জমি নিয়ে বিরোধে যশোরে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলার আফরা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আল রাসেল ওরফে সোহাগ (১৯) নামের এক যুবক খুন হয়েছেন। পুলিশ এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে। সোহাগ ২০০৯ সালে এইচএসসি পাস করেন। গত বছর তিনি স্নাতক শ্রেণীতে ভর্তির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করেও ভর্তি হতে পারেননি। এবার আবার তিনি ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, উপজেলার সলুয়া বাজারের ৭২ শতাংশ জমি নিয়ে সোহাগদের পরিবারের সঙ্গে স্থানীয় মঙ্গল আহমেদের পরিবারের বিরোধ ছিল। এই বিরোধ নিয়ে প্রায়ই দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটি হতো।গত বৃহস্পতিবার রাতে মঙ্গল আহমেদ এবং তাঁর চার ছেলে মামুন, লিটন, টিটু ও মিন্টুর নেতৃত্বে একদল সন্ত্রাসী চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে সোহাগদের বাড়িতে গিয়ে তাঁকে কুপিয়ে জখম করে। এ সময় সোহাগের চাচাতো ভাই মোক্তার আলী ও আব্বাস আলী তাঁকে বাঁচাতে গেলে তাঁদেরও কুপিয়ে জখম করা হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সোহাগ মারা যান। এদিকে যশোর জেনারেল হাসপাতালে অবস্থার অবনতি ঘটলে আব্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মোক্তারকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ রাতেই সোহাগের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার দুপুরে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় সোহাগের চাচা রুস্তম আলী স্থানীয় পানিসরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান, মঙ্গল আহমেদ ও তাঁর চার ছেলেসহ ১৬ জন এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে চৌগাছা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর খান জানান, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গতকাল মামলার এজাহারভুক্ত ছয় আসামি মন্টু (৩০), শাহিন (২৫), মোফাজ্জেল (৩২), মোস্তফা ভূঁইয়া (৪০), জামাল (৩২) ও অজ্ঞাত আরও একজনকে গ্রেপ্তার করেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, ইউপি চেয়ারম্যানসহ পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।