জব্দ করা লাদেনের ভিডিওচিত্র প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার পর পাকিস্তানের অ্যাবোটাবাদের সেই বাড়ি থেকে জব্দ করা ভিডিওচিত্র প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। ২ মে ওই বাড়িতে অভিযানের সময় ভিডিওগুলো জব্দ করে মার্কিন বাহিনী। মার্কিন ওই অভিযানে লাদেন নিহত হন। এদিকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গত শুক্রবার ওয়াশিংটনে গেছেন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান লে. জেনারেল আহমেদ সুজা পাশা।লাদেন অ্যাবোটাবাদের যে বাড়িতে নিহত হন, সেখান থেকে মোট পাঁচটি ভিডিওচিত্র জব্দ করা হয়। গতকাল শনিবার প্রকাশ করা ভিডিওচিত্রগুলোতে দেখা গেছে, লাদেন টিভি দেখছেন এবং যুক্তরাষ্ট্রের উদ্দেশে ভিডিও বার্তা তৈরির প্রস্তুতি নিচ্ছেন। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা কর্মকর্তারা জানান, অ্যাবোটাবাদের ওই বাড়িটি থেকে লাদেন সক্রিয়ভাবে আল-কায়েদার নেতৃত্ব দিয়ে আসছিলেন। প্রথম ভিডিওচিত্রটি তৈরি করা হয় গত বছরের নভেম্বরে। সেখানে দেখা যায়, লাদেন সাদা টুপি ও একটি গাউন পরে ক্যামেরার সামনে কথা বলছেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেসব ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন, ওই ভিডিওচিত্রেও তাঁকে একই ভঙ্গিতে কথা বলতে দেখা যায়। তবে ওই ভিডিওচিত্রে কোনো অডিও যুক্ত করা হয়নি। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, এই ভিডিওচিত্রটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে নির্মিত হচ্ছিল। অপর তিনটি ভিডিওচিত্রে দেখা যায়, লাদেন ভিডিও বার্তা তৈরির জন্য মহড়া করছেন।অপর একটি ভিডিওচিত্রে দেখা যায়, লাদেন আরবি ভাষার একটি চ্যানেলে তাঁকে নিয়ে প্রচারিত অনুষ্ঠান দেখছেন এবং আমেরিকার উদ্দেশে নতুন ভিডিও বার্তা তৈরির প্রস্তুতি নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, মার্কিন সেনা অভিযানে লাদেন নিহত হয়েছেন—মানুষকে এটা বিশ্বাস করাতেই লাদেনের এই ভিডিও প্রকাশ।এদিকে পাকিস্তানি গোয়েন্দা বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তার নামধাম এবং তাঁদের সম্পর্কে তথ্য চেয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের ধারণা, লাদেনের অবস্থান সম্পর্কে পাকিস্তানি গোয়েন্দারা অবগত ছিলেন। এমনকি হয়তো তাঁরা ওসামাকে আশ্রয়-প্রশ্রয়ও দিয়েছেন। এসব বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গত শুক্রবার ওয়াশিংটনে গেছেন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান লে. জেনারেল আহমেদ সুজা পাশা।নিউইয়র্ক টাইমস জানায়, মার্কিন প্রশাসনের কর্মকর্তারা এখনো সরাসরি বলছেন না যে বিন লাদেনের অবস্থান সম্পর্কে পাকিস্তান সরকার জানত। তবে প্রশাসনের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেন, ‘পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি এবং আইএসআইয়ের প্রধান সুজা পাশা ওসামার অবস্থান সম্পর্কে জানতেন, এটা বিশ্বাস করা কঠিন। কিন্তু কেউ না কেউ জানত। এখন যদি জানা যায়, পাশার ঘনিষ্ঠ কেউ ওসামার অবস্থানের বিষয়টি অবগত ছিলেন, তাতে আমি অবাক হব না।’ পাকিস্তানের এক সাবেক কর্মকর্তা জানান, অ্যাবোটাবাদকে একটি সুরক্ষিত শহরই বলা যায়। আর বিন লাদেন যে বাড়িতে ছিলেন, তার থেকে মাত্র ২০০ মিটারের কম দূরত্বে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমি। আশপাশের বেশির ভাগ এলাকায় সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বসবাস। আর জঙ্গি হামলার আশঙ্কায় সম্প্রতি ওই এলাকার নিরাপত্তাও জোরদার করা হয়।পাকিস্তানের সাবেক কর্মকর্তা এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান আব্বাস বলেন, ‘ওসামা এত বছর ধরে অ্যাবোটাবাদে থাকলেন আর সেখানকার পুলিশ ও গোয়েন্দারা কিছু জানল না, এটা আশ্চর্য হওয়ার মতো বিষয়।’মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা আর্ট কেলার। ২০০৬ সালে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে বিন লাদেনের খোঁজে তল্লাশি অভিযানের সঙ্গে জড়িত ছিলেন তিনি। কেলার বলেন, ‘বিন লাদেন লুকানোর জন্য ২০০৫ সালে অ্যাবোটাবাদের মতো একটি সেনাঘাঁটিসমৃদ্ধ শহর কেন বেছে নিলেন, সেটা সন্দেহের বিষয়। ওই শহরে সেনাবাহিনীর উপস্থিতির বিষয়টি নিশ্চয়ই তিনি অবগত ছিলেন।’আর্ট কেলার আরও বলেন, ‘মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে বিন লাদেন যদি কোনো জনবসতিপূর্ণ এলাকায় থাকতে চাইতেন, তাহলে আরও অনেক এলাকায় তিনি যেতে পারতেন। তার পরও তিনি অ্যাবোটাবাদে কেন গেলেন? তাহলে পাকিস্তানি সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থার কোনো কর্মকর্তা নিরাপত্তার বিষয়ে নিশ্চয়ই তাঁকে আশ্বস্ত করেছিলেন?’পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন গতকাল শনিবার জানায়, আইএসআইয়ের প্রধান সুজা পাশা শুক্রবার ওয়াশিংটনে গেছেন। ওসামার উপস্থিতির বিষয়ে ইসলামাবাদের অবস্থান ব্যাখ্যা করতেই তিনি যুক্তরাষ্ট্রে গেছেন বলে ধারণা করা হচ্ছে।অসমর্থিত সূত্রের বরাত দিয়ে ডন জানায়, আইএসআইয়ের প্রধান সুজা পাশা ওয়াশিংটনের উদ্দেশে রওনা হওয়ার আগে ইসলামাবাদে সিআইএর স্টেশন-প্রধানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি সন্ত্রাসবিরোধী যুদ্ধে আইএসআইয়ের অবদান তুলে ধরেন।তবে নিউজউইক সাময়িকীর সহযোগী অনলাইন প্রকাশনা দ্য ডেইলি বিস্ট জানিয়েছে, পাকিস্তানে আল-কায়েদার প্রধানের উপস্থিতি এবং মার্কিন অভিযান সম্পর্কে না জানার ব্যর্থতার জন্য সুজা পাশার পদত্যাগ এখন সময়ের ব্যাপার মাত্র।এদিকে বিন লাদেন অ্যাবোটাবাদের যে বাড়িতে ছিলেন, সেটি ভেঙে ফেলবে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। জিহাদিদের কাছে ওই বাড়িটি যাতে পবিত্র স্থান হয়ে না ওঠে, সে জন্য তারা এ সিদ্ধান্ত নিয়েছে।নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা দ্য নিউজ পত্রিকাকে বলেন, ‘এর আগেও আমরা যেমনটি করেছি, ঠিক তেমনি ওই বাড়িটিও গুঁড়িয়ে দেব। আমরা চাই না, জিহাদিরা বাড়িটিকে তাদের পবিত্র স্থান বানিয়ে তুলুক।’ ২ মে রাতে মার্কিন কমান্ডোদের অভিযানে লাদেন নিহত হওয়ার পর থেকে বাড়িটি ঘিরে রেখেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। বিবিসি, এএফপি, নিউইয়র্ক টাইমস, ডন।