জমি দখলের অভিযোগ, সাংসদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর সরকারি বাঙলা কলেজের জমি দখলের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়ে ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৬ মে তাঁকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে এই আদেশ দেন। গত ৫ মে একটি দৈনিকে ‘বাংলা কলেজের চার বিঘা জমি এমপি আসলামের দখলে’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদন যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে জনস্বার্থে আজ সকালে একটি রিট করা হয়। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনের পক্ষে রিটটি করা হয়। আদালত এ বিষয়ে প্রাথমিক শুনানি নিয়ে ওই নির্দেশনার পাশাপাশি রুলও জারি করেন। রুলে অবৈধ ও জোর করে দখলে থাকা সরকারি বাঙলা কলেজের চার একর জমি রক্ষায় বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি জমি পুনরুদ্ধারের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। আদালতে স্বরাষ্ট্র, ভূমি, শিক্ষাসচিব ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসলামুল হকসহ সাতজন বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।