জবানবন্দি দিলেন শফিউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অরপাধের মামলায় রাষ্ট্রপক্ষের একাদশতম সাক্ষী মুক্তিযোদ্ধা শফিউদ্দিন আহমেদ জবানবন্দি দিয়েছেন।আজ মঙ্গলবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনালে (একজন অনুপস্থিত) শফিউদ্দিন আহমেদ এ জবানবন্দি দেন।জবানবন্দিতে শফিউদ্দিন আহমেদ বলেন, একাত্তরের ২৭ অক্টোবর তিনি ছয় সহযোদ্ধাসহ ব্রাহ্মণবাড়িয়ার কৈরতলা চেকপোস্টের কাছে পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়েন। সহযোদ্ধাদের মধ্যে দুজন ছিলেন শিরো মিয়া দারোগা ও তাঁর ছেলে আনোয়ার কামাল। আটকের পর তাঁদের ব্রাহ্মণবাড়িয়া কারাগারে রেখে নির্যাতন করা হয়। একাত্তরের ২১ নভেম্বর ঈদুল ফিতরের রাতে পাকিস্তানি সেনারা কারাগারে যায়। সেখানে তাঁরা ছয়জনসহ মোট ৪০ বন্দিকে সেনা ট্রাকে ওঠানো হয়। তবে পাকিস্তানি ব্রিগেডিয়ার সাদুল্লাহ তাঁকে গাড়ি থেকে নামিয়ে আবার কারাগারে ঢোকায়। বাকি ৩৯ জনকে নিয়ে চলে যায়। পরদিন তিনি শুনতে পান রাতে নিয়ে যাওয়া ৩৯ জনকে কৈরতলায় হত্যা করা হয়েছে। মুক্তিযুদ্ধ শেষে তিনি (শফিউদ্দিন আহমেদ) কারাগার থেকে মুক্তি পান।মুক্তি পাওয়ার পর শফিউদ্দিন আহমেদ গ্রামের বাড়ি চলে যান। সেখানে তিনি শোনেন, ওই রাতে যে ৩৯ জনকে হত্যা করা হয়, এর মধ্যে চিনু নামের একজন মুক্তিযোদ্ধা প্রাণে বেঁচে গেছেন। তাঁর বাঁ পাঁজরে গুলি লাগে।শফিউদ্দিন আহমেদ শিরো মিয়ার স্ত্রীর কাছে আরও শোনেন, তিনি (শিরো মিয়ার স্ত্রী) গোলাম আযমের সঙ্গে দেখা করে তাঁকে একটি চিঠি দিয়েছিলেন।জবানবন্দি শেষে বেলা দুইটার পর আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করবেন।