জন্মভিটায় কণ্ঠশিল্পী খুরশীদ আলমকে সংবর্ধনা
বাংলা চলচ্চিত্র গানের ষাট থেকে আশির দশক পর্যন্ত সাড়া-জাগানো কণ্ঠশিল্পী খুরশীদ আলমকে তাঁর জন্মভিটা জয়পুরহাটের কালাই উপজেলার হারুঞ্জা গ্রামে সংবর্ধনা দেওয়া হয়েছে।শনিবার হারুঞ্জা নমিজন আফতাবী উচ্চবিদ্যালয় মাঠে সাংস্কৃতিক সংগঠন ‘স্বাধীন সংঘ’ গ্রামের এই কৃতী সন্তানের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।‘চুমকি চলেছে একা পথে’, ‘যদি বউ সাজো গো’, ‘ধীরে ধীরে চল ঘোড়া’, ‘আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন নয়’, ‘মা গো মা’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী সংবর্ধনা অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘সংগীতকে ভালোবেসে এখনো এই অঙ্গন আঁকড়ে ধরে আছি। কিছু না পেলেও কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছি আমি।’তরুণ প্রজন্মকে মাদক বর্জন করে নিয়মিত ক্রীড়া ও সংগীতের সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানান তিনি।হারুঞ্জা নমিজন আফতাবী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খয়ের গোলাম মওলা, প্রবীণ সংগীত শিক্ষক মনির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে শিল্পী খুরশীদ আলম তাঁর বেশকিছু জনপ্রিয় গান গেয়ে শোনান। এ ছাড়া বগুড়ার ব্যান্ড বিবর্তন ও স্থানীয় শিল্পীরা খুরশীদ আলমের সম্মানে সংগীত পরিবেশন করেন।