জমকালো আয়োজনে শেষ হলো চলচ্চিত্র মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাঁকজমকপূর্ণ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে আজ ১৩ জানুয়ারি শুক্রবার শেষ হয়েছে ‘চলচ্চিত্র মেলা ১২’। এই মেলার এটি চতুর্থ আসর।বাংলাদেশের ঐতিহ্যবাহী চলচ্চিত্র শিল্পের ক্রমবিকাশমান ধারাকে দেশ-বিদেশের কোটি কোটি বাঙালির কাছে তুলে ধরতে এ মেলার আয়োজন করেছে যৌথভাবে বিএফডিসি ও চ্যানেল আই কর্তৃপক্ষ। চলচ্চিত্র মেলার উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর প্রযোজক কলিমউদ্দিন চেয়ারম্যানের ছেলে চিত্রনায়ক আলমগীর শুভেচ্ছা বক্তব্য দেন। এরপর বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি মাসুদ পারভেজ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মোহাম্মদ হান্নান, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান, চলচ্চিত্র চিত্রগ্রাহক সংস্থার সভাপতি আবদুল লতিফ বাচ্চু, ফিল্ম এডিটর গিল্ড অ্যাসোসিয়েশনের সভাপতি আবু মুসা দেবু, তথ্যসচিব হেদায়েতউল্লাহ আল মামুন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক ম হামিদ ও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। শুভেচ্ছা বক্তব্যের পর বেলুন উড়িয়ে ও ক্ল্যাপস্টিক ধরে মেলার উদ্বোধন করেন অতিথিরা।চলচ্চিত্র মেলা থেকে এবার আজীবন সম্মাননা ও পরিবারভিত্তিক সম্মাননার পাশাপাশি ১০ জন শিল্পীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: সংগীতে আবদুল জব্বার, বশীর আহমেদ ও খুরশীদ আলম। সোনালি যুগের চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিশেষ সম্মাননা লাভ করেন রোজিনা, নূতন, অঞ্জনা ও সুচরিতা। চলচ্চিত্রের এ প্রজন্মের শিল্পীদের মধ্যে বিশেষ সম্মাননা দেওয়া হয় শাকিব খান, মিশা সওদাগর ও মৌসুমীকে।এবারের চলচ্চিত্র মেলায় ৪০টি স্টল ছিল। সেখানে চলচ্চিত্র নির্মাণ থেকে শুরু করে সংশ্লিষ্ট নানা কিছু তুলে ধরা হয়। এ ছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে ছিল চলচ্চিত্রের এ-যাবত্কালের হারিয়ে যাওয়া শিল্পীমুখের প্রদর্শনীসহ আরও নানা প্রদর্শনী।দিনব্যাপী এ মেলায় বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন আমিন খান, শিমলা, সাহারা, তামান্না, নিপুণ, সম্রাট, তমা মির্জা, ইমন, নিরব, সারিকা, রিজিয়া পারভীন, কনা, টেলি সামাদসহ অন্যরা।চলচ্চিত্র মেলা সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আইতে।এবারের চলচ্চিত্র মেলা পরিচালনা করেন তাহের শিপন। আর সঞ্চালনায় ছিলেন অপু মাহফুজ ও মৌসুমী।মেলার প্রধান পৃষ্ঠপোষক প্রসাধনী প্রতিষ্ঠান কিউট।