জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত
সাভারের ভাকুরতরা ইউনিয়নের চুনারচর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে মনির ও টুটুল নামের দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে ২০ জন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, লিটন ও তাঁর আত্মীয় আবদুল মতিনের মধ্যে আট শতাংশ জমি নিয়ে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিল। জমিটি ছিল মতিনের দখলে। কিছুদিন আগে লিটন ওই জমি ক্রয় করেছে দাবি করে তিনি আজ লোকজন নিয়ে জমির দখল নিতে যান। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং একপর্যায়ে লিটনের লোকজন মতিনের লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মনির হোসেন ঘটনাস্থলেই মারা যায়। পরে মতিনের লোকজন লাঠি, বল্লম, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে লিটনের পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় দায়ের কোপে টুটুল নামের একজন গুরুতর আহত হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান। টুটুলের বাড়ি আমিনবাজারের বড়দেশী গ্রামে।