জমকালো সমাপনী অনুষ্ঠানের প্রতিশ্রুতি লন্ডনের
গত ২৭ জুলাই জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছিল লন্ডন অলিম্পিকের। দুই সপ্তাহ ধরে পুরো বিশ্বের শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের পদক জয়ের লড়াই শেষে আজ পর্দা নামছে ক্রীড়াবিশ্বের সবচেয়ে বড় আসরের। উদ্বোধনীর মতো সমাপনী অনুষ্ঠান দিয়েও সবার মন জয় করে নিতে চান লন্ডন অলিম্পিকের আয়োজকেরা। সমাপনী অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত তিনটায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।লন্ডন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে দর্শকদের বিনোদিত করবেন জেসি জে ম্যাডনেস, জর্জ মাইকেল, ওয়ান ডিরেকশন, পেট শপ বয়েজের মতো তারকারা। এ ছাড়াও দীর্ঘদিন পর অলিম্পিক উপলক্ষেই আবার একই মঞ্চে একত্র হতে যাচ্ছেন স্পাইস গার্লসের তারকারা। তিন ঘণ্টাব্যাপী এই সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রায় চার হাজার শিল্পী।উদ্বোধনী অনুষ্ঠান দিয়েই অসংখ্য দর্শকদের মন জয় করেছিল এবারের অলিম্পিক আয়োজক লন্ডন। তবে সমাপনী অনুষ্ঠানে সেটাকেও ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকেরা। সমাপনী অনুষ্ঠানের শিল্প পরিচালক কিম গেভিন বলেছেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানটা আয়োজনের সুযোগ পেলে আমি হয়তো একটু অন্য রকম দৃষ্টিভঙ্গি নিয়েই কাজটা করতাম। আমরা দুই সপ্তাহ ধরে ক্রীড়াবিশ্বের সবচেয়ে বড় আসরটা উপভোগ করেছি। এখন আমাদের দরকার নতুন ধরনের কিছু।’ সমাপনী অনুষ্ঠানের মঞ্চ নকশাকারী এস ডেভলিন বলেছেন, ‘পুরো বিশ্বের মানুষ এই অনুষ্ঠানটা দেখবে। আর এটা মনে রাখবে যখন শুরুতেই তারা একটা বিশেষ গান শুনবে।’তবে দর্শকেরা তিন ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে কী কী উপভোগ করবে, সেটা এখন পর্যন্ত গোপনই রেখেছেন আয়োজকেরা। তবে যুক্তরাজ্যের দিক থেকে অনুষ্ঠানটা আয়োজিত হবে একটা উত্সবের আমেজে। কারণ, ১৯০৮ সালের পর এবারই সবচেয়ে বেশি পদক নিয়ে অলিম্পিক শেষ করতে সমর্থ্য হয়েছে স্বাগতিক যুক্তরাজ্য। তাই শেষ পর্যন্ত আয়োজকেরা দর্শকদের কী চমক উপহার দেবেন, তা জানার জন্য অনুষ্ঠানটির দিকেই দৃষ্টি রাখতে হবে সবাইকে।— মেইল অনলাইন