জমছে না শিশু প্রহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু প্রহরেও তেমন একটা দেখা গেল না শিশুদের। তেমন আসেনি শিশুদের বইও। অমর একুশে বইমেলার নবম দিনে গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো ছিল শিশু প্রহর। বাংলা একাডেমীর জনসংযোগ বিভাগের তথ্যানুযায়ী, গতকাল মেলায় আসা নতুন ১৬২টি বইয়ের মধ্যে শিশুতোষ বইয়ের সংখ্যা ছিল মাত্র পাঁচটি। বাংলা একাডেমীর উপপরিচালক (জনসংযোগ) মুর্শিদ আনোয়ার জানান, তালিকায় ১০টি ছড়ার বই রয়েছে এবং বইমেলায় প্রকাশিত ছড়ার বই সাধারণত শিশুতোষই হয়ে থাকে। শিশু প্রহরে শিশুদের উপস্থিতিও নেহাত কম বলা যাবে না বলে দাবি করলেন তিনি। তিনি জানান, সকালে শিশু-কিশোরদের সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্বে অংশগ্রহণ করতেই এসেছিল ২৫০ জন শিশু-কিশোর।মেলায় আসা ছোট শিশুদের কপালে ছিল ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’ লেখা ব্যান্ড। বাচ্চাদের নিয়ে মেলায় আসা অভিভাবকদের একজন ভাগ্যধন বড়ুয়া বললেন, বইমেলায় যাঁরা নিয়মিত আসেন, তাঁদের বেশির ভাগই শাহবাগে প্রতিষ্ঠিত নবজাগরণের মঞ্চ থেকে উত্থাপিত দাবির সঙ্গে একাত্মতা জানান। তবু ছোটদের নিয়ে এ আন্দোলনের মধ্যে মেলায় আসার ব্যাপারে সবার মধ্যেই একটু দ্বিধাও কাজ করে। ভাগ্যধন পেশায় একজন চিকিৎসক, শিশুরোগ বিশেষজ্ঞ। তাঁর সঙ্গে এসেছিল তাঁর দুই ছেলে প্রতীক ও প্রতীম। তিনি বলেন, ‘আমার মনে হয়, ছোটদের নিয়ে আসায় কোনো ক্ষতি নেই। বরং ওরা এ আন্দোলন দেখার পর কৌতূহলী হবে। জানতে চাইবে মুক্তিযুদ্ধের ইতিহাস।’উষার দুয়ারে: বইমেলায় ছোট-বড়নির্বিশেষে সবার মধ্যেই এবার মুক্তিযুদ্ধের বই নিয়ে বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে বলে জানালেন প্রথমা প্রকাশনের বিক্রয়কর্মীরা। তাঁরা জানান, প্রথমা প্রকাশিত একাত্তরের চিঠি বইটির এখনো ব্যাপক পাঠক চাহিদা রয়েছে। বাংলাদেশের ইতিহাস জানতে আগ্রহী পাঠকেরা কিনছেন আনিসুল হকের উপন্যাস উষার দুয়ারে। তাঁর যারা ভোর এনেছিল উপন্যাসের দ্বিতীয় পর্ব হিসেবে প্রকাশিত উষার দুয়ারে উপন্যাসের শুরু হয়েছে ১৯৫২ সালের শহীদ স্মৃতিস্তম্ভটি ভেঙে ফেলার পর থেকে। শেখ মুজিবুর রহমান মুক্তি পেলেন ফরিদপুর কারাগার থেকে অনশন ধর্মঘট করার পর। তাঁর আব্বা তাঁকে নিয়ে গেলেন গ্রামের বাড়িতে। সেখানেই মুজিব জানতে পারলেন তাঁর নেতা সোহরাওয়ার্দীর মনোভাব—বাঙালিদেরও উর্দু শিখতে হবে। এবার কী করবেন মুজিব? তাজউদ্দীনরা ভাবছেন, একটা আলাদা দল করতে হবে। গণতন্ত্রী দল গঠনের তৎপরতার