জন্মদিনে সাবার শুটিং
১২ অক্টোবর ছিল সোহানা সাবার জন্মদিন। দেশ টিভির ঈদের নাটক ‘সাপলুডু’র শুটিংয়ের তারিখটা আগে থেকেই চূড়ান্ত করা ছিল। তাই রাত ১২টা এক মিনিটেই স্বামী, বন্ধু আর কাছের মানুষদের নিয়ে জন্মদিনটা উদযাপন করেন সাবা। কারণ পরের দিন যে দিনব্যাপী শুটিং।দেশ টিভিতে ঈদের দিন সন্ধ্যায় প্রচারিত হলো থ্রিলার ধাঁচের গল্প নিয়ে নাটক ‘সাপলুডু’। আর এটি পরিচালনা করেছেন নতুন পরিচালক রাশেদ বিপ্লব। দেশ টিভি এবার ঈদের অনুষ্ঠানমালা সাজিয়েছে নতুনদের নিয়ে। এই টিভি চ্যানেলটির এবার কোরবানির ঈদের অনুষ্ঠানমালার মূল ভাবনা ‘তারুণ্য’।সাবা বললেন, ‘১২ থেকে ১৪ অক্টোবর টানা শুটিং করেছি। জায়গাটা ছিল গাবতলী আর মিরপুরের বস্তি এলাকা। এর আগে ১০ অক্টোবর দার্জিলিং থেকে দেশে ফিরেছি। মাথার ভেতর তখনো দার্জিলিংয়ে বেড়ানোটাই ঘুরছিল। মাথা থেকে সেই দৃশ্যগুলো দূরে সরিয়ে নাটকটির শুটিং করেছি। রাশেদ বিপ্লব একবারেই নতুন পরিচালক, তাই মনে একটু ভয় ছিল। তবে একটা ভরসা ছিল, যেহেতু দেশ টিভি তাঁকে নাটক তৈরির দায়িত্ব দিয়েছে, ভালো কিছু একটা হবেই। শেষ পর্যন্ত হয়েছেও তাই। খুব ভালো একটা কাজ হয়েছে। আর ঈদের দিন সন্ধ্যায় প্রচারিত হওয়ার পর অনেক প্রশংসা পেয়েছি।’সাবা আরও বললেন, ‘শুটিং ইউনিটের সবাই কেমন করে যেন আমার জন্মদিনের তারিখটা টের পেয়ে গিয়েছিল। সন্ধ্যার পর ওদের আয়োজন দেখে আমি তো অবাক—কেক, খাবার, আরও কত কী! ওই আয়োজনটা কখনোই ভুলতে পারব না।’জানালেন, কাল সোমবার তিনি স্বামী মুরাদ পারভেজকে নিয়ে ঈদ করেছেন ঢাকাতেই। আজ বেড়াতে বের হয়েছেন। টঙ্গী হয়ে ঢাকার বাইরের কোথাও যাচ্ছেন। তাঁদের সঙ্গে আছে আরও একটি পরিবার। পথে অপরিচিত কোনো একটা বাড়িতে থামবেন। সেখানে খাবার খাবেন। কিছুক্ষণ বিশ্রাম নেবেন। এরপর আজ রাতেই ঢাকায় ফিরবেন।অপরিচিত কারও বাড়িতে গিয়ে খাবার খাবেন? সাবা বললেন, ‘এটা শুধু আমাদের এই বাংলাদেশেই সম্ভব। কারণ এই দেশের মানুষগুলো খুবই অতিথিপরায়ণ।’