জমি নিয়ে বিরোধে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ফুকা হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, চৈতন্যপুরে জমি নিয়ে ফুকা হোসেনের সঙ্গে তাঁর চাচাতো ভাই ইব্রাহিম ও নুরুল হুদার দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। আজ দুপুরে বিষয়টি আপস-মীমাংসার জন্য দুই পক্ষই একটি বৈঠকে বসে। বৈঠকে উভয় পক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ফুকা হোসেন নিহত এবং পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।