জব্দ কাপড়ের ভাগ নিয়ে থানায় পুলিশের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোরাকারবারিদের কাছ থেকে জব্দ করা শাড়ি ও সালোয়ার-কামিজ আত্মসাতের অভিযোগে কলারোয়া থানার উপপরিদর্শক তারক বিশ্বাস ও সহকারী উপপরিদর্শক স্বপন বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে সহকারী উপপরিদর্শক আলমগীর হোসেন ও কনস্টেবল আলমগীরকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী এই নির্দেশ দেন। কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন প্রথম আলো ডট কমকে জানান, সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা কালাম গত শুক্রবার রাতে কলারোয়া থানায় একটি মামলার তদন্তের জন্য যান। তদন্ত শেষে রাত একটার দিকে তিনি সাতক্ষীরায় ফেরার পথে গাড়ির সামনে চোরাকারবারিদের মোটরসাইকেলের বহর দেখতে পান। তিনি এ সময় দুটি মোটরসাইকেলসহ ভারতীয় উন্নতমানের শাড়ি ও সালোয়ার-কামিজ আটক করেন। আটক কাপড় থানায় জমা দিয়ে তিনি সাতক্ষীরায় ফিরে যান।ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্ত দুজন চোরাকারবারিকে আটক করে। তাঁরা হলেন উপজেলার বোয়ালিয়া গ্রামের আয়উব আলী (২৮) ও মারুফ হোসেন (২৫) । বাকি চোরাকারবারিরা মোটরসাইকেলে পালিয়ে যায় বলে পুলিশ দাবি করেছে। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ওই রাতে শুরু হয় আটক কাপড় নিয়ে পুলিশের সদস্যদের মধ্যে লঙ্কাকাণ্ড। কে কয়টা শাড়ি ও সালোয়ার-কামিজ নেবেন, তা নিয়ে শুরু হয় টানাটানি। এর মধ্যে ৫৫টি শাড়ি ও ৭৫টি সালোয়ার-কামিজ কলারোয়া থানার একজন কর্মকর্তা রেখে দেন। পরে একটি প্রাইভেট কারে আটক কাপড় খুলনায় নিয়ে যাওয়া হয়। একজন সহকারী উপপরিদর্শক এসব কাপড় খুলনায় নিয়ে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে থানার ভেতরে ১০টি শাড়ির ভাগাভাগি নিয়ে সহকারী উপপরিদর্শক আলমগীর হোসেন ও সহকারী উপপরিদর্শক স্বপন বিশ্বাসের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ ঘটনা জানার পর সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী আজ রোববার বিকেলে কলারোয়া থানায় তদন্তে যান। তদন্তকালে তিনি দেখতে পান, গত শুক্রবার রাতে সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফার আটক করা পণ্যের জব্দ তালিকায় দেখানো হয়েছে ১৩০টি শাড়ি ও ৬৪টি সালোয়ার-কামিজ। কিন্তু মালখানায় গিয়ে তিনি দেখতে পান সেখানে আছে ১৯৫টি শাড়ি ও ১০০টি সালোয়ার-কামিজ। এ ছাড়া স্বপন বিশ্বাসের বাক্স থেকে উদ্ধার করেন ১০টি শাড়ি। অতিরিক্ত পুলিশ সুপারের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে গতকাল পুলিশ সুপার ব্যবস্থা নেন।কলারোয়া থানার উপপরিদর্শক তারক বিশ্বাস বলেন, ‘কর্তার ইচ্ছায় কর্ম। ওসি স্যারই জব্দ তালিকায় কম দেখিয়েছেন। তিনি যেভাবেই বলেন আমাদের সেইভাবে চলতে হয়।’কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা জানান, মালখানার দায়িত্বে ছিলেন উপপরিদর্শক তারক বিশ্বাস। শাড়ি ও সালোয়ার-কামিজ পাওয়া গেছে উপপরিদর্শক তারক বিশ্বাস ও স্বপন বিশ্বাসের কাছে। তিনি এ বিষয়ে জড়িত না থাকার দাবি করে বলেন, ‘খামখা আমাকে জড়াতে চায়।’সাতক্ষীরার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় উপপরিদর্শক তারক বিশ্বাস ও সহকারী উপপরিদর্শক স্বপন বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া সহকারী উপপরিদর্শক আলমগীর হোসেন ও কনস্টেবল আলমগীরকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। দ্রুত আর একটি তদন্ত কমিটি করে বিষয়টি বিস্তারিত তদন্ত করে অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।