জবানবন্দিতে সাকা চৌধুরীর নাম বলেননি সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী পরাগ ধর জবানবন্দিতে বলেছেন, একাত্তরে ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যরা তাঁদের বাড়িতে লুটপাট করেছে বলে তিনি শুনেছেন। তবে জবানবন্দিতে তিনি একবারও আসামি সাকা চৌধুরীর নাম বলেননি।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল বৃহস্পতিবার পরাগ ধর (৪৮) জবানবন্দি দেন। পরে আসামিপক্ষ তাঁকে জেরা করে। এ সময় সাকা চৌধুরী আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন।জবানবন্দিতে ব্যবসায়ী পরাগ ধর বলেন, তাঁর বাবার নাম মৃত মানিক ধর। মুক্তিযুদ্ধকালে তাঁর বয়স ছিল সাত বছর। একাত্তরের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে চট্টগ্রামের জগৎমল্লপাড়া, মধ্য গহিরা, সুলতানপুর, কুণ্ডেশ্বরী প্রভৃতি স্থানে লুটতরাজ শুরু হয়। রাজাকাররা সেখানে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে। তিনি শুনেছিলেন যে এসব স্থানে আলবদর ও রাজাকাররা গণহত্যা শুরু করেছিল। এই খবর পেয়ে বাবা-মা-ভাই-বোনসহ পরিবারের সদস্যরা ভারতের আগরতলা চলে যান। পরে কলকাতায় গিয়ে আশ্রয় নেন। মুক্তিযুদ্ধ শেষে তাঁরা দেশে ফিরে আসেন।পরাগ বলেন, তাঁর ঠিকাদার বাবার একটি জিপগাড়ি ও একটি ধান ভাঙানোর যন্ত্র ছিল। মুক্তিযুদ্ধ শেষে দেশে ফিরে তিনি দেখেন, রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যরা তা লুটে নিয়ে গেছে। তাঁদের বাড়ির সব আসবাব লুটপাট হয়ে গেছে। তিনি শোনেন, মুসলিম লীগের প্রধান ফজলুল কাদের চৌধুরীর (সাকা চৌধুরীর বাবা) নেতৃত্বে এসব ঘটনা ঘটে।এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানতে চান, ফজলুল কাদের চৌধুরীর সঙ্গে কারা ছিল? জবাবে সাক্ষী বলেন, তিনি আর কারও নাম বলতে পারবেন না।সাক্ষী পরে বলেন, তাঁর বাবা বাড়িঘর লুটের বিষয়ে ১৯৭২ সালে একটি মামলা করেছিলেন। এই মামলার আসামি কারা ছিল তা তিনি বলতে পারবেন না, কারণ মামলার কোনো অনুলিপি তিনি পাননি। তবে মামলা করার পর বিভিন্ন সংস্থা এসে সাক্ষ্য নিয়ে গিয়েছিল।মাত্র ১০ মিনিটের জবানবন্দি শেষ হলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাক্ষীর কাছে জানতে চান, আসামির কাঠগড়ায় উপস্থিত ব্যক্তিকে (সাকা চৌধুরী) তিনি চেনেন কি না? এ সময় ট্রাইব্যুনাল বাধা দিয়ে বলেন, জবানবন্দিতে সাক্ষী একবারও সাকা চৌধুরীর নাম বলেননি। ফলে সাক্ষী তাঁকে চেনেন কি না এ প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই।পরে আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক সাক্ষীকে জেরা শুরু করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম এ সময় বিরোধিতা করে বলেন, সাক্ষী যেহেতু জবানবন্দিতে একবারও আসামির নাম বলেননি, সেহেতু তাঁকে জেরার প্রয়োজন নেই। আহসানুল বলেন, কিন্তু জবানবন্দিতে আসামির বাবার নাম বলা হয়েছে।এ পর্যায়ে আসামির কাঠগড়ায় বসা সাকা চৌধুরী উচ্চ স্বরে বলেন, ‘আমি সালাউদ্দিন কাদের চৌধুরী তো আছি, ফজলুল কাদের চৌধুরীর ছেলে হিসেবে, না হলে তো আসামিই হই না।’বাবা জমিদার ছিলেন কি না—জেরায় আসামিপক্ষের আইনজীবীর এ প্রশ্নে রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, হ্যাঁ, তাঁর বাবার জমিদারি ছিল। এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী নির্মল শর্মাকে চেনেন কি না—এ প্রশ্নের জবাবে পরাগ ধর বলেন, চেনেন, কিন্তু পরিচয় নেই। মধ্য গহিরায় নির্মল শর্মাদের বাড়ি যেখানে অবস্থিত, সে জায়গাকে নাপিতপাড়া বলে—আহসানুলের এ বক্তব্যে সাক্ষী সম্মতি জানান।আহসানুল মত (সাজেশন) দেন, জবানবন্দিতে সাক্ষী যেসব ঘটনার কথা বলেছেন, সেগুলো পাকিস্তানি সেনা ও রাজাকাররা সংঘটিত করেছে। সাক্ষী একমত পোষণ করেন। তবে ফজলুল কাদের চৌধুরী সম্পর্কে যেসব কথা বলা হয়েছে, তা তদন্ত কর্মকর্তা শিখিয়ে দিয়েছেন—আহসানুলের এ মতের বিরোধিতা করে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’জেরা শেষ হলে এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৫ আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।কাদের মোল্লার বিরুদ্ধে কাজী রোজীকে জেরা শেষ: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী কবি কাজী রোজীকে গতকাল জেরা শেষ করেছে আসামিপক্ষ। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ কাজী রোজীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী একরামুল হক।কবি মেহেরুননেসা হত্যার খবর সাক্ষী কখন পেলেন এবং সে সময় তিনি কোথায় ছিলেন—আইনজীবীর এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, তিনি একাত্তরের ২৭ মার্চ সন্ধ্যার আগে কবি মেহেরুননেসা, তাঁর মা ও দুই ভাই হত্যার খবর পান। সে সময় তিনি কলাবাগানে খালার বাড়িতে ছিলেন। সত্তরের নির্বাচনের সময় কাদের মোল্লার সঙ্গে সরাসরি দেখা হয়েছিল কি না—এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, কাদের মোল্লার সঙ্গে দেখা না হলেও তিনি বহুবার তাঁর নাম শুনেছেন। কাদের মোল্লা জামায়াতের প্রার্থী গোলাম আযমের পক্ষে কাজ করেছেন, এ কথা তিনি মানুষের মুখে শুনেছেন।একরামুল হক জানতে চান, সাক্ষীর লিখিত বই শহীদ কবি মেহেরুননেসাতে বলা হয়েছে, মেহেরুননেসাকে অবাঙালিরা মেরে ফেলেছে, কিন্তু কাদের মোল্লার নাম উল্লেখ করা হয়নি কেন? কাজী রোজী বলেন, পূর্বভীতি থাকার ফলে তিনি বইটিতে কারও নাম উল্লেখ করেননি।গতকাল জেরার একপর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা কাদের মোল্লা বলেন, তাঁকে বারবার কাদের মোল্লা বলা হচ্ছে। কিন্তু এর আগে আবদুল বলা উচিত।এই মামলায় রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য ২৯ জুলাই দিন ধার্য করা হয়েছে।