জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট, জনসংখ্যা নিয়ন্ত্রণ কাজ পিছিয়ে দিচ্ছে
জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ সংকটের কারণে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই সংকট চলছে কয়েক বছর ধরে। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়মিত সরবরাহের কারণে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার কমছে, বাড়ছে জনসংখ্যা।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারা বলেছেন, সরকারের হাতে এক মাসের আইইউডি (ইন্ট্রাইউটেরাইন ডিভাইস: মহিলাদের দীর্ঘমেয়াদি অস্থায়ী পদ্ধতি) মজুদ আছে। এরপর ছয় মাস থাকবে না। ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মাঠপর্যায়ে ইনজেকটেবল (মহিলাদের স্বল্পমেয়াদি ইনজেকশন) পদ্ধতি ছিল না। মাঠপর্যায়ে ছয় মাস ইনপ্লান্ট (মহিলাদের দীর্ঘমেয়াদি অস্থায়ী এক ধরনের পদ্ধতি) সরবরাহ ছিল না। সম্প্রতি এই সংকট কেটেছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (লজিস্টিকস) হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম সফল করতে হলে দাতানির্ভরতা কমাতে হবে। জন্মনিয়ন্ত্রণ সামগ্রী দেশেই উত্পাদন করতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক এ কে এম নূর-উন-নবী বলেন, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ অনিয়মিত হলে ব্যবহারে বিরতি পড়ে। ব্যবহারকারীরা সময়মতো জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পাচ্ছে না বলে সক্ষম দম্পতির মধ্যে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার (সিপিআর কন্ট্রাসেপটিভ প্রিভিলেন্স রেট) কমছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে এর বিরূপ প্রভাব পড়ছে। সরবরাহ সংকট: সিলেট বিভাগের একজন কর্মকর্তা জানান, ২০০৯ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে সরকারি কর্মসূচিতে মাঠপর্যায়ে কনডম, সেপ্টেম্বর-নভেম্বর মাসে আইইউডি এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ইনপ্লান্ট ছিল না। ওই কর্মকর্তা আগামী দিনগুলোতেও সরবরাহ সংকটের আশঙ্কা করছেন। তিনি বলেন, এ বছর ফেব্রুয়ারি মাস থেকে সরকারি কর্মসূচিতে ইনজেকটেবল পদ্ধতি থাকবে না প্রায় দুই মাস। কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে অন্যান্য জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সঙ্গে সমন্বয় করে কর্মসূচি চালিয়ে নিতে।বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি গত বছর আগস্ট মাসে প্রজননস্বাস্থ্য সামগ্রীর স্বল্পতা ও মজুদ না থাকার প্রভাব নিয়ে এক গবেষণা ফলাফল প্রকাশ করে। এতে বলা হয়েছে, ২০০৭ সালের নভেম্বর থেকে ২০০৮ সালের অক্টোবর পর্যন্ত দেশের ২৪ থেকে ৪৫ শতাংশ উপজেলায় জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর মজুদ ছিল না। সরবরাহ সংকটের কারণে মানুষের অপূর্ণ চাহিদার হার বাড়ে। সর্বশেষ জরিপে এই হার ছিল ১৪ শতাংশ। অর্থাত্ ১৪ শতাংশ দম্পতির পদ্ধতি গ্রহণের ইচ্ছা থাকলেও পছন্দমতো পদ্ধতি সময়মতো পাচ্ছে না। চার বছর আগে এই হার ছিল ১১ শতাংশ। সংকটের কারণ: সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, সরকারি ক্রয়নীতির কারণে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর পর্যাপ্ত মজুদ বা সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। ক্রয়নীতি অনুযায়ী, ক্রয় প্রক্রিয়া শেষ করার জন্য কাগজপত্র বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটনে দুবার পাঠাতে হয়। সব মিলিয়ে মোট ১৯টি ধাপ পার হতে হয় এবং তাতে কোনো কোনো ক্ষেত্রে সময় লাগে দুই বছর।