জমি অধিগ্রহণ যৌক্তিক হতে হবে, পুনর্বাসনের ভোগান্তি কমাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে হলে অবকাঠামোগত উন্নয়ন করতেই হবে। কিন্তু সেতু, বাঁধ বা কোনো প্রকল্প তৈরি করতে গিয়ে যাঁদের জমি অধিগ্রহণ করা হচ্ছে বা হবে, তাঁরা যেন শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত না হন। ভোগান্তি ছাড়াই যেন এই মানুষগুলোর পুনর্বাসন করা যায়, সেটি খেয়াল রাখতে হবে। অনুকম্পা নয়, তাঁদের প্রতি শ্রদ্ধার নীতি গ্রহণ করতে হবে। প্রথম আলো আয়োজিত ‘অবকাঠামোগত উন্নয়ন ও জনগণ: পুনর্বাসন চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার প্রথম আলো কার্যালয়ে এই গোলটেবিল আলোচনা হয়। আয়োজনে সহযোগিতা করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। বৈঠকে সূচনা বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। আলোচনার পটভূমি তুলে ধরেন ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক সৈয়দ হাশেমী। আলোচনায় অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গোলাম কাদের, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত, অর্থনীতিবিদ নিত্যানন্দ চক্রবর্তী, সাবেক সচিব রশিদুল হাই, পিপিআরসির পরিচালক সৈয়দ জিয়াউদ্দিন আহমেদ, সড়ক ও জনপথের প্রকল্প ব্যবস্থাপক ওয়ালিউর রহমান, বেসরকারি সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশনের প্রকল্পপ্রধান নজমুল ইসলাম চৌধুরী, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর এবং মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান। প্রয়োজনের বেশি জমি নেওয়া যাবে না: আইনুন নিশাত বলেন, একটি প্রকল্প বা অবকাঠামো গড়ার জন্য কতটুকু জমি লাগবে, সুনির্দিষ্টভাবে সেটি ঠিক করতে হবে। অতিরিক্ত জমি অধিগ্রহণ করলে শেষ পর্যন্ত সেটি কাজে লাগে না কিংবা দখল হয়ে যায়। এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে রশিদুল হাই বলেন, অপ্রয়োজনে প্রকল্পের মধ্যে বাগানবাড়ি, বিশ্রামকেন্দ্র, পুকুর, মাছ ধরার জায়গা—এসব বিলাসিতা করা অর্থহীন। তিনি বলেন, বাংলাদেশের সব জায়গায় সরকারি জমি আছে। কাজেই কোনো অবকাঠামো গড়ার সময় খেয়াল রাখতে হবে যেন সরকারি জমিই বেশি নেওয়া হয়। এতে সাধারণ লোকেরা কম ক্ষতিগ্রস্ত হবেন। দিতে হবে ন্যায্য দাম: বৈঠকে সব বক্তাই একমত পোষণ করে বলেন, একটি কমিটি করে বাজারদর অনুযায়ী জমির মালিককে দাম দিতে হবে। নিজের অভিজ্ঞতা বর্ণনা করে নজমুল ইসলাম বলেন, সরকার জমির যে দাম দেয়, দেখা যায় কিছুদিন পরেই দাম তার চেয়ে অনেক গুণ বেশি হয়ে গেছে। কাজেই জমির মালিককে ন্যায্য দাম দিতে হবে। নিত্যানন্দ চক্রবর্তী বলেন, বাংলাদেশের অনেক জায়গায় জমির মধ্যে বিদ্যুতের খুঁটি লাগানো হয়েছে। অথচ এ জন্য তাঁদের কোনো ক্ষতিপূরণই দেওয়া হয়নি। কিন্তু ওই খুঁটির জন্য চাষাবাদসহ নানান সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে।