জব্দ ব্যাংক হিসাব খোলার আবেদন করলেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের জব্দ ব্যাংক হিসাবগুলো খুলে দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। ব্যাংক হিসাব খোলা সম্ভব না হলে বাড়িভাড়া, সংসার খরচ মেটাতে মাসে অন্তত আড়াই লাখ টাকা উত্তোলনের জন্য অনুমতি চেয়েছেন তিনি। গতকাল সোমবার আইন পরামর্শক প্রতিষ্ঠান আজম খান অ্যান্ড অ্যাসোসিয়েটসের মাধ্যমে এই আবেদনপত্র এনবিআরের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৫ এপ্রিল খালেদা জিয়ার ব্যাংক হিসাব তলব করেছিল এনবিআরের গোয়েন্দা সেল। পরে ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল। আবেদনপত্রে বলা হয়েছে, এই মুহূর্তে বিরোধীদলীয় নেত্রীর নামে এনবিআরের কোনো মামলা নেই। তাই বেগম খালেদা জিয়ার জব্দ করা ব্যাংক হিসাবগুলো খুলে দেওয়ার অনুরোধ করা হয়। তা সম্ভব না হলে মাসে অন্তত আড়াই লাখ টাকা উত্তোলনের অনুমতি চাওয়া হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের পর মাসিক দুই লাখ টাকা ভাড়ায় গুলশানের একটি বাড়িতে উঠেছেন বিরোধীদলীয় নেত্রী। এ ছাড়া সংসারের মাসিক খরচ আরও ৫০ হাজার টাকা ধরা হয়েছে। প্রতি মাসের এই সংসার খরচ মেটানোর টাকা তিনি সোনালী ব্যাংকের ক্যান্টনমেন্ট শাখা থেকে তুলতে চান। ওই শাখায় তাঁর ব্যাংক হিসাব নম্বর আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে। যোগাযোগ করা হলে খালেদা জিয়ার আইনজীবী আহমেদ আজম খান প্রথম আলোকে বলেন, ‘ম্যাডামের জব্দ সব ব্যাংক হিসাব খুলে না দেওয়ার বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর জন্য দায়ী বর্তমান প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী। ম্যাডামের ব্যাংক হিসাব খুলে দেওয়াটা গণতন্ত্রের জন্য ভালো হবে। কেননা, একই সময়ে বর্তমান প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর ব্যাংক হিসাব খুলে দেওয়া হলে বিরোধীদলীয় নেত্রীর হিসাব কেন খোলা হবে না।’ তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার নামে এই মুহূর্তে এনবিআর কিংবা দুর্নীতি দমন কমিশনের কোনো মামলা নেই।