উগান্ডা সরকার বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে চাষের জন্য কোনো জমি ইজারা দেওয়ার বিষয়ে সমঝোতা চুক্তির কথা অস্বীকার করেছে। তারা জমি ইজারা দিতে নয়, বরং উৎপাদন বাড়াতে প্রযুক্তির সহায়তা চায়।দেশটির কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন শস্যসম্পদ বিভাগের কমিশনার ওকাসাই অপোলটকে উদ্ধৃত করে সেখানকার দৈনিক মনিটর এ সংবাদ পরিবেশন করেছে গত শনিবার। এতে বলা হয়েছে, ওকাসাই বলেছেন, ‘(জমি বরাদ্দের) সংবাদটি মিথ্যা। সংবাদটি শুনে আমি বিস্মিত হয়েছি। কারণ, সরকার তাদের জমি দেওয়ার জন্য কখনো কোনো ব্যবস্থা নেয়নি।’এর আগে গত ১৭ মে বিবিসির এক সংবাদে বলা হয়, বাংলাদেশি দুটি কোম্পানি আফ্রিকার হাজার হাজার একর ফসলি জমি ইজারা নিয়েছে ভবিষ্যৎ খাদ্যঘাটতি মোকাবিলার ব্যবস্থা হিসেবে। বিবিসি আরও বলে, কোম্পানি দুটি ইতিমধ্যে চাষাবাদের জন্য উগান্ডা, তানজানিয়া ও গাম্বিয়ায় ইজারা চুক্তি স্বাক্ষর করেছে। পরিকল্পনা অনুসারে, উৎপাদিত ফসলের ৬০ শতাংশ বাংলাদেশ নেবে। বিনিময়ে বাংলাদেশ আফ্রিকার কৃষকদের বর্ষাকালীন ধান উৎপাদন, বীজ সংরক্ষণ ও সেচব্যবস্থায় প্রশিক্ষিত করবে।বিবিসির সংবাদে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ওয়াহিদুর রহমানকে উদ্ধৃত করা হয়। এতে তিনি বলেন, ‘আমাদের খাদ্যনিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই এই পরিকল্পনাটি আমরা নিয়েছি।’অন্যদিকে মনিটর-এর সংবাদে ওকাসাই অপোলট বলেন, উগান্ডায় বাংলাদেশের একটি মিশন এসেছিল জমি অধিগ্রহণ করে ফসল উৎপাদনের জন্য। কিন্তু কোনো চুক্তি হয়নি। বিনিয়োগকারীরা ১০ হাজার একর জমি চেয়েছিল ফসল উৎপাদনের পর তা রপ্তানি করতে, কিন্তু সরকারের কাছে এই জমি নেই।ওকাসাই বলেন, ‘আমরা তাদের খোলাখুলি বলেছি, আমাদের কোনো জমি নেই। তারা প্ররোচিত করতে চেয়েছিল, আমরা যেন একটি সমঝোতা চুক্তিতে (এমওইউ) স্বাক্ষর করি। এ অনুরোধ আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা শুধু বৈঠকটির একটি কার্যবিবরণীতে স্বাক্ষর করেছি।’এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. ওয়াহিদুর রহমান গতকাল রোববার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জমি ইজারার সম্ভাব্যতার বিষয়টি খতিয়ে দেখতে সরকারি প্রতিনিধিদল গত বছরের দ্বিতীয়ার্ধে ঘানা, লাইবেরিয়া, সেনেগাল ও আইভরি কোস্ট সফর করেছে। ওই প্রতিনিধিদলে আমিও ছিলাম। কিন্তু উগান্ডায় কোনো সরকারি প্রতিনিধিদল যায়নি। এ ছাড়া জমি ইজারার ব্যাপারে সে দেশের সঙ্গে সরকারিভাবে কোনো আলোচনা কিংবা যোগাযোগ হয়নি। এ পর্যন্ত যা হয়েছে, তা বেসরকারি উদ্যোগে হয়েছে। মূলত ঢাকায় উগান্ডার কনসাল জেনারেলের উদ্যোগেই বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদল কাম্পালা সফর করে।’