সঙ্গে খানিকটা যুক্ত থাকলেন তিনি। মওলানা ভাসানী কারাগারে। সেখান থেকে শেখ মুজিবের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়া, তাজউদ্দীনের আওয়ামী লীগে যোগ দেওয়া, যুক্তফ্রন্টের নির্বাচন, এ কে ফজলুল হকের প্রধানমন্ত্রী হওয়া আর শেখ মুজিবের মন্ত্রিত্ব লাভ এবং মন্ত্রীর বাড়ি থেকে সোজা জেলযাত্রা। তিনটি শিশুসন্তান নিয়ে রেনুর অকূলপাথারে পড়ে যাওয়া। রাজনীতির ডামাডোল ওলটপালট করে দেয় ব্যক্তিমানুষেরও জীবন। এই রাজনীতির গতি-প্রকৃতি কেবল একটি দেশের নেতা বা জনগণ নির্ধারণ করে না, তা নির্ধারণের চেষ্টা চলে ওয়াশিংটন থেকেও। উপন্যাসের ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমি চরিত্র দুটি তো তা-ই বলতে চেয়েছে।নতুন বই: গতকাল ঐতিহ্য মেলায় এনেছে রেজাউর রহমানের উপন্যাস তের তলার সিঁড়ি। গত শতাব্দীর সত্তরের ও আশির দশকে নানামুখী শুভ সূচনার পাশাপাশি স্বার্থান্বেষী কুটিল এক সম্প্রদায় ছলে-বলে-কৌশলে অর্থবিত্তের প্রতিযোগিতায় নামার বৃত্তান্ত এ উপন্যাস। ঐতিহ্য থেকে মেলায় আসা অন্য দুটি বই হচ্ছে মাহবুব কবির সংগৃহীত ও সম্পাদিত উকিল মুন্সির গান ও মাসুদ পারভেজেরসুইসাইড নোট। হাসান শাহরিয়ারের অতীত, অতীত নয় ও মোস্তফা সেলিমের বাংলাদেশের ভ্রমণসঙ্গী মেলায় এনেছে উৎস। ফারুক মঈনউদ্দীনের প্রবন্ধের বই মৃত্যুর আগে জীবনের সংগীত এনেছে অবসর। এ বইটিতে জীবনানন্দ দাশকে নিয়ে পাঁচটি ও হাসান আজিজুল হককে নিয়ে তিনটিসহ ১২টি প্রবন্ধ রয়েছে। শরীফ খানের বাংলাদেশের বুনোহাঁস প্রকাশ করেছে দিব্যপ্রকাশ। পাখি ও বন্য প্রাণী বিশেষজ্ঞ এ লেখকের বইটিতে রয়েছে দেশি ও পরিযায়ী বুনোহাঁসদের নিয়ে নিবিড় পর্যবেক্ষণ। শাহরিয়ার কবিরের যুদ্ধাপরাধের বিচার নুরেমবার্গ থেকে ঢাকা চারুলিপি প্রকাশন, মোহাম্মদ নূরুল হকেরসমকালীন সাহিত্যচিন্তা সাকী পাবলিশিং, নাজমীন মর্তুজার মহামায়া কঙ্কাবতী ইছামতি, সুমনকুমার দাশ সম্পাদিত প্রসঙ্গ শাহ আবদুল করিম কালি ও কলম মেলায় এনেছে।মেলামঞ্চে: বইমেলার মূল মঞ্চে বিকেলে ‘জন্মশতবর্ষে অদ্বৈত মল্লবর্মণ এবং আমাদের দায়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ পড়েন শান্তনু কায়সার। কামাল লোহানীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন হরিশংকর জলদাস ও সফিকুন্নবী সামাদী।সন্ধ্যায় মোহাম্মদ আলী হায়দারের নির্দেশনায় নাট্যদল বটতলা পরিবেশন করে সামিনা লুৎফা রচিত নাটক খনা। আজ বিকেল চারটায় মূল মঞ্চে রয়েছে ‘আখতারুজ্জামান ইলিয়াস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।