জমজমাট বাবুরহাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবুরহাটের পরিচিতি দেশজোড়া। এই খ্যাতি এখানকার কাপড়ের জন্য। দেশের অন্যতম প্রধান পাইকারি কাপড়ের এই বাজার ঈদ সামনে রেখে এখন দারুণ ব্যতিব্যস্ত। ব্যবসায়ীদের দম ফেলার ফুরসত নেই।প্রতিবারের মতো এবারেও ঈদের আমেজ আর বেচাকেনার ব্যস্ততায় বাবুরহাটের পরিবেশ সরগরম। তা সত্ত্বেও ব্যবসায়ীদের কথায় অতৃপ্তির আভাস। ‘সুতার মূল্যবৃদ্ধি আমাদের বাড়া ভাতে ছাই দিয়েছে।’ এমন মন্তব্য শোনা গেছে অনেকের মুখে।বাবুরহাটের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ থেকে প্রায় ৫০০ বছর আগে ব্রহ্মপুত্র নদের পাশ ঘেঁষে গড়ে ওঠা বাবুরহাট এখন দেশের কাপড়ের সবচেয়ে বড় পাইকারি হাট। সাধারণত সপ্তাহে শুক্র, শনি ও রোববার হাট বসলেও ঈদ সামনে রেখে পুরো সপ্তাহ এখন চলছে কেনাবেচা। থান কাপড়ের পাশাপাশি স্থানীয় এবং অন্য স্থান থেকে উৎপাদিত নাইট কুইন, দেশি জর্জেট, লেজার জর্জেট, পভলিন, ভয়েল, সুতি, জাপানি সিল্কসহ বিভিন্ন ধরনের থ্রি-পিসের সম্ভারে বাবুরহাট এখন বৈচিত্র্যময়। প্রতিদিন ১০০ থেকে ১৫০ ট্রাক ভর্তি হয়ে এসব কাপড় চলে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, খুলনা, বগুড়া, হবিগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়।দেশের নামীদামি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে ঈদের মৌসুমে বাবুরহাটের ব্যবসায়ীরাও কাপড়ে এনেছেন আধুনিকতার আঙ্গিক। তবে বিগত বছরগুলোর তুলনায় এবার ছাপার শাড়ির বিক্রি কমেছে। ব্যবসায়ীরা জাকাতের কাপড় ও লুঙ্গি বিক্রি করে এই ঘাটতি পুষিয়ে নিতে চেষ্টা করছেন।এটিএম লুঙ্গির বিক্রয় প্রতিনিধি সফিউল্লাহ জানান, বাবুরহাটে কখনো ক্রেতার সংকট হয় না। এ নিয়ে ব্যবসায়ীদের খুব বেশি ভাবনারও কিছু নেই। তার পরও ঈদ বলে কথা। ঈদে বাড়তি ব্যস্ততা, বাড়তি বিক্রি আর বাড়তি লাভ না হলে ব্যবসায়ীদের মন ভালো থাকে না। রোজার শুরুতে বিক্রি কিছুটা কম ছিল। তবে ধীরে ধীরে বিক্রি বেড়েছে। এখন দম ফেলার ফুরসত নেই।একই কথা বললেন ফারুক কাপড় ঘরের মালিক কামাল হোসেন। তাঁর মতে, বাবুরহাট মানে থান কাপড়ের ভাঁজে ভাঁজে রঙের গন্ধ; বেশি ক্রেতা, বেশি বিক্রি। তবে এবার লাভে কিছুটা ভাটার টান। কারণ সুতার দাম বেড়েছে। বাড়তি দামে সুতা কিনে তাঁতিরা প্রত্যাশিত লাভের মুখ দেখতে পারছে না। এর নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসায়ীদের ক্ষেত্রেও।বাবুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, বাবুরহাটের ব্যবসায়ীদের সারা বছরই ব্যস্ততা থাকে। ঈদের মৌসুমে তো দম ফেলারই সময় থাকে না। এখন এই বাজারের ছোটবড় কয়েক হাজার দোকানে স্থানীয় তাঁতকল থেকে উৎপাদিত কাপড় আসছে আর বিক্রি হচ্ছে। ঘরে কাপড় ঢুকছে আর বের হচ্ছে। এর বাইরে আর কোনো দৃশ্য নেই, কথাও নেই।তিনি জানান, বাবুরহাটকে কেন্দ্র করে নরসিংদী জেলাসহ নারায়ণগঞ্জ, গাজীপুর, কুষ্টিয়া, পাবনা ও ঝালকাঠিতে গড়ে উঠেছে কয়েক লাখ তাঁতকল। তাঁতশিল্পকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে আরও কয়েক শ সহায়ক শিল্পপ্রতিষ্ঠান।গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, আগে যেসব বাস বাবুরহাটে থামত না, সেগুলো কিছু সময়ের জন্য যাত্রাবিরতি দিচ্ছে। প্রতিটি বাস থেকে দুয়েকজন করে ক্রেতা-বিক্রেতা নামছেন।দেখা গেছে, বাবুরহাটের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে শত শত কাপড়ের গাঁট রাখা। মহাসড়কে অপেক্ষমাণ ট্রাকে এসব গাঁট তোলা হচ্ছে। এ কারণে ঢাকা-সিলেট মহাসড়কের ওই অংশে সারা দিন যানজট লেগে আছে।ট্রাকে কাপড়ের গাঁট তোলার কাজ করেন হানিফ মিয়া। তিনি বলেন, গাঁট টেনে বছরের অন্য সময়ে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা রোজগার হয়। ঈদের মৌসুমে এক হাজার থেকে ১২০০ টাকা রোজগার হচ্ছে।সামিউল মিয়া নামের এক ট্রাকচালক জানান, কাপড়ের চালান নিয়ে তিনি সিলেট যাবেন। চালান নামিয়ে আবার ফিরে আসবেন। চেষ্টা থাকবে একই দিন দুই ট্রিপ দেওয়ার। তিনি বললেন, ঈদের মৌসুমে তাঁরা ট্রাকের ভাড়া কিছুুটা বেশি নিচ্ছেন। তবে ব্যবসায়ীরা খুশি হয়েই এই টাকা দিচ্ছেন বলে তাঁর দাবি।অপর দিকে নরসিংদীর তাঁতসমৃদ্ধ চৌয়ালা, ভগীরথপুর, মাধবদীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঈদের মৌসুমে তাঁতমালিক ও শ্রমিকদেরও ব্যস্ততা বেড়েছে।কাজকর্মের ব্যস্ততা বাড়লেও সুতার দাম বাড়ায় মিলমালিকেরা কিছুটা হতাশ। মাধবদীর ইলিয়াস টেক্সটাইল মিলের মালিক ইলিয়াস মিয়া বলেন, ঈদের মৌসুমে সবাই কল চালু করেছে। এই কারণে স্থানীয় মার্কেটে সুতার চাহিদা কয়েক গুণ বেড়েছে। এই সুযোগে সুতা ব্যবসায়ীরা আবারও সুতার দাম বাড়িয়েছে। ফলে ব্যস্ততা বাড়লেও সে তুলনায় লাভের মুখ দেখছেন না তাঁরা।