জন্মবার্ষিকীতে শাকিলার গান
নিজস্ব বৈশিষ্ট্য আর গায়কির আবেদনে বাংলা গানের শ্রোতার কাছে শাকিলা জাফর আলাদা একটি জায়গা করে নিয়েছেন অনেক আগেই। তিন দশকেরও বেশি সময় তিনি দেশে, দেশের বাইরে, খোলা ময়দান থেকে তারকা হোটেলের মঞ্চে একক সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতার মন জয় করেছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি গুণী এই শিল্পীর ৫০তম জন্মবার্ষিকী। গতকাল শনিবার জাতীয় জাদুঘরে শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একক সংগীতানুষ্ঠানে তিনি সুরের মূর্ছনায় ভরে দিলেন মিলনায়তন।অনুষ্ঠান শুরুর আগেই শ্রোতাদের উপস্থিতিতে মিলনায়তন ছিল পরিপূর্ণ। অনুষ্ঠানটির আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘আমরা সূর্যমুখী’। অনুষ্ঠানের শুরুতে শিল্পীকে ৫০টি গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী তুলে দেন একটি সম্মাননা পদক। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সম্পাদক শফিকুল ইসলাম।গানের আসরের শুরুতে পুষ্পবৃষ্টি আর সমবেত নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে মঞ্চে প্রবেশ করেন শাকিলা জাফর। বললেন, ‘সংগীতের সাগর অনেক বড়। তেমন কিছুই শিখতে পারিনি। তাই এখনো শেখার চেষ্টা করে যাচ্ছি।’ শাকিলা জাফরের সংগীতের শুরুটা হয়েছিল শাস্ত্রীয় সংগীতচর্চার মধ্য দিয়ে। সংগীতের শাস্ত্রীয় দিকগুলো আয়ত্তে রেখেই তিনি ভিন্ন ভিন্ন মেজাজের গান করেন।শিল্পী শোনালেন ‘ভুলিতে পারি না তারে ভোলা যায় না,’ ‘তুমি মিষ্টি করে দুষ্টু বলো’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘তুলা রাশির মেয়ে’, ‘কী যে তুমি চাও’সহ তাঁর পেশাদার সংগীতজীবনের জনপ্রিয় গানগুলো। শিল্পী নকীব খানের সঙ্গে দ্বৈত কণ্ঠে গাইলেন ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি। তপন চৌধুরীর সঙ্গে দ্বৈত কণ্ঠে শোনান ‘পাথরের পৃথিবীতে কাচের হূদয়’ গানটি।