জমজমাট ক্লিনিক ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ নজরে না পড়লেও ক্লিনিকগুলোতে রোগীর চাপ প্রতিদিনই বাড়ছে। ফলে দিন দিন জমজমাট হয়ে উঠছে মেহেরপুরে ক্লিনিক ব্যবসা। এসব ক্লিনিকের শতকরা ৮০ ভাগেরই বৈধ লাইসেন্স নেই; নেই প্রয়োজনীয় চিকিৎসক, নার্সসহ আসবাবপত্র। তার পরও এসব ক্লিনিকের সামনে ‘বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এখানে রোগীদের সব ধরনের অপারেশন করা হয়’ এমন সাইন বোর্ড টাঙানো রয়েছে।বর্তমানে মেহেরপুর জেলায় তালিকাভুক্ত প্রায় ৫২টি ক্লিনিক আছে। তালিকার বাইরে ছোট ক্লিনিক আছে আরও ৩০টি। এই ক্লিনিকগুলোর খবর কেউ রাখে না। এসব ক্লিনিকের বেশির ভাগই মেহেরপুর শহরে। বিশেষ করে, মেহেরপুর জেনারেল হাসপাতাল এবং এর আশপাশে এলাকায় প্রায় ২০টি ক্লিনিক রয়েছে। বিভিন্ন ক্লিনিকের পোষা দালালদের দৌরাত্ম্যে সরকারি হাসপাতালে কোনো রোগী যাওয়ার উপায় নেই বলে জানান ভুক্তভোগীরা।তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাবাহিনী এসব অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিলে বেশির ভাগ ক্লিনিকই কার্যক্রম বন্ধ করে দেয়। তখন অবৈধ ক্লিনিক-মালিকদের বিরুদ্ধে মেহেরপুরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়। ম্যাজিস্ট্রেট গুল্লাল সিং মেহেরপুরের ১২টি ক্লিনিকের কাছ থেকে জরিমানা আদায় করেন।অভিযোগ আছে, ১০ বেডের আবেদন করে ক্লিনিক ব্যবসা শুরু করলেও লাইসেন্স নেই ক্লিনিকগুলোর। এসব ক্লিনিকে ধীরে ধীরে বেডের সংখ্যা বাড়িয়ে এখন কেউ কেউ ৭০ বেড পর্যন্ত করে অবৈধভাবে ব্যবসা চালাচ্ছেন। অনেকে একই নামে একাধিক ক্লিনিক গড়েছেন। শহরের সিভিল সার্জন অফিসের পাশে একটি ভবনের সামনে সাইনবোর্ডে লেখা আছে ‘মডার্ন ক্লিনিক—এখানে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সমস্ত রোগীর উন্নত পরীক্ষা ও অপারেশন করা হয়।’ কিন্তু এই ক্লিনিকের ভেতরে গিয়ে দেখা গেল, সেখানে ফাঁকা কটি কক্ষে কিছু বেড ছাড়া কোনো জনবল ও চিকিৎসক নেই। ক্লিনিকের মালিক আবদুস সালাম জানান, তিনি ছাত্রাবাস উচ্ছেদ করে নতুন করে ক্লিনিক ব্যবসা শুরু করেছেন। তবে আপাতত কিছুই নেই বলে স্বীকার করেন তিনি। এসব ক্লিনিকের অধিকাংশের মালিক মেহেরপুর জেলা ড্যাব, বিএমএ, স্বাচীপ নেতারা কিংবা তাঁদের অনুসারী প্রভাবশালী চিকিৎসকেরা। সে কারণে কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না বলে অভিযোগ রয়েছে।মেহেরপুর জেনারেল হাসপাতালের অ্যানেসথেসিস্ট তাপস কুমার পাল জানান, তিনিই জেলায় একমাত্র অ্যানেসথেসিস্ট। জেলায় প্রায় ৫২টি ক্লিনিক আছে। এর মধ্যে চার-পাঁচটি ক্লিনিক ছাড়া সব কটির অপারেশন কক্ষে রোগীকে হাতুড়ে চিকিৎসক দিয়ে অচেতন করানো হয়, যা একেবারেই নিষিদ্ধ ও অবৈধ।এ ব্যাপারে মেহেরপুর সিভিল সার্জন আবদুস শহীদ বলেন, ‘জেলায় অবৈধ কিছু ক্লিনিক আছে। কিছুর লাইসেন্সও আছে। ১০ বেডের অনুমতি নিয়ে চালু হওয়া অনেক ক্লিনিক বেডের সংখ্যা বাড়িয়ে অবৈধভাবে ব্যবসা করছে এ কথা সত্য। সে অনুপাতে এসব ক্লিনিকে জনবল বাড়েনি। তা ছাড়া বিভিন্ন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক, অ্যানেসথেসিস্ট, নার্স ও আসবাবপত্র নেই। তার পরও তারা ব্যবসা করছে। অবৈধ এসব ক্লিনিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছি।’