জমজমাট বুটিক শপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুরে কাজের ফাঁকে বেরিয়ে পড়েছেন ফৌজিয়া আক্তার। সপ্তাহজুড়ে কাজের ব্যস্ততায় একটিমাত্র ছুটির দিন। সব দিক সামলানো দুষ্কর। তাই কেনাকাটা সারতে মাঝেমধ্যেই দুপুরের সময়টাতে কিছুক্ষণের জন্য বেরিয়ে পড়েন তিনি। বনানীতে অফিসের কাছেই রয়েছে অনেক বুটিক হাউস। সামনেই ঈদুল ফিতর। বিভিন্ন বুটিক শপ ঘুরে দেখছেন এবার আমদানি হওয়া নতুন ডিজাইনের পোশাকগুলো। ছোট পরিসরে রকমারি পোশাকের সমাহার ভালো লাগে তাঁর। ঘুরতে ঘুরতে খুঁজে নেন পছন্দসই পোশাক। নিজেরটা তো বটেই, পরিবারের সবার জামাকাপড় কেনার দায়িত্বও তাঁর ওপর। এ কাজে তাঁর প্রথম পছন্দের জায়গা হলো বুটিক শপগুলো। সাম্প্রতিক কালে রাজধানীর বুটিক হাউসগুলোর পসার বেড়েছে অনেক গুণ। আর ঈদ সামনে রেখে এই জমজমাট অবস্থা যেন সর্বোচ্চ মাত্রা ছুঁয়েছে। অনেকে বাড়ির পাশে বা গলির মুখে দোকান নিয়ে, কেউ বা আবার বাড়ির গ্যারেজে শুরু করেছেন বুটিকের ব্যবসা। যেখানে তৈরি করা পোশাক বা সেলাই ছাড়া কাপড় কিংবা পোশাক সুন্দর করতে আনুষঙ্গিক কাজের অর্ডার নেওয়া হয়। বুটিক হাউস বলতে আসলে কী বোঝায়, এমন প্রশ্নের জবাবে লালমাটিয়ার আপন বুটিক হাউসের সাবিহা আক্তার বলেন, বড় ফ্যাশন হাউসগুলোর আদলে ছোট পরিসরে দেশীয় উপকরণ ও ডিজাইনে পোশাক তৈরি করে যারা, সেগুলোকেই আমরা বুটিক হাউস বলে থাকি। যেখানে তৈরি করা জামা ছাড়াও ব্লক প্রিন্ট, সুতার কাজ বা বিভিন্ন ডিজাইনের সেলাই ছাড়া কাপড় কম দামে কিনতে পাওয়া যায়। এ ছাড়া বিভিন্ন ডিজাইনের জামা তৈরির অর্ডারও নেওয়া হয় বুটিক হাউসগুলোতে। বনানীর বুটিক হাউস খুবসুরতিতে পোশাক কিনতে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফিয়া। তিনি বলেন, বর্তমানে বুটিক হাউসগুলো চলতি ডিজাইন বা হালফ্যাশনকে প্রাধান্য দিয়েই পোশাক তৈরি করে থাকে। একসময় বুটিক হাউস বলতে সুতি আর খাদি কাপড় দিয়ে পোশাক তৈরির দোকানকে মনে করা হলেও বর্তমানে এই চিন্তাধারায় পরিবর্তন এসেছে। বুটিক হাউসগুলোতে প্রায়ই সিল্ক বা মসলিনের পোশাক দেখতে পাওয়া যায়। তাই ঈদে জমকালো পোশাক কিনতে বুটিক হাউসগুলোতে আসেন তিনি। খুবসুরতির মালিক ও ডিজাইনার সাবরিনা হাসিব বলেন, ‘আমাদের উদ্দেশ্যটা ছিল হাতে তৈরি বিভিন্ন রং দিয়ে ব্লক বা সুতার কারুকাজে পোশাক তৈরি করা, অর্থাৎ দেশীয় উপকরণ ও ডিজাইনে পোশাক তৈরি করা। এখন শুধু পোশাকই নয়, আনুষঙ্গিক অন্যান্য বিষয়েও নজর দিতে হচ্ছে। অর্থাৎ জামার সঙ্গে মিলিয়ে বাহারি স্যান্ডেল আর ব্যাগও তৈরি করছি আমরা।’বনানীর ১১ নম্বর রোডের দুই ধারে রয়েছে অসংখ্য বুটিক হাউস। শুধু অভিজাত এলাকাতেই নয়, অন্য সব এলাকাতেও বুটিক হাউস ব্যাপক আকারে বিস্তৃতি লাভ করেছে। এলাকা বুঝে এবং ক্রেতার চাহিদা আর রুচিকে প্রাধান্য দিয়ে পোশাকগুলোর ডিজাইন করা হয় বলে জানান মিরপুরের বুটিক ব্যবসায়ী সুলতানা বেগম। বনানীর ইউনিক বুটিক হাউসে পোশাক কিনতে এসেছেন রাশিদা বেগম ও তাঁর মেয়ে সাদিয়া। সারি সারি কাপড়ের মধ্য থেকে খুঁজে নিচ্ছেন পছন্দমতো কাপড়। রাশিদা বেগমের মতে, রোজা রেখে ভিড় ঠেলে মার্কেটে যাওয়া অনেক ঝক্কির ব্যাপার। তা ছাড়া সময়ও লাগে অনেক। তার চেয়ে ঘরের পাশে নির্ঝঞ্ঝাট পরিবেশে কেনাকাটা করার সুবিধা অনেক বেশি। কাপড়ের মানটাও বেশ ভালো। আর দামটা খুব বেশি নয়। বলা যেতে পারে, মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার মধ্যেই।কিছু বুটিক হাউসে দেশীয় কাপড়ের সঙ্গে ভারতীয় ও পাকিস্তানি কাপড়ের আমদানি লক্ষ করা যায়। এ প্রসঙ্গে ইউনিক বুটিক হাউসের মালিক মুশতাক আহম্মেদ বলেন, দেশি কাপড়টাই আমরা বেশি রাখি। তবে বিশেষ কিছু ক্রেতার চাহিদার কথা বিবেচনা করে বিদেশি কাপড়টাও রাখতে হয়। তবে সবকিছুর পরও, সাধ আর সাধ্যের মেলবন্ধন ঘটিয়ে পছন্দের পোশাকটি ক্রেতার হাতে তুলে দিতে বুটিক হাউসগুলোর জুড়ি মেলা ভার।