জমানো টাকায় মমতার কালীপূজা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সারা বছরের জমানো টাকায় কালীপূজা উদযাপন করেছেন। গতকাল মঙ্গলবার কালীঘাটের বাড়িতে এ পূজার আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, মমতা কালীপূজার জন্য সারা বছর ধরে টাকা জমান। ৩৪ বছর ধরে তিনি সনাতনী ধর্মীয় রীতি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ পূজা পালন করে আসছেন। সূত্রটি আরও জানায়, পূজায় আসা অতিথিদের আপ্যায়নসহ সব কাজ মমতা তত্ত্বাবধান করেন এবং দেবীকে উত্সর্গীকৃত ভোগ নিজে রান্না করেন। সুরুচি সুধা দে নামের এক বৃদ্ধা মেয়েকে নিয়ে মমতার বাড়িতে শুভেচ্ছা বিনিময় করতে আসেন। মমতা তাঁদের সঙ্গে দেখা করে পূজার প্রসাদ দেন।মুখ্যমন্ত্রীর বাড়িতে আয়োজিত এ পূজায় জার্মানি, ফ্রান্স ও লাটভিয়ার কিছু বিদেশিও অংশ নেন। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতা, কলকাতা পুলিশের কমিশনার, গায়কসহ আরও অনেকে এতে অংশ নেন।