সরকারি বাঙলা কলেজের ভূমি ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক দখল করেছেন কি না, তা তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।কমিটিতে ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ও আইনসচিব মনোনীত একজন উপসচিবকে রাখতে বলা হয়েছে। কমিটিকে আগামী ১৫ জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ১৬ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত ওই দিন সাংসদ আসলামুল হক, কলেজের অধ্যক্ষ এস এম মকফুল হোসেন ও সংশ্লিষ্ট প্রতিবেদক মতিন আবদুল্লাহকে হাজির হতে বলেছেন।একই সঙ্গে আদালত কমিটিকে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলতে বলেছেন। ৫ মে একটি দৈনিকে ‘বাঙলা কলেজের চার বিঘা জমি এমপি আসলামের দখলে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ একটি রিট আবেদন করেন। রিটের ওপর শুনানি নিয়ে আদালত সাংসদ আসলামুলকে আজ হাজির হওয়ার নির্দেশ দিয়ে রুল জারি করেন।৫ মে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের নেতা ও ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজের প্রায় চার বিঘা জমি নিজ কোম্পানি মায়িশা গ্রুপের নামে দখলে নিয়েছেন। ব্যক্তিমালিকানাধীন কিছু জমির সঙ্গে কলেজের জমি মিশিয়ে এর মধ্যে মায়িশা গ্রুপের সাইনবোর্ড টাঙানো হয়েছে। আজ এক ঘণ্টার বেশি শুনানিতে অংশ নিয়ে আসলাম বলেন, ‘কোনো ব্যক্তি যদি বলতে পারে আমি এক শতাংশ জায়গাও দখল করেছি, তাহলে আমি রাজনীতি করব না। সংসদ সদস্য পদ ছেড়ে দেব বলে অঙ্গীকার করব।’ রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘আইনের চোখে সবাই সমান। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সংবিধানে যা আছে, তাই করতে হবে। সম্পত্তি যদি কেউ আত্মসাত্ করে থাকে সেটা রক্ষার জন্যই আমরা আদালতে এসেছি। এই কথা বলতে আসেনি, যে দোষী সাব্যস্ত করে সাজা দেন।’ মনজিল মোরসেদ অভিযোগ তদন্তে কমিটি গঠনের আরজি জানান। আসলামের আইনজীবী মতিন খসরু বলেন, বাঙলা কলেজের জায়গায় আসলামের কোনো জমি পাওয়া যায়নি। প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন। কলেজ কর্তৃপক্ষ বা গভর্নিং বডি বলেননি আসলামুল হক জায়গা দখল করেছেন।আরেক আইনজীবী নুরুল ইসলাম বলেন, ‘তাঁর (আসলাম) বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এটির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই। অভিযোগের পক্ষে প্রতিবেদন ছাড়া আর কোনো কাগজ নেই।’