জন্মদিনে বাবাকে ফিরে পেতে প্রধানমন্ত্রীকে ইলিয়াসের মেয়ের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর একমাত্র মেয়ে সাইয়ারা নাউয়ালের দশম জন্মদিন ছিল গতকাল সোমবার। বাবা ছাড়া জন্মদিনের অনুষ্ঠান তাকে আনন্দের চেয়ে পীড়া দিয়েছে বেশি। আর তাই বাবাকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছে সাইয়ারা।জন্মদিনের দুই দিন আগে বাবাকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে সাইয়ারা। ইংরেজিতে লেখা সেই চিঠি ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৮ জুন আমার জন্মদিন। এই জন্মদিনে আপনি আমাকে একটি উপহার দিতে পারেন। সেই উপহার হচ্ছে আমার বাবা। আমি আমার জন্মদিনের আগেই বাবাকে ফেরত চাই। প্রতি জন্মদিনে আমার বাবা উপস্থিত থাকতেন এবং আমার জন্য অনেক উপহার নিয়ে আসতেন। ইতি, সাইয়ারা নাউয়াল।’ইলিয়াসকে ফেরত দেওয়া সরকারের দায়িত্ব: এদিকে সাইয়ারাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, ‘ইলিয়াস আলী ও তাঁর গাড়ির চালককে জীবিত ফেরত দেওয়া সরকারের দায়িত্ব ও কর্তব্য। আমরা সরকারের কাছে অবিলম্বে তাঁদের পরিবারের কাছে জীবিত ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি।’মির্জা ফখরুল বলেন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও পরবর্তী সময়ে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে বিএনপি নিশ্চিত যে সরকারের লোকেরা ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছে। তাঁর গুমের দুই মাস পার হলেও সরকার এখনো তাঁর কোনো সন্ধান দিতে পারেনি। এমনকি ইলিয়াস আলীকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো চেষ্টা করছে না বলেও তিনি অভিযোগ করেন।সাইয়ারার জন্মদিন উপলক্ষে গতকাল বেলা ১২টার দিকে জন্মদিনের কেক নিয়ে ইলিয়াস আলীর ঢাকার বনানীর বাসায় যান মির্জা ফখরুল। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ শহিদ উদ্দিন চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সরওয়ার, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ ও বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান। তাঁরা ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর, তাঁর দুই ছেলে আবরার ইলিয়াস ও লাবিব সারার এবং মেয়ে সাইয়ারার খোঁজখবর নেন।মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘ইলিয়াস আলী ও তাঁর গাড়ির চালককে জীবিত উদ্ধারে প্রধানমন্ত্রীর আশ্বাসের পর তাঁদের ফিরে পাওয়ার আশা করেছিলাম। পরে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফও তাঁদের উদ্ধারের কথা বলেছিলেন। কিন্তু তাঁদের নিখোঁজের দুই মাস পার হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এমনকি সরকারের পক্ষ থেকে এ বিষয় তাঁদের পরিবারের কাছে কোনো সন্তোষজনক জবাবও দেওয়া হয়নি।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, এ সরকারের আমলে এ পর্যন্ত ১২৭ জন মানুষ গুম হয়েছে। তিনি বলেন, এ ধরনের গুম যে কী নিদারুণ কষ্টের তা এ বাসায় এলে বোঝা যায়। তাই শুধু বিএনপির নয়, সারা দেশের মানুষ এখন ইলিয়াস আলী ও তাঁর গাড়ির চালককে জীবিত ফেরত চায়।মির্জা ফখরুল বলেন, ‘আমরা ইলিয়াস আলীর মেয়ের জন্মদিনের উপহার হিসেবে কেক নিয়ে এসেছিলাম। কিন্তু এ শুভ দিনে উপহার হিসেবে সাইয়ারা তার বাবাকে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছে।’এখনো আশায় আছেন তাহসিনা: দুই মাসেও স্বামীর কোনো সন্ধান না পেলেও এখনো তাঁকে জীবিত ফিরে পাওয়ার আশা করছেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর। গতকাল দুপুরে বনানীর নিজ বাসায় সাংবাদিকদের কাছে এ আশার কথা বলেন তাহসিনা। তিনি বলেন, ‘শনিবার আমি নামাজ পড়ছিলাম। এমন সময় সাইয়ারা খামে করে প্রধানমন্ত্রীর কাছে জন্মদিনের আগেই বাবাকে ফিরে পেতে একটি চিঠি নিয়ে আসে। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বরাবর একই বর্ণনা দিয়ে একটি চিঠি লিখে।’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তাঁর কার্যালয় থেকে কোনো খোঁজখবর নেওয়া হয়েছে কি না—সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তাহসিনা বলেন, ‘এখনো কোনো ফলাফল পাইনি। তবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আশ্বাসে আমি আশাবাদী। সত্যিকার তদন্তের মাধ্যমে কোনো ফলাফল বের হয়ে আসবে। আল্লাহর ওপর ভরসা করে আছি। আশা করি, আল্লাহ আমার স্বামীকে জীবিত ফিরিয়ে দেবেন।’