জমি দখল মামলায় বসুন্ধরার মালিকের জামিন
জমি দখল, মাটি ভরাট, ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণার অভিযোগে দায়েরকৃত আরও চারটি মামলায় জামিন পেয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম। আজ রোববার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে শাহ আলম আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন।সকাল সাড়ে ১০টায় আহমেদ আকবর সোবহানের আইনজীবী ফজলে নূর তাপস, সৈয়দ রেজাউর রহমান, কাজী নজিবুল্লাহ ও শাহ আলমকে নিয়ে পৃথক তিন হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।২০০৭ সালে বাড্ডা থানায় বিভিন্ন সময় জমি দখল, মাটি ভরাট, ভয়ভীতি প্রদর্শন ও প্লট না বুঝিয়ে টাকা আত্মসাতের অভিযোগে মামলাগুলো করা হয়।২০০৭ সালের ২৪ ফেব্রুয়ারি বাড্ডা এলাকার বাসিন্দা হাজেরা পারভীন বাদী হয়ে আহমেদ আকবর সোবহানের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ক্রয়সূত্রে মালিক হাজেরা পারভিনের সাড়ে ১৭ শতাংশ জমিতে আহমেদ আকবর সোবহানের লোকজন ৪২টি সীমানা পিলার চুরি করে নিয়ে যায়। এতে হাজেরার তিন লাখ ৪৫ হাজার টাকার ক্ষতি হয়। কিন্তু আহমেদ আকবর সোবহান পলাতক থাকায় এ মামলায় ২০০৯ সালের ১৮ মার্চ অভিযোগ গঠন করা হয়। এ মামলায় ২০০৭ সালের ২৭ সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।আহমেদ আকবর সোবহানের আইনজীবী ফজলে নূর তাপস আদালতকে বলেন, তাঁর মক্কেল (আহমেদ আকবর সোবহান) বিদেশে থাকাকালে এ মামলা করা হয়েছে। আর বসুন্ধরার মালিকের বিরুদ্ধে মাটি ও বালু চুরির অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক। মহানগর হাকিম শাহাদাত হোসেন এ পর্যায়ে আহমেদ আকবর সোবহানের জামিন মঞ্জুর করেন। আহমেদ আকবর সোবহানের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অভিযোগের বিষয়টি পড়ে শোনান। এ সময় আহমেদ আকবর সোবহান নিজেকে নির্দোষ দাবি করেন।২৬ আগস্ট এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। এ মামলার অভিযোগে বলা হয়, আপনার বিরুদ্ধে জমিতে বিনা অনুমতিতে প্রবেশ করে মাটি, বালু ও ৪২টি সীমানা পিলার চুরির অভিযোগ আনা হয়েছে। আপনি দোষী না নির্দোষ। এ সময় কাঠগড়ায় দাঁড়ানো আহমেদ আকবর সোবহান বলেন, ‘আমি বিদেশে ছিলাম। আমি নির্দোষ।’পরে বাড্ডা এলাকায় কাঁঠালদিয়া মৌজায় ৪৭ শতাংশ জমি দখল করে ক্ষতিসাধনের অভিযোগে দায়ের করা অন্য আরেকটি মামলায় আহমেদ আকবর সোবহান মহানগর হাকিম দিলারা আলো চন্দনার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ২০০৭ সালের ২৪ ফেব্রুয়ারি বাড্ডা এলাকার বাসিন্দা কমান্ডার কাজী সরোয়ার হোসেন এ মামলা করেন। শুনানিকালে মহানগর হাকিম আহমেদ আকবর সোবহানের আইনজীবীর কাছে জানতে চান আসামি পলাতক ছিলেন কি না?জবাবে সৈয়দ রেজাউর রহমান বলেন, যখন মামলা করা হয় তখন আহমেদ আকবর সোবহান বিদেশে ছিলেন। মামলার বিষয়ে তিনি জানতেন না। জানার পর তিনি জামিন চাইলে হাইকোর্ট তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন এবং এ মামলায় আহমেদ আকবর সোবহানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২৯ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৭ সেপ্টেম্বর এ মামলায় আহমেদ আকবর সোবহানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বাড্ডা থানায় দায়ের করা আরও দুটি মামলায় মহানগর হাকিম রাশেদ কবীরের আদালতে আহমেদ আকবর সোবহান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। জমি দখল ও জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য চাপ ও জীবননাশের ভয়ভীতি দেখানোর অভিযোগে গাজী ওবায়দুল কবীর ২০০৭ সালের ২৫ এপ্রিল শাহ আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০০৭ সালের ৬ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ২৭ সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অন্যদিকে এম এ মালেক নামের এক প্রবাসী ইস্ট ওয়েস্ট ডেভেলপমেন্ট লিমিটেডের জোয়ার সাহারা মৌজায় আবাসিক প্রকল্পের ১০ কাঠা করে দুটি প্লট কেনার জন্য চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ৪০ লাখ টাকার মধ্যে ৩০ লাখ টাকা বসুন্ধরাকে বুঝিয়ে দেন। কিন্তু বসুন্ধরা প্লট না বুঝিয়ে দিয়ে ওই টাকা আত্মসাত্ করে। এ অভিযোগে বাড্ডা থানায় একটি মামলা করা হয়। এ মামলায় ২০০৭ সালের ৬ সেপ্টেম্বর অভিযোগপত্র দেওয়া হয়। আদালত ২৭ সেপ্টেম্বর অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।