাঠানো হয়েছিল, আর এর মধ্যে ছিল—খাসালত, ধুমাই, বাউরশ ও বাসমতি। হবিগঞ্জ, সুনামগঞ্জ, কুলাউড়ার ধান আজ সারা পৃথিবীতে ছড়িয়েছে, কিন্তু বাংলাদেশ এখনো পাচ্ছে না তার যথাযোগ্য স্বীকৃতি।২০০৫ সাল থেকে শুরু করে আমি মুখে মুখে প্রতিবাদ জানাচ্ছিলাম। এবার আমি এটা নিয়ে লেখা শুরু করেছি। কশিকিহারি ধানের পরিচর্যাকে যেমন জাপানিরা ‘সাধনা’ রূপে গণ্য করে, ঠিক তেমনি আমি মনে করি ধানের ঐতিহ্যকে ফিরিয়ে আনা আমার ঐতিহাসিক দায়িত্ব। সেই প্রাচীন যুগে ইরি-বিরি স্থাপনার বহু আগে, দিল্লিতে যখন মোগলরাও আসেনি, তখন এক-তীর পরিমাণ জমি নিয়ে যে ভূমিকে আবাদ করা শুরু করেছিলেন আমার পূর্বপুরুষেরা, যে ভূমিতে শুরু করেছিলেন বাউরশ, চেংড়ি, ধুমাই—কাসালতের যুগ সেই ভূমিতে কৃষকের হাতে আমরা আবার ফিরিয়ে দিয়েছি সেই লুপ্ত ধান। এ কাজে আমার সঙ্গে যুক্ত হয়েছেন কৃষিবিজ্ঞানী তানভীর হোসেন। বহুদিন আগে এক কিশোর বিপ্লবী কবি লিখেছিলেন যে ধানের ভেতর দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ নিশিদিন জ্বলছে। এ রকম একটা জ্বলে ওঠা নিয়ে আমরা প্রাচীন সেই ঐতিহ্যের ধানের সপক্ষে দাঁড়ালাম। বিবর্তনমুখী বিজ্ঞান, কাব্যময় নাম, রং ও সুবাস এবং তাকে নির্ভর করে আমাদের প্রাচীন বংশগতি বিজ্ঞানের শ্রেষ্ঠত্ব, এর সবই ধান আমাদের দিয়েছে যুগ যুগ ধরে।আজ এর সবকিছু গ্রহণ করে আমাদের এক বিজ্ঞানমুখী সাংস্কৃতিক জাগরণের দিন। লেখক: জিনবিজ্ঞানী