জানা গেছে, দেশের নিটল গ্রুপ আফ্রিকায় জমি ইজারা নেওয়ার বিষয়ে অগ্রণী ভূমিকা রাখছে। উগান্ডার সংবাদপত্রের এই খবরটির বিষয়ে যোগাযোগ করা হলে গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা এমওইউ (সমঝোতা স্মারক) করতে চেয়েছিলাম। কিন্তু তাদের (উগান্ডা) কাছে এমওইউ হচ্ছে চুক্তি। এটা করলে তাদের আইনি বাধ্যবাধকতা তৈরি হয়। সে কারণে তারা রাজি হয়নি। পরবর্তী সময়ে বৈঠকের কার্যবিবরণীতে স্বাক্ষর করে তারা।’ তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম, একটা কিছু প্রমাণ, যাতে আমরা দেশের সরকারকে দেখাতে পারি, সরকারও যাতে আমাদের কিছু বৈদেশিক মুদ্রা বা মূলধন হিসাব ছাড় করতে অনুমোদন দেয়।’ এ বিষয়ে নিটল একটা আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ (ইওআই) করে বলে জানান আবদুল মাতলুব। নিটলের চেয়ারম্যান জানান, তাঁরা উগান্ডার বেসরকারি খাতের কাছ থেকে জমি নিতে চেয়েছিলেন, এমন বেশ কিছু প্রস্তাবও তাঁর কাছে আছে।তবে ওকাসাই অপোলট এ বিষয়ে মনিটরকে বলেন, বাংলাদেশিরা হয়তো বেসরকারি খাতের কাছে জমি চেয়ে থাকতে পারে। কিন্তু যদি সেভাবেও কিছু হতো, সরকার তা জানত। ওকাসাই আরও বলেন, মন্ত্রণালয় পরিষ্কারভাবেই আগ্রহী বিনিয়োগকারীদের বলেছে, তাদের দেশ প্রযুক্তি নেওয়ার বিষয়টিকেই অগ্রাধিকার দিচ্ছে, যা তাদের খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করতে পারে। কিন্তু চাষাবাদের জন্য কোনো মানুষকে আনা হবে না।মনিটর-এর সংবাদে বলা হয়েছে, উগান্ডা বর্তমানে ৬০ হাজার মেট্রিক টন ধান উৎপাদন করে, যা তাদের দেশের জন্য যথেষ্ট মনে করে মন্ত্রণালয়।এদিকে মাতলুব আহমাদ জানান, আফ্রিকার জমি ইজারার বিষয়ে গত বৃহস্পতিবার উপদেষ্টা মসিউর রহমানের নেতৃত্বে আফ্রিকার জমি ইজারা নেওয়ার বিষয়ে করণীয় নির্ধারণে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। সূত্র জানায়, টাস্কফোর্সে সরকারের অর্থ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি নেওয়ার কথা রয়েছে।এ বিষয়ে শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ বলেন, শুধু উগান্ডা নয়, গোটা আফ্রিকাতেই যদি কোনো ফসলি জমি ইজারা নেওয়ার সুযোগ থাকে, তাহলে সেখানে দেশের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে চান। তিনি বলেন, কিন্তু এই জমি নেওয়ার ক্ষেত্রে দুই ধরনের সমস্যা আছে। মূলধন হিসাব উন্মুক্ত করা এবং এই উন্নয়ন করে সেখানে চাষাবাদের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সংস্থান দরকার, যা বেসরকারি খাতের পক্ষে এককভাবে করা সম্ভব নয়। তিনি সরকারকে এগিয়ে এসে আফ্রিকায় ফসলি জমির ইজারা নেওয়া ও এর অবকাঠামো উন্নয়নে সহায়তা দেওয়ার আহ্বান জানান।উল্লেখ্য, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক আফ্রিকায় ফসলি জমি ইজারা নেওয়ার পরিকল্পনায় বিরোধিতা করছে। কেন্দ্রীয় ব্যাংক মনে করে, আফ্রিকার বিভিন্ন দেশে ফসলি জমি ইজারা নেওয়ার চিন্তাটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ।এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, এই মুহূর্তে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে যে চাপ তৈরি হয়েছে, তাতে দ্রুত এই জমি ইজারা নেওয়ার মতো সমাধান এখনই সম্ভব নয় বলে মনে হয়।