জব্দ অস্ত্রগুলো অকেজো হওয়ার আশঙ্কা
বিদ্রোহের সময় ব্যবহার করা বিডিআরের প্রায় সাড়ে তিন হাজার অস্ত্র এক বছর ধরে মালখানায় পড়ে আছে। নিউমার্কেট থানায় দায়ের করা মামলার আলামত হিসেবে সিআইডি এসব অস্ত্র জব্দ করে। জব্দ করা অস্ত্রগুলো পিলখানার মোট অস্ত্রের ৫৫ শতাংশ বলে জানা গেছে।বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, এভাবে দীর্ঘ সময় পড়ে থাকলে অস্ত্রগুলোতে কার্বন জমে এগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। কোটি কোটি টাকা দামের অস্ত্র আর কোনো কাজে আসবে না। অস্ত্রগুলোর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার বলে তিনি অভিমত দেন।বিডিআর সূত্র জানায়, বিদ্রোহের পর সিআইডি ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে পিলখানার কোতের (অস্ত্র ও গোলাবারুদের গুদাম) মজুদ এবং এর ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখা হয়। ওই সময় গুদামে থাকা সব অস্ত্র সিআইডির আগ্নেয়াস্ত্র শাখা পরীক্ষা করে। এসব অস্ত্র পরীক্ষার পর তারা নিশ্চিত হয়, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দুই দিনে পিলখানায় বিদ্রোহের সময় তিন হাজার ৪৪১টি অস্ত্র থেকে গুলিবর্ষণ করা হয়েছে। এসব অস্ত্রের মধ্যে ছিল রাইফেল, পিস্তল, রিভলবার, এলএমজি, এসএমজি, মেশিনগান ও সাব-মেশিন কারবাইন। ওই সময় আর্জেস গ্রেনেডও বিস্ফোরিত হয়।সিআইডির কর্মকর্তারা জানান, বিদ্রোহের সময় ব্যবহূত অস্ত্রগুলো তাঁরা জব্দ করেছেন। এসব অস্ত্রের মধ্যে আছে দুই হাজার ১১১টি রাইফেল, ৬৯টি পিস্তল, ৫৮৮টি এসএমজি, ৩১টি এলএমজি, ১৩টি এইচএমজি, দুটি স্নাইপার রাইফেল , ১৪টি মর্টার শেল, ছয়টি রকেট লঞ্চার ও সাতটি ট্যাংকবিধ্বংসী অস্ত্র। সিআইডি এসব অস্ত্র জব্দ করে বিডিআরের হেফাজতে দেয়।সূত্র জানায়, সেনাবাহিনী ও সিআইডির গণনায় দেখা যায়, দুই দিনে বিদ্রোহীরা প্রায় ৩৮ হাজারটি গুলিবর্ষণ করে। এসব গুলির মধ্যে রাইফেল, এসএমজি ও এলএমজি থেকে ছোড়া হয়েছে ৩৬ হাজার ২৬৩টি, পিস্তলের গুলি ব্যবহার করা হয়েছে এক হাজার ৬৫৯টি, মেশিনগানের গুলি ছোড়া হয়েছে এক হাজার ৪৭৬টি, সাব-মেশিনগান থেকে ১২৯টি ও সাব-মেশিন কারবাইন থেকে ১২৯টি গুলি ছোড়া হয়েছে।বিডিআরের কর্মকর্তারা জানান, বিদ্রোহের সময় ব্যবহার করা বিডিআরের ৬৪টি পিস্তল, পাঁচটি রাইফেল ও একটি এসএমজিসহ ৭৭টি অস্ত্রের হদিস মেলেনি। একইভাবে ১৯৯টি আর্জেস গ্রেনেড, ছয়টি মর্টার শেল ও একটি রকেট লঞ্চারের হদিস নেই। এগুলো ব্যবহার করা হয়েছে না কেউ নিয়ে গেছে, সে ব্যাপারে কেউ নিশ্চিত হয়ে কিছু বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, বিদ্রোহের পর অনেকে ছোট অস্ত্র ফেলে দিয়ে পালিয়ে গেছে। এ কারণে অস্ত্রগুলো আর পাওয়া যাচ্ছে না। বিদ্রোহ অবসানের পর অস্ত্রের খোঁজে পিলখানার ভেতরের পুকুরের পানি সেঁচে ফেলা হয়েছিল।বিডিআরের মহাপরিচালক প্রথম আলোকে বলেন, অস্ত্রগুলো জব্দ থাকার কারণে সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। এতে বাহিনীর স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। জব্দ করা অস্ত্রগুলোর জায়গায় নতুন অস্ত্র কেনা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল বলে বিডিআরের কর্মকর্তারা জানিয়েছেন।এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ প্রথম আলোকে বলেন, আদালতের অনুমতি ছাড়া এসব অস্ত্র ব্যবহার করা যাবে না। অস্ত্রগুলো নষ্ট হওয়ার আশঙ্কার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, সরকার সিদ্ধান্ত নিলে আদালতের অনুমতি নিয়ে অস্ত্রগুলো ব্যবহার করা যেতে পারে।