জন্মদিনে মান্না দের চোখে জল
জন্মদিনে মান্না দে গাইলেন রবীন্দ্রসংগীত, খেয়েছেন খাসির বিরিয়ানি, পায়েস আর প্রিয় আম আলফানসো। ১ মে মান্না দের বয়স হলো ৯৩ বছর। মান্না দে এখন আছেন ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর কল্যাণনগরে। এবার মান্না দে তাঁর জন্মদিন কাটিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি নিয়ে। শুভেচ্ছা জানাতে আসা অতিথিদের শুনিয়েছেন রবীন্দ্রসংগীত ‘পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই’। গানটি গাওয়ার সময় তাঁর চোখ দুটি ভিজে যায়। এদিন বাসায় বাবার প্রিয় কিছু খাবার রান্না করেন মেয়ে সুমিতা দে। জন্মদিনে মান্না দেকে টেলিফোনে শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মান্না দেকে কলকাতায় ফিরে আসার অনুরোধ জানান। তবে মান্না দে বেঙ্গালুরুতে ছোট মেয়ে সুমিতা দের কাছে থাকার আগ্রহ প্রকাশ করেন। মান্না দে অনেক বছর ধরে বেঙ্গালুরুতেই স্থায়ীভাবে আছেন। জন্মদিনে মান্না দেকে ধুতি ও পাঞ্জাবি উপহার হিসেবে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়।