ক্ষতিগ্রস্তরা যেন ভোগান্তিতে না পড়েন: গোলটেবিলে অংশগ্রহণকারীরা বলেন, সরকারের কাজে জমি দেওয়ার পর জমির মালিকানা প্রমাণ ও ক্ষতিপূরণ পেতে প্রচণ্ড ভোগান্তিতে পড়তে হয়। রশিদুল হাই বলেন, অনেকে ২০ থেকে ২৫ বছর একটি জমিতে থাকেন। কিন্তু কাগজপত্র নেই। গ্রামের সহজ-সরল অনেক মানুষ জমির দলিলও বোঝেন না। তখন তাঁকে নানান জায়গায় ছুটতে হয়। এ ক্ষেত্রে এলাকার লোকজনের সঙ্গে কথা বলে যাঁর জমি, তাঁকে ক্ষতিপূরণ দিতে হবে। সরকারকেই ক্ষতিগ্রস্তদের কাছে যেতে হবে: বক্তারা বলেন, যে মানুষটি সরকারকে জমি দিল, সরকারের দায়িত্ব তাঁর কাছে গিয়ে ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেওয়া। জিয়াউদ্দিন আহমেদ বলেন, সবকিছু থাকার পরও ক্ষতিপূরণের টাকা পেতে জেলা প্রশাসকের কার্যালয়সহ নানান জায়গায় ছুটতে হয় জমির মালিককে। অনেক সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতিপূরণের যে টাকা পান, ছোটাছুটি করতে গিয়ে তারচেয়ে বেশি খরচ হয়ে যায়। এমনকি ৩০ বছরও লেগে যায় ক্ষতিপূরণের টাকা পেতে। বৈঠকে এসব সমস্যা সমাধানে বক্তারা স্থানীয়ভাবে গিয়ে তাঁকে ক্ষতিপূরণের টাকা দেওয়ার পরামর্শ দেন। উপজেলা পর্যায়ের ভূমি অফিসকে এসব দায়িত্ব দেওয়া যেতে পারে বলেও পরামর্শ আসে। অনুকম্পা নয় শ্রদ্ধা: নিত্যানন্দ চক্রবর্তী বলেন, যাঁদের জমি অধিগ্রহণ করা হচ্ছে তাঁদের প্রতি অনুকম্পা নয়, শ্রদ্ধা দেখাতে হবে। মনে রাখতে হবে, সরকার তার প্রয়োজনে এসব মানুষের জমি নিচ্ছে। কাজেই অবকাঠামাগত উন্নয়নের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের মানবিক উন্নয়নও করতে হবে। নজমুল ইসলাম ও জিয়াউদ্দিন বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে, একজন মানুষ আগের যে অবস্থায় ছিল, পুনর্বাসনের পর যেন তাঁর অবস্থা খারাপ না হয়। কাজে অগ্রাধিকার দিতে হবে: আইনুন নিশাত বলেন, যে এলাকায় অবকাঠামো হচ্ছে, অনেক সময়েই দেখা যায় অন্য এলাকার লোকজন এসে সেখানে কাজ করছেন। যাঁদের জমি গেছে তাঁরা অগ্রাধিকার পাচ্ছেন না। এটি হওয়া উচিত না। নজমুল ইসলাম বলেন, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির অনেক জমির মালিক এখন ঢাকায় রিকশা চালাচ্ছেন। এই সমস্যা সমাধানে যে লোকটা জমি হারাচ্ছেন, প্রকল্প করার সময় তাঁকে অগ্রাধিকার দিতে হবে। প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে হলেও তাঁকে কাজ দিতে হবে। ভুয়া দাবিদারের ব্যাপারে সাবধান: আইনুন নিশাত বলেন, অনেক সময় টাকার জন্য অনেক ভুয়া দাবিদার চলে আসেন। এখন ডিজিটাল যুগ। সমস্যা