জবানবন্দি দিল আল আমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিনবাজারের বড়দেশী গ্রামে ছয় ছাত্র হত্যার ঘটনায় আহত আল আমিনের জবানবন্দি নিয়েছে পুলিশের পক্ষ থেকে গঠিত চার সদস্যের তদন্ত কমিটি। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে কমিটি রাজধানীর দারুস সালাম এলাকায় একটি বদ্ধ ঘরে দুই ঘণ্টা ধরে আল আমিনের জবানবন্দি নেয়। এ সময় আল আমিনের পাশে তাঁর বাবা হবি ব্যাপারী উপস্থিত ছিলেন। পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (প্রশাসন) আমির উদ্দিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সদস্য সচিব ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার মাসুদ করিম ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার রেজাউল হায়দার। কমিটির সদস্যরা আল আমিনের জবানবন্দি নেওয়ার পর ঘটনাস্থল কেবলার চরে যান। বেলা দেড়টার দিকে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন, সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ ও এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করেন।কমিটির প্রধান আমির উদ্দিন কেবলারচরে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের চারজনকে ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। আল আমিনের সঙ্গে কী কথা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, তদন্তের স্বার্থেই তা গোপন রাখা হচ্ছে।’তবে হবি ব্যাপারী জানান, ‘আল আমিনসহ ওই সাত ছাত্র কেন, কোথায় গিয়েছিল কমিটি তা জানতে চেয়েছে এবং আল আমিনের দেওয়া বক্তব্য লিখে নিয়েছে। লেখা শেষে তা আমাদের পড়ে শোনানো হয়।’