হোসেন মোল্লা বলেন, সরকার নিজের টাকায় জন্মনিয়ন্ত্রণ সামগ্রী কিনলে এই সমস্যা দূর হতে পারে। উদাহরণ দিয়ে তিনি বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর পাঁচ কোটি টাকার কনডম কিনছে সরকারের এসেনশিয়াল ড্রাগ কোম্পানির কাছ থেকে। পুরো প্রক্রিয়ায় সময় লাগছে পাঁচ মাসেরও কম। সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী উত্পাদনের পরামর্শও দিয়েছেন তিনি। কিছু উদ্যোগের কথাও জানান হোসেন মোল্লা। যেমন, জেলা পর্যায়ের ২১টি আঞ্চলিক গুদাম আধুনিক করা হচ্ছে। পাশাপাশি নতুন আঞ্চলিক গুদাম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।প্রভাব: ২০০৪ সালের বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের তথ্য অনুযায়ী, বিবাহিত নারীদের শতকরা ৫৮ ভাগ কোনো না কোনো পদ্ধতি ব্যবহার করত। সর্বশেষ জরিপে (২০০৭) দেখা যায়, সেই হার কমে ৫৬ শতাংশ হয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহারের হার কমে যাওয়ার ঘটনা এই প্রথম। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (নিপোর্ট) সাবেক পরিচালক আহমেদ আল-সাবীর বলেন, মানুষ সুবিধা অনুসারে পদ্ধতি বেছে নেয়। বছরের পর বছর কেউ কেউ বড়ি খেতে পারেন না। ইনজেকটেবলে দুই থেকে তিন মাস নিশ্চিন্তে থাকেন অনেকে। মানুষ শরীর ও সামাজিক পরিস্থিতির সঙ্গে সংগতিপূর্ণ পদ্ধতি ব্যবহার করে। এখন মানুষের পছন্দমতো পদ্ধতি সহজলভ্য না থাকলে হয়তো তারা কোনো পদ্ধতি গ্রহণ থেকেই বিরত থাকবে।এ কে এম নূর-উন-নবী বলেন, পছন্দের পদ্ধতি কিংবা সামগ্রী হাতের কাছে না পেলে এর ব্যবহারে ছেদ পড়ে। মানুষ চট করে নতুন পদ্ধতি ব্যবহার করে না, করতে পারে না। ২০০৭ সালের সিপিআর কমে যাওয়ার মূল কারণ ২০০৬ সালে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ ছিল না।অর্থনৈতিক ও অন্যান্য প্রভাব: বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) এবং মানব উন্নয়ন গবেষণা কেন্দ্র যৌথভাবে ‘বাংলাদেশে প্রজননস্বাস্থ্যসেবা উপকরণের স্বল্পতা বা মজুদশূন্যতার কারণে মানব ও অর্থনীতির ওপর প্রভাব’ শীর্ষক গবেষণা করেছে। এতে বলা হয়েছে, ২০০৮ সালে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় ‘অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ’-এর সংখ্যা বৃদ্ধি পায় এবং ৪৭ হাজার বাড়তি শিশুর জন্ম হয়। এই গবেষণায় দেখা গেছে, খাওয়ার বড়ি, ইনজেকটেবল ও কনডম—এই তিন ধরনের সামগ্রীর মজুদ না থাকা, সরবরাহ বন্ধ হওয়া বা অনিয়মিত সরবরাহের কারণে ৭ দশমিক ৪ শতাংশ ব্যবহারকারী নানা সমস্যার মুখোমুখি হন। জন্মনিয়ন্ত্রণ সামগ্রী না পেয়ে তাঁরা শারীরিক ও মানসিক সমস্যায় পড়েন এবং তাঁদের আয়-উপার্জন কমে যায়। এসব মানুষ পারিবারিক কাজকর্মে অবদান রাখতে পারেন না, সামাজিক কাজেও তাঁরা নিষ্ক্রিয় হয়ে পড়েন। গবেষণায় বলা হয়েছে, ২০০৮ সালে এক লাখ ৬০ হাজারের বেশি মানুষ জন্মনিয়ন্ত্রণ সামগ্রী না পেয়ে নানা সমস্যায় পড়েন। এদের মধ্যে ৯০ হাজারের বেশি নারী মাসিক নিয়মিতকরণ ও সাড়ে ২২ হাজারের বেশি নারী গর্ভপাত করান। এসব কারণে তাঁদের যে কর্মঘণ্টা নষ্ট হয়েছে, তার আর্থিক মূল্য ছয় হাজার কোটি টাকার বেশি।