সমাধানে স্যাটেলাইটের মাধ্যমে ওই জায়গার ছবি তুলে রাখা যায়। রশিদুল হাই বলেন, সরকারি কর্মকর্তারা আগে থেকেই জেনে যান কোথায় কী হচ্ছে। তাই সংশ্লিষ্ট এলাকায় জমি কেনার হিড়িক পড়ে যায়। পরে তাঁরা মোটা অঙ্কের ক্ষতিপূরণ পান। কাজেই কে কোন জায়গায় কত দিন থাকছেন, সেটি নিশ্চিত করে ক্ষতিপূরণের টাকা নির্ধারণ করা দরকার। ভূমি রেকর্ড ডিজিটাল করতে হবে: ওয়ালিউর রহমান বলেন, কোন জমির মালিক কে, তার ডিজিটাল রেকর্ড রাখতে হবে। এটি করতে পারলে জমি অধিগ্রহণ করতে গেলে কোনটা কার জমি, সেটি খুঁজে পাওয়া সহজ হবে। ভোগান্তিও কমে যাবে। এমনকি পুনর্বাসন প্রক্রিয়ায়ও কোনো সমস্যা হবে না। বৈঠকে অংশগ্রহণকারী সবাই এ বিষয়ের ওপর জোর দেন। রাস্তার পাশাপাশি রেলের পরামর্শ: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গোলাম কাদের বলেন, বাংলাদেশে সবচেয়ে বেশি জমি অধিগ্রহণ করে সড়ক বিভাগ। কিন্তু রাস্তা রক্ষণাবেক্ষণে যে পরিমাণ ক্ষতি হয়, সেটা পোষানো কঠিন। কাজেই রাস্তার সঙ্গে সঙ্গে রেলকে প্রাধান্য দেওয়া উচিত। এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ওয়ালিউর রহমান বলেন, রাস্তা রক্ষণাবেক্ষণে যে টাকা দরকার, তার অর্ধেকও পাওয়া যায় না। ভবিষ্যতের কথা ভাবতে হবে: নজমুল ইসলাম চৌধুরী বলেন, জমি অধিগ্রহণ করতে গিয়ে যেন শস্যের জমি শেষ না হয়ে যায়, সেটি খেয়াল রাখতে হবে। ২০ থেকে ২৫ বছর পর কী হবে, সেটি ভেবে জমি অধিগ্রহণ করতে হবে। পুনর্বাসনের স্থান নির্বাচন: মনিরুজ্জামান বলেন, তাঁর এলাকায় এমন জায়গায় গুচ্ছগ্রাম করা হয়েছে, যেখানে মানুষের কাজের সুযোগ নেই। এমনটি যেন না হয়। প্রত্যেক গ্রামেই সরকারের খাসজমি আছে। পুনর্বাসনের সময় এই জমিকে কাজে লাগানো যেতে পারে। জিয়াউদ্দিন বলেন, বন্যানিয়ন্ত্রণ বাঁধ করতে গিয়ে যাঁদের জমি অধিগ্রহণ করা হয়েছিল, তাঁদের পুনর্বাসন করা হয়েছে বন্যায় ঝুঁকিপূর্ণ একটি এলাকায়। এটি যেন না করা হয়। দ্রুত পুনর্বাসন নীতি করতে হবে: জিয়াউদ্দিন আহমেদ বলেন, জমি অধিগ্রহণ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যাপারে দ্রুত নীতি করতে হবে। সবাইকে সেটি জানাতে হবে। নিত্যানন্দ চক্রবর্তী জানান, এডিবির সহযোগিতায় এই নীতির একটি খসড়া হয়েছে। সরকার এটিতে যোগ-বিয়োগ করতে পারে। দাতা সংস্থারা চায় এই নীতি হোক। সৈয়দ হাশেমী বলেন, এই নীতিমালার বিষয়টি সাধারণ মানুষের জানা দরকার। তা না হলে তাঁরা জানবে না কীভাবে ক্ষতিপূরণ পাবেন, কত টাকা পাবেন। মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, নীতিমালা করার আগে সেটির খসড়া প্রকাশ করতে হবে। সেটি নিয়ে সবার সঙ্গে আলোচনা করতে হবে। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে তাঁদের কথা শুনতে হবে।