জমি অধিগ্রহণ বিলে সোনিয়ার বিরোধিতা
জমি অধিগ্রহণ বিলের খসড়ার বিরোধিতা করেছেন ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। কোনো বেসরকারি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করতে গেলে স্থানীয় ৮০ শতাংশ বাসিন্দার সম্মতি লাগবে জানিয়ে তিনি এর বিরোধিতা করেন। আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা বলা হয়েছে।জমি অধিগ্রহণ করতে গেলে স্থানীয় বাসিন্দাদের ৬৭ শতাংশের সম্মতিই যথেষ্ট—এমন বিধান রেখে শরদ পাওয়ারের নেতৃত্বাধীন প্যানেল জমি অধিগ্রহণ বিলের খসড়া তৈরি করে। ওই খসড়া সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রধান সোনিয়া গান্ধীকে দেওয়ার দুদিন পর তিনি এই যুক্তি দেখিয়ে বিলটির বিরোধিতা করলেন। কংগ্রেসের একাধিক সূত্র টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করেছে, ৮০ শতাংশ বাসিন্দার সম্মতির ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সোনিয়ার এমন অবস্থানের কারণে নিজেদের জমির ওপর প্রান্তিক কৃষক ও উপজাতি গোষ্ঠীগুলোর অধিকার পোক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।অতীতে বড় প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ইতিহাসে দেখা গেছে, স্বল্পসংখ্যক ব্যক্তির সম্মতিতে জমি অধিগ্রহণ করলে অসহায় প্রান্তিক কৃষকেরা অনেকটা বাধ্য হয়ে স্বল্প মূল্যে জমি বিক্রি করতে বাধ্য হন। অন্যথায় প্রকল্প এলাকায় থাকা ওই জমি তাঁদের পক্ষে ভোগ করা সম্ভব হয় না।