জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নওগাঁয় যুবক নিহত
নওগাঁ সদর উপজেলার দোগাছি গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাব্বী (২৫) নামের এক যুবক নিহত ও চারজন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আজম (২৩) ও রেজাউল ইসলামকে (৫০) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নওগাঁ সদর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ কবির জানান, দোগাছি গ্রামের রেজাউল ইসলাম ও তাঁর ভাগনে আজমের মধ্যে সম্পত্তি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে আজম তাঁর চাচাতো ভাই রাব্বীকে নিয়ে গ্রামের একটি জমির দখল নিতে যান। খবর পেয়ে রেজাউল ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে আজম ও রাব্বী রেজাউলকে মারধর করেন। পরে রেজাউলের পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ফলা নিয়ে রাব্বী ও আজমের ওপর চড়াও হয়। এ সময় সংঘর্ষে পাঁচজন আহত হয়। গ্রামবাসী আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে চিকিত্সাধীন অবস্থায় রাব্বীর মৃত্যু হয়। এ ব্যাপারে রাব্বীর বাবা সাইফুর ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।