জমছে আবেদন মিলছে না বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এপ্রিল থেকে অক্টোবর—এই সাত মাস নগরের বেশ কিছু মানুষ নতুন বিদ্যুৎ-সংযোগ পাওয়ার অপেক্ষায় ছিলেন। এই অপেক্ষার প্রহর শেষে আসে নভেম্বর; সরকার নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়। কিন্তু বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য রাখা হয় কিছু শর্ত। এই শর্তের বেড়াজালে পড়ে নতুন আবেদনকারীরা তো দূরের কথা, গত মার্চের মধ্যে ডিমান্ড নোটের অর্থ পরিশোধ করা বেশির ভাগ গ্রাহকই বিদ্যুৎ-সংযোগ নিতে পারছেন না। তার পরও বিদ্যুৎ-সংযোগ পাওয়ার আবেদন করছেন অনেকে। তবে বিদ্যুৎ পাওয়ার জন্য তাঁদের অপেক্ষার প্রহর কাটবে কবে, তার উত্তর নেই ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) লিমিটেড ও ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো) লিমিটেডের কাছে।বিদ্যুতের সংযোগের জন্য ছোটা মানুষদের একজন পীরেরবাগের মুদাচ্ছির হোসেন। তাঁর চারতলা বাড়ির ওপরের দিকে আরও দুটি তলা বাড়ানো হয়েছে। এ দোতলায় নতুন বিদ্যুৎ-সংযোগ নিতে গত সপ্তাহে ডেসকোর কল্যাণপুর বিভাগে আবেদন জমা দিয়েছেন তিনি। কিন্তু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অনুমতিপত্রে বলা হয়েছে, আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও অন্যান্য গ্রাহকশ্রেণীর মধ্যে যাঁরা ডিমান্ড নোটের অর্থ পরিশোধ করেছেন, শুধু তাঁদের থেকে প্রতি শ্রেণীর ৫০ শতাংশ গ্রাহককে নতুন বিদ্যুৎ- সংযোগ দেওয়া হবে।ডিপিডিসি ও ডেসকো সূত্রে জানা যায়, ডিমান্ড নোটের অর্থ পরিশোধ করেও বিদ্যুৎ পায়নি ডিপিডিসিতে এমন গ্রাহক আছেন ছয় হাজার ১৬৯ জন। আর ডেসকোতে এমন গ্রাহক আছেন ৫০০। তাই ডিপিডিসি ও ডেসকো থেকে এখন বিদ্যুৎ-সংযোগ নিতে পারবেন তিন হাজার ৩৩৫ জন গ্রাহক। বিদ্যুৎ-সংযোগ চালু হওয়ার প্রথম এক মাসে ডেসকো মাত্র পাঁচজন গ্রাহককে বিদ্যুৎ-সংযোগ দিয়েছে। সংযোগ দেওয়ার গতি কম কেন, জানতে চাইলে নাম-পদবি প্রকাশে অনিচ্ছুক ডেসকোর একাধিক কর্মকর্তা বলেন, নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়ার যেসব শর্ত দেওয়া হয়েছে, তাতে ছোটখাটো টিনশেড বাড়ি ছাড়া অন্য কোথাও বিদ্যুৎ-সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ দুই কিলোওয়াটের বেশি বিদ্যুৎ নিতে গেলেই সোলার প্যানেল বসানোর শর্ত রয়েছে। এই শর্ত পূরণ করে বেশির ভাগ গ্রাহকই বিদ্যুৎ-সংযোগ নিতে আগ্রহী হচ্ছেন না। একই কথা জানান ডিপিডিসির কর্মকর্তারা। এ বিষয়ে ডিপিডিসির শ্যামলী বিভাগের ব্যবস্থাপক সারোয়ার এ কায়েনাত মো. নূর জানান, তাঁর বিভাগে ১১ জনের ডিমান্ড নোট ছিল। তাঁদের থেকে ছয়জন বিদ্যুৎ-সংযোগ পাবেন। দুই কিলোওয়াটের মধ্যে চাহিদা সীমাবদ্ধ থাকায় এরই মধ্যে তিনজন বিদ্যুৎ-সংযোগ পেয়েছেন। এখন তাঁর কার্যালয়ে বিদ্যুৎ-সংযোগ নেওয়ার জন্য শতাধিক আবেদন জমা আছে।ডেসকো সূত্র জানায়, ১ এপ্রিল থেকে ৭ অক্টোবর পর্যন্ত তাদের কাছে বিদ্যুতের জন্য আবেদন করেছেন ১৪ হাজার ৯৩৩ জন। ডিপিডিসি ও ডেসকোর একাধিক বিক্রয় ও বিতরণ বিভাগ ঘুরে দেখা গেছে, প্রতি কর্মদিবসেই বিদ্যুৎ-সংযোগ নেওয়ার আবেদন জমা পড়ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তাঁরা এখন আবেদন জমা নেওয়া ছাড়া আর কোনো কিছু করতে পারছেন না। নাম-পদবি প্রকাশ না করার শর্তে ডিপিডিসি-ডেসকোর একাধিক কর্মকর্তা বলেন, সোলার প্যানেল বসানোর প্রস্তাব আরেকটু শিথিল করা উচিত। শীতাতপনিয়ন্ত্রণযন্ত্র বসাবে না, এই শর্তে বাসাবাড়ি ও বিপণিবিতানে বিদ্যুৎ-সংযোগ দেওয়া যেতে পারে। কারণ শীতাতপনিয়ন্ত্রণযন্ত্র না চালালে অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে।নগর ঘুরে দেখা গেছে, নতুন বিদ্যুৎ-সংযোগ বন্ধ থাকায় বেশ কিছু বিপণিবিতান, ব্যবসা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম শুরু করতে পারছে না। আবার অনেক বাড়িওয়ালা বাড়িতে ভাড়াটে ওঠাতে পারছেন না। কেউ ফ্ল্যাট কিনেও ভাড়া বাসায় থাকতে বাধ্য হচ্ছেন। এমনই একজন শান্তিবাগের কামাল হোসেন। তিনি বলেন, ব্যাংকঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছেন। মে মাসে তাঁর ফ্ল্যাটের সব কাজ শেষ। কিন্তু বিদ্যুৎ-সংযোগ না পাওয়ায় বাসা ভাড়া গুনতে হচ্ছে, আবার ব্যাংকঋণও শোধ করতে হচ্ছে। কামালের মতো অনেক ভুক্তভোগী ডিপিডিসি ও ডেসকোয় অভিযোগ করছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।জনদুর্ভোগের বিষয়টি জানেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব (সমন্বয়-২) আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, নতুন সংযোগ দেওয়ার শর্তাবলি শিথিল করা যায় কি না, তা বিবেচনা করা হচ্ছে।