জমি নিয়ে বিরোধের জেরে বাগমারায় গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে নাদিরা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে আজ রোববার জবাই করে হত্যা করা হয়েছে। গৃহবধূকে রক্ষা করতে গিয়ে স্বামী ইদ্রিস আলী (৫২) ও ছেলে মনিরুল (২৩) ধারাল অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। তাঁদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, উপজেলার মোহাম্মদপুর গ্রামের ইদ্রিস আলী ও তাঁর ভাই ইব্রাহিমের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ইব্রাহিম গতকাল শনিবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে বেড়া নির্মাণ করেন। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে ইদ্রিসের লোকজন বেড়াটি সরিয়ে দেন। এ খবর জানতে পেরে ইব্রাহিম ও তাঁর লোকজন সকালে ধারাল অস্ত্র নিয়ে ইদ্রিসের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁদের বাধা দিতে এগিয়ে গেলে নাদিরা বেগমকে জবাই করে হত্যা করা হয়। নাদিরাকে রক্ষায় এগিয়ে গেলে তাঁর স্বামী ও ছেলেকেও অস্ত্র দিয়ে কোপানো হয়। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জমি নিয়ে বিরোধের জেরে গৃহবধূ খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কেউ মামলা করেননি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।