জমি কেলেঙ্কারি: চার জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত
দার্জিলিংয়ে জমি কেলেঙ্কারির সঙ্গে জড়িত চার সামরিক জেনারেলের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নিতে যাচ্ছেন সেনাবাহিনীর প্রধান দীপক কাপুর। ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি টাইমস অব ইন্ডিয়াকে এ কথা জানান। সেনাবাহিনীর ৩৩ ডিভিশন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল পি কে রথ, সামরিক বাহিনীর সচিব লেফটেন্যান্ট জেনারেল অভয়দেশ প্রকাশ, ১১ কর্পস কমান্ডার রমেশ হালগালি ও মেজর জেনারেল পি সেনকে কারণ দর্শানোর নোটিশ পাঠাবেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান। গত মঙ্গলবার রাতে সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রতিবেদন পেয়েছে। প্রতিবেদনে সেনাবাহিনীর প্রধান দীপক কাপুর বলেন, তিনি তাঁর কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে সেনাবাহিনীর প্রধানের প্রতিবেদন কেবল এসে পৌঁছেছে। এ ব্যাপারে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয়। অ্যান্টনি আরও বলেন, এ প্রতিবেদনের ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও পর্যালোচনা করতে হবে।