জমি কিনতে ব্যাংক আর ঋণ দেবে না
জমি কেনা বাবদ ব্যাংক ঋণ বিতরণের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর ফলে জমি কিনতে এখন থেকে আর কোনো ব্যাংক ঋণ পাওয়া যাবে না।কেন্দ্রীয় ব্যাংক গতকাল মঙ্গলবার এক সার্কুলারে এই নির্দেশ জারি করেছে। তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এই সার্কুলারে জমি কেনার জন্য গ্রাহকদের কোনো ধরনের ঋণ বা এ খাতে বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়েছে।এতে বলা হয়েছে, জমি কেনার জন্য ব্যাংকগুলো থেকে ঋণ বিতরণের পরিমাণ দিন দিন বাড়ছে। ঋণ বৃদ্ধি পাওয়া এবং জমির চাহিদা বেড়ে যাওয়ায় জমির মূল্যও অস্বাভাবিকভাবে বাড়ছে। অন্যদিকে ব্যাংক থেকে এরূপ অনুত্পাদনশীল খাতে ঋণের প্রবাহ বাড়ায় অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক জমি কিনতে ব্যাংকগুলোকে কোনো ধরনের ঋণ বিতরণ না করার পরামর্শ দিয়েছে।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০০৮ সালে ব্যাংকগুলো জমি কিনতে গ্রাহকদের মোট ঋণ দেয় ২৯১ কোটি টাকা। ২০০৯ সালে তা বেড়ে ঋণের পরিমাণ দাঁড়ায় ৪০৪ কোটি টাকা। তবে প্রকৃত অর্থে জমি কেনার জন্য ঋণের পরিমাণ আরও বেশি। কেননা অন্য খাতের নামে ঋণ নিয়েও অনেকে জমি কিনতে তা ব্যয় করছে এমন তথ্যও রয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ইদানীং একটা প্রবণতা লক্ষ করা গেছে যে ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেকেই জমি কিনে রাখছেন। জমির চাহিদা দিন দিন বাড়ার কারণে কিছুদিন পর এই জমির দাম অনেক বেড়ে যায়। ঋণ গ্রহণকারী তখন জমিটি বিক্রি করে দেন। অন্যান্য কারণের পাশাপাশি বিশেষত ঢাকা ও আশপাশের এলাকায় এই প্রক্রিয়ার কারণে জমির দাম যে হারে বেড়ে যাচ্ছে তা অস্বাভাবিক।জমি কেনা-বেচার এই প্রবণতা অর্থনীতির উত্পাদনশীলতার সঙ্গে সম্পর্কিত নয় বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে। বাংলাদেশ ব্যাংকের প্রস্তুত সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদন তথ্যে বলা হয়েছে, নিকট ভবিষ্যতে মূল্যস্ফীতির ওপর যেসব উপাদান চাপ সৃষ্টি করতে পারে, তার মধ্যে জমির মূল্য অন